বাঁ পায়ের ফুটবলার বেশি সৃষ্টিশীল
লিওনেল মেসি, না ক্রিস্টিয়ানো রোনালদো? আরও অনেক বিষয়ের মতো এটা নিয়েও চলবে অন্তহীন বিতর্ক। তবে মানুন আর না-ই মানুন, মেসি রোনালদোর চেয়ে এক দিকে এগিয়ে। খোদ বিজ্ঞানই বলছে এটা। ইউনিভার্সিটিস অব অক্সফোর্ড, সেন্ট অ্যান্ড্রুস ও ব্রিস্টল কয়েকটি অস্ট্রেলিয়ান ইনস্টিটিউটকে নিয়ে গবেষণা চালিয়ে বের করেছে, ডান পায়ের ফুটবলারদের চেয়ে বাঁ পায়ের ফুটবলাররা তুলনামূলক বেশি সৃষ্টিশীল।
মেসি ও রোনালদো দুজন দুই পায়েই শট করতে পারেন। তবে সহজাতভাবে মেসির বাঁ ও রোনালদো ডান পায়ে খেলেন। গবেষণায় দেখা গেছে, বাঁ পায়ের খেলোয়াড়দের মস্তিষ্কের একটা বিশেষ অংশ একটু বেশি ‘অননুমেয়’। এটাই ডান পায়ের ফুটবলারদের চেয়ে সৃষ্টিশীলতার দিক দিয়ে এগিয়ে রেখেছে তাঁদের। সেই ফেরেঙ্ক পুসকাস থেকে শুরু, এরপর ডিয়েগো ম্যারাডোনা, গিওর্গে হাজি, রায়ান গিগস থেকে হালের গ্যারেথ বেল, ডেভিড সিলভা, রবিন ফন পার্সিরাও সেটা প্রমাণ করছেন।
কিন্তু ব্যাপারটা আসলে কী? উত্তরটা লুকিয়ে আছে ডিএনএ-রহস্যে। সংখ্যার দিক দিয়ে ডান পায়ের খেলোয়াড়েরাই দলে ভারী। আপনি বাঁ পায়ের বলে তাই মন খারাপ করার কারণ নেই। কে জানে, আপনিই হয়তো একদিন মাঠ আলো করলেন নতুন সৃষ্টিশীলতায়! ওয়েবসাইট।