বহু আগে তারা অনুভব করেছিলেন সেই স্পন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদেক সে ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন পূর্ব পাকিস্তান দলকে। ছবি: প্রথম আলো
সাদেক সে ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন পূর্ব পাকিস্তান দলকে। ছবি: প্রথম আলো

আবদুস সাদেকের কণ্ঠ আজও বাষ্পরূদ্ধ হয়ে ওঠে সে দিনটির কথা মনে হলে। ৪৬ বছর হয়ে গেলেও সে দিনটির আবেগ-উচ্ছ্বাস আজও অনুভব করেন। জীবনের এই গোধূলি বেলায় এসেও। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আপ্লুত হয়ে ওঠেন সেই ম্যাচটির কথা মনে করে। অথচ সেই ম্যাচটিতে তিনি ও তাঁর দল হেরেই গিয়েছিল।
একটি হেরে যাওয়া ম্যাচ নিয়ে আবদুস সাদেকের এমন আবেগ, এত আনন্দ-স্মৃতি! সাদেক হাসেন। বললেন, ‘কেন এত আবেগ, সেটি এই প্রজন্মকে ঠিক বলে বোঝানো যাবে না। ওটা যে ছিল বাঙালি হকি খেলোয়াড়দের অস্তিত্বের লড়াই। তাতে হেরে গেলেও ম্যাচটি প্রমাণ করেছিল বাঙালি হকি খেলোয়াড়দের সামর্থ্য। যে ম্যাচটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল অন্য সব খেলার মতো হকিতেও বাঙালি খেলোয়াড়দের প্রতি পাকিস্তানি শাসক-চক্রের বৈষম্যের মাত্রা।
সময়টা ১৯৭০ সাল। রাজনৈতিকভাবে উত্তাল সে সময়। বাঙালির স্বাধিকারের চেতনা তখন তুঙ্গে। গণঅভ্যূত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারি শাসক আইয়ুব খানের পতনের পর গোটা পাকিস্তান তখন অপেক্ষা করে আছে সাধারণ নির্বাচনের। বাঙালিরা উন্মুখ নিজেদের অস্তিত্বের পক্ষে রায় দেওয়ার জন্য, নিজেদের অধিকার প্রতিষ্ঠা। ঠিক এমন একটা সময়ই ঢাকায় এল পাকিস্তান জাতীয় হকি দল। এশিয়ান গেমস খেলতে ব্যাংকক যাওয়ার আগে তাদের লক্ষ্য পূর্ব পাকিস্তান প্রাদেশিক দলের বিপক্ষে একটি প্রস্তুতিমূলক ম্যাচে মাঠে নামা।
আবদুস সাদেক জানালেন, ‘যে সময় পাকিস্তান জাতীয় হকি দল ঢাকা এসেছিল, সময়টা ঠিক হকি মৌসুম ছিল না। ডিসেম্বর মাসে সাধারণত ঢাকায় ক্রিকেটটা অনুষ্ঠিত হত। পাকিস্তান জাতীয় দল পূর্ব পাকিস্তান প্রাদেশিক দলের সঙ্গে ম্যাচ খেলবে শুনে একটু ঘাবড়েই গিয়েছিলাম। সমস্যাটা ছিল ১১ জন খেলোয়াড়কে এক সঙ্গে করা। খেলোয়াড়দের খেলার মধ্যে না থাকাও একটা বড় সমস্যা ছিল।’
পূর্ব পাকিস্তান দলের একাদশ বানানোই যখন সমস্যা তখন ‘সাহায্যে’র প্রস্তাব নিয়ে এগিয়ে এলেন পকিস্তান জাতীয় হকি দলের ম্যানেজার। তিনি বলেছিলেন, দরকার হলে বেঞ্চ থেকে কয়েকজন খেলোয়াড় দিচ্ছি। এগারো জন্য নেই তো কী হয়েছে। একটা দল বানালেই হলো। প্রস্তুতিমূলক ম্যাচ খেলাটাই মূল লক্ষ্য আমাদের।
আবদুস সাদেক বলেন, ‘ম্যানেজারের এই প্রস্তাবটা কিন্তু আমাদের তাতিয়ে দিয়েছিল। মনে মনে প্রতিজ্ঞা করছিলাম, মাঠে নেমে দেখিয়ে দেওয়ার। এগারো বাঙালি হকি খেলোয়াড়কে নিয়েই একটা দল দাঁড় করানো গেল।’ 

দলটিতে কারা কারা ছিলেন। আবদুস সাদেক ক্ষমা চেয়ে নিলেন, সবার নাম মনে করতে না পারার কারণে, ‘আসলে বয়স হয়ে গেছে। ঘটনাটাও ৪৬ বছর আগের। ওই দলের প্রতিটি খেলোয়াড়ের নাম আমার মনে রাখা উচিত ছিল। দুর্ভাগ্যের বিষয় দুই-একজন খেলোয়াড়ের নাম আমি নিশ্চিত করে মনে করতে পারি না। আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।’
সাদেকের সঙ্গে পূর্ব পাকিস্তান দলে খেলেছিলেন শামসুল বারী, প্রতাপ শংকর হাজরা, সাব্বির ইউসুফ, মোহাম্মদ মহসিন, ইব্রাহিম সাবের, আশিকউল্লাহ কায়েস, আবদুর রাজ্জাক সোনা মিয়া প্রমুখ। সোনা মিয়া হচ্ছেন বাংলাদেশ জাতীয় হকি দলের তারকা রাসেল মাহমুদ জিমির বাবা।
