বস্তি থেকে সিঙ্গাপুর!
সংবাদ সম্মেলনের শেষদিকে মাইক্রোফোনের সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো ছোট্ট হূদয় হোসেনকে। ‘হূদয় তুমি কি জান তোমরা কোথায় যাচ্ছ?’ দশ-এগারো বছর বয়সী ছেলেটি ইংরেজিতে বলল, ‘ইয়েস উই নো। উই আর গোয়িং টু সিঙ্গাপুর!’পাঁচ বছর আগে গাবতলী থেকে কুড়িয়ে পাওয়া, বাংলাদেশের বস্তির ছিন্নমূল একটা শিশু ভরা সংবাদ সম্মেলনে ইংরেজিতে উত্তর দেবে, এটা অনেকের কাছেই বিস্ময়ের। সেই হূদয় এখন সমবয়সী বন্ধুদের নিয়ে যাচ্ছে সিঙ্গাপুর, ফুটবল খেলতে! বাংলাদেশ দলের অধিনায়কও সে। এ যেন রূপকথার গল্পকেও ছাপিয়ে যাওয়া।আরও সাত সতীর্থ মোশারফ, আকাশ, স্বপ্ন, রাজু, সাবের আর সুজন নামের দুই শিশুও সঙ্গী হচ্ছে অন্য রকম এই যাত্রায়। যাদের মূল পরিচয়, তারা অনাথ। মিরপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা স্ট্রিট চিলড্রেন পার্টনারস বাংলাদেশের আশ্রিত এই শিশুদের জীবনে আগামী কয়েকটা দিন হাসি-আনন্দে কাটার কথা। সিঙ্গাপুরে সকার সিক্সেস ২০১০ ফুটবল টুর্নামেন্ট তাদের দিচ্ছে ‘বিদেশ ঘুরে আসার আনন্দ’।কেউ বাবা-মায়ের নাম বলতে পারে, কেউ পারে না। বাড়িঘর কোথায় জানে না। তাদের ঠিকানা এখন স্ট্রিট চিলড্রেন পার্টনারস। প্রতিষ্ঠানটির একজন কর্মী জানালেন, এদের ছয়জনকে ঢাকার কমলাপুর রেলস্টেশন, মিরপুর মাজার, কারওয়ান বাজার, সদরঘাট এলাকায় কুড়িয়ে পাওয়া গেছে। দুজনের ঠিকানা ছিল বস্তি।সেই বস্তি থেকেই ঘুরল জীবনের মোড়। আগামীকাল এরা বিমানে উঠবে। সিটবেল্ট বাঁধবে। এত দিন যেটা ছিল তাদের কাছে স্রেফ স্বপ্ন। আকাশে ওড়ার অপেক্ষায় থাকা দশ বছর বয়সী আকাশ যেমন বলল, ‘বিমান দেখব! বিমানে ওঠার অনেক শখ আমার!’এই শখটা পূরণ করছে সিঙ্গাপুর ক্রিকেট ক্লাব। তাদের আয়োজনে বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ডসহ ৮টি দেশের এতিম শিশুদের দু দিনের ফুটবল উৎসব হচ্ছে ৯-১০ এপ্রিল। বাংলাদেশের দলটিকে আর্থিক সহায়তা দেবে সিটিসেল। কাল তারাই অনির্বচনীয় আনন্দে ভাসতে থাকা এই শিশুদের নিয়ে এল বাফুফে ভবনে। উপহার দিল, ছবি তুলল। তা পেয়ে ৯-১০ বছরের ছেলেদের কী যে আনন্দ!সিটিসেলের প্রধান অপারেটিং অফিসার ডেভিড লি, বিপণন ও যোগাযোগ বিভাগের উপব্যবস্থাপক আতিক আকবর, স্ট্রিট পার্টনারসের ক্লেয়ার স্টুয়ার্ট, মাহমুদা আক্তার প্রমুখ কর্মকর্তা শুভেচ্ছা জানালেন প্রত্যেককে।শুভকামনাও থাকল। হূদয় বলল, সে বড় ফুটবলার হতে চায়। আদ্রিয়ানো-রোনালদো-তেভেজদের উঠে আসার গল্পটা মনে রাখলে কে বলতে পারে, এদের কেউ একদিন বিখ্যাত হবে না!