বহিষ্কৃত মোদি
ভারতীয় ক্রিকেটে তিনি ‘অচ্ছুত’ বেশ কিছু দিন ধরেই! তবে সশরীরে না হলেও কাগজে-কলমে ঠিকই বিসিসিআইতে ছিলেন লোলিত মোদি। ‘ছিলেন’ বলতে হচ্ছে, কারণ গতকালই ভারতীয় বোর্ডের বিশেষ সাধারণ সভায় বহিষ্কার করা হয়েছে মোদিকে। এর মাধ্যমেই ভারতীয় ক্রিকেট প্রশাসনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুকেবুকে গেল তাঁর সম্পর্ক।
চেন্নাইয়ে কাল বেলা দুইটায় সভা শুরুর পর খুব দ্রুতই সিদ্ধান্ত হয়ে যায় মোদির বিষয়ে। বহিষ্কারাদেশটা আসলে ত্বরান্বিত করেছেন মোদি নিজেই। এই বিশেষ সাধারণ সভায় উপস্থিত থাকার জন্য সপ্তাহ দুয়েক ধরেই নানা তৎপরতা চালাচ্ছিলেন মোদি, আদালতের আশ্রয় নিয়ে সভা স্থগিতের চেষ্টাও করেছেন। গতকালই সভা অনুষ্ঠানের রায় দেন সুপ্রিম কোর্ট, এরপরই নেওয়া হয় ত্বরিত সিদ্ধান্ত। ‘বিভিন্ন ধরনের শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণের’ আটটি অভিযোগে সাবেক আইপিএল চেয়ারম্যানকে দোষী সাব্যস্ত করেছে বিসিসিআইয়ের শৃঙ্খলা কমিটি। এই বহিষ্কারাদেশের ফলে ভবিষ্যতে আর কখনোই বোর্ডে কোনো ধরনের পদ পাওয়া না-ও হতে পারে মোদির। ওয়েবসাইট।