বহুদিন পর পরাজয়ের স্বাদ পেল বায়ার্ন

বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের একক রাজত্ব। শুধু লিগ কেন, চ্যাম্পিয়নস লিগেও বায়ার্নের দাপট কোনো অংশে কম নয়। মৌসুম শেষ হওয়ার প্রায় দুমাস আগে লিগ শিরোপা নিশ্চিত করা বায়ার্ন আজ হোঁচট খেল পয়েন্ট টেবিলের আট নম্বর দল অগসবুর্গের কাছে। পেপ গার্দিওলার দলকে ১-০ ব্যবধান হারিয়ে রীতিমতো চমকেই দিয়েছে অগসবুর্গ।
মৌসুমের প্রথম পরাজয়ের লজ্জা দেওয়ার মূল হোতা অগসবুর্গের স্ট্রাইকার সাশা মলডাস। ৩১ মিনিটেই বায়ার্নের জালে বল জড়িয়ে দেন সাশা। সে গোল আর শোধ দিতে পারেনি পেপ গার্দিওলার দল।
লিগে টানা ৫৩ ম্যাচ অপরাজিত থাকার পর প্রথম পরাজয়ের স্বাদ পেল বায়ার্ন। লিগে সর্বশেষ তারা হেরেছিল অক্টোবর ২০১২ সালে, বায়ার লেভারকুসেনের বিপক্ষে। এ পরাজয়ে হয়তো কোনো আসে-যায় না বায়ার্নের। তবে ৯ এপ্রিল চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামার আগে এমন হার গার্দিওলার শিষ্যদের আত্মবিশ্বাসে একটা ঝাঁকুনি বটে।