পাকিস্তান জাতীয় দল সে সময় ছিল বিশ্বের অন্যতম সেরা। ১৯৬৮ সালে মেক্সিকো অলিম্পিকে সোনার পদক জয়ী পাকিস্তান দলে ছিলেন বিশ্বসেরা সব হকি তারকারা—তানভীর দার, রশীদ জুনিয়র, আখতারুল ইসলাম, সাঈদ আনোয়ার, রিয়াজ, ফজল, খালিদ মাহমুদ, ইসলাহউদ্দিন, আসাদ মালিক, জাহাঙ্গীর বাটরা। পূর্ব পাকিস্তান প্রাদেশিক দলের চেয়ে কত কত এগিয়ে।
ঢাকা স্টেডিয়ামে (এখনকার বঙ্গবন্ধু স্টেডিয়াম) সে বিকেলে দর্শকের ঢল নেমেছিল। রাজনৈতিক আবহের কারণেই খেলাটা যেন হয়ে উঠেছিল পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ। আবদুস সাদেকের মতে, ‘নিছক একটি প্রস্তুতিম্যাচের কোনো পরিবেশই ছিল না। গ্যালারির আওয়াজ শুনেই বুঝতে পেরেছিলাম দর্শকেরা আমাদের কাছে কী চায়। তারা চায় লড়াই। তারা চায় পূর্ব পাকিস্তানের বাঙালি হকি খেলোয়াড়েরা যেন মেক্সিকো অলিম্পিকজয়ী পশ্চিম পাকিস্তানি (নিরারব্বই শতাংশই পাঞ্জাবি) খেলোয়াড়দের সামনে নিজেদের সামর্থ্যের পুরোটা ফেলে দেয়।’
‘পূর্ব পাকিস্তান দলের ওপর সেদিন অলৌকিক কিছুই ভর করেছিল’—বলে যান সাদেক। শক্তি বা সামর্থ্যে ঢের পিছিয়ে থাকা একটা দল প্রতিটা মুহূর্তে নিজেদের উজাড় করে দিয়েছে। প্রতিটি খেলোয়াড় নিজেদের ছাপিয়ে গেছেন মাঠের লড়াইয়ে। সাদেক বলছিলেন, ‘আমার মনে আছে ম্যাচের বেশির ভাগ সময় পার হওয়ার পরও গোল করতে না পেরে পাকিস্তানি খেলোয়াড়েরা বেসামাল হয়ে পড়েছিল। ম্যাচ শুরুর আগে ওরা হয়তো ভেবেছিল, খেলাটা খুব সহজেই জিতে যাবে তারা। সোনা মিয়া সেদিন জীবনের সেরা খেলাটা খেলেছিল। রাইট হাফ মোহাম্মদ মহসিন ও লেফট হাফ সাব্বির ইউসুফ নিজেদের দুর্দান্ত স্টিকওয়ার্ক দিয়ে ব্যতিব্যস্ত করে দিচ্ছিলেন পাকিস্তান দলের রক্ষণভাগ। আমাদের দুর্ভাগ্য আমরা গোল পাইনি।’
পাকিস্তান জাতীয় দলও বুঝে গেল, নিছক প্রস্তুতি ম্যাচ আর এটা নয়। তাঁরাও হয়ে উঠল মরিয়া। গোল পাওয়ার জন্য। তানভীর দার ছিলেন সে সময়কার বিশ্বসেরা পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ। খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে সেই তানভীর দারই পেনাল্টি কর্নার থেকে সর্বনাশ করেন পূর্ব পাকিস্তান দলের। ঢাকা স্টেডিয়ামকে স্তব্ধ করে দিয়ে তাঁর দারুণ একটি হিট স্থান করে নেয় পোস্টে। ম্যাচটা ড্র হলেও তা হতো সাদেকদের জন্য বড় এক জয়।
সাদেক বলছিলেন, ‘বছরে আমরা মাত্র দুই মাস ঢাকা স্টেডিয়ামে হকি খেলার সুযোগ পেতাম। পূর্ব পাকিস্তানের হকির জন্য বরাদ্দও তেমন একটা ছিল না। বাঙালি হকি খেলোয়াড়েরা সবাই ঢাকার পুরানো অংশ থেকে উঠে আসা। নিজের উদ্যোগে ও ভালোবাসাতেই তাঁরা সবাই হকি খেলোয়াড় হয়েছিলেন। ১৯৬৭ সালে বশীর আহমেদ পাকিস্তান হকি দলে সুযোগ করে নিলে আমাদের উৎসাহ-উদ্দীপনা অনেক বেড়ে যায়। পরে আমি, শামসুল বারী, প্রতাপ হাজরা, আবদুর রাজ্জাক সোনা মিয়ারাও পাকিস্তান দলে সুযোগ করে নেয়। বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টের প্রাথমিক দলে অনেকেই সুযোগ পেত। কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে উঠেছে খুব অল্প কজনের।’
১৯৭০ সালের ডিসেম্বরের সেই লড়াইটা তাই বাঙালি হকি খেলোয়াড়দের জন্য ছিল অস্তিত্বের, ছিল নিজেদের চেনানোর। হয়ে উঠেছিল সব বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার এক প্রতিবাদও। ১৯৭১ থেকে দূরে থেকেও তখনই যেন তাঁরা অনুভব করতে পেরেছিলেন একাত্তরের সেই স্পন্দন। স্বাধীকারের লড়াই যে শুরু হয়ে গিয়েছিল ঢের আগে।