বাঁচবে শ্রীলঙ্কার স্বপ্ন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের সঙ্গে আজ ‘ফাইনাল’ খেলবে শ্রীলঙ্কা।
চমকে যাচ্ছেন? এখনো গ্রুপ পর্বের খেলাই শেষ হলো না, এমনও নয় যে এটিই টি-টোয়েন্টি বিশ্বকাপে লঙ্কানদের শেষ ম্যাচ। তাহলে ফাইনাল কেন? দিল্লিতে আজ হারলেই যে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে গতবারের চ্যাম্পিয়নদের। এখন তো প্রতিটি ম্যাচই ‘ফাইনাল’।
গ্রুপে আরও একটি ম্যাচ আছে অ্যাঞ্জেলো ম্যাথুসের দলের, দুই দিন পর একই মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। কিন্তু আজ হেরে গেলে সেই ম্যাচে জিতলেও কোনো লাভ হবে না, সেমিফাইনালের স্বপ্ন অধরাই থেকে যাবে।
কাল গ্রুপের অন্য ম্যাচে দক্ষিণ আফ্রিকার সঙ্গে জিতে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। এতে সহজ হয়ে গেছে ইংল্যান্ডের কাজটাও। আজ জিতলেই শেষ চারে ওঠা নিশ্চিত হয়ে যাবে ইংলিশদের। গ্রুপের বাকি ম্যাচগুলো তখন হয