বহিষ্কারের মুখে রাজস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলটি বাজিমাত করেছিল প্রথমবারেই। আইপিএলে প্রথম আসরের সেই শিরোপাজয়ী রাজস্থান রয়্যালসের অস্তিত্বই এখন হুমকির মুখে! আইপিএল থেকেই বহিষ্কৃত হতে পারে রাজস্থান। হাতকড়া উঠতে পারে অন্যতম মালিক রাজ কুন্দ্রার হাতেও। এরই মধ্যে যুক্তরাজ্যপ্রবাসী ব্যবসায়ী কুন্দ্রার পাসপোর্ট জব্দ করেছে দিল্লি পুলিশ।ভারতের টেস্ট পেসার শ্রীশান্তসহ রাজস্থানের তিন ক্রিকেটার স্পট ফিক্সিংয়ের অভিযোগে হাজতবাস করছেন। দলটার যৌথ মালিক রাজ কুন্দ্রার বিরুদ্ধেও ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ উঠেছে। বলিউড অভিনেত্রী রাজস্থানের আরেক মালিক শিল্পা শেঠির স্বামী কুন্দ্রা এরই মধ্যে পুলিশের কাছে স্বীকার করেছেন, আইপিএলের অনেক ম্যাচে বাজি ধরেছিলেন তিনি। সব মিলিয়ে রাজস্থানের সামনে এখন আইপিএল থেকেই বাদ পড়ার শঙ্কা। আগামী পরশু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) জরুরি বৈঠকে ভাগ্য নির্ধারিত হতে পারে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন দলটির।নিষেধাজ্ঞার মুখে আগেও একবার পড়েছিল রাজস্থান, সেটা অবশ্য মালিকানা-সংক্রান্ত জটিলতায়। ২০১০ সালে আদালতের রায়ে সেবারের মতো বেঁচে যায় দলটি।একসময়কার দলের এমন দুরবস্থায় হতভম্ব শেন ওয়ার্ন। প্রথমবার রাজস্থান শিরোপা জিতেছিল ওয়ার্নের অধিনায়কত্বেই। গত পরশু চ্যাম্পিয়নস ট্রফির ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখতে কার্ডিফে ছিলেন অস্ট্রেলিয়ান স্পিন কিংবদন্তি। কুন্দ্রার স্বীকারোক্তির প্রতিক্রিয়ায় ওয়ার্নের তাৎক্ষণিক মন্তব্য, ‘তাই বলে রাজ? আপনারা ঠাট্টা করছেন না তো?’ এএফপি, ওয়েবসাইট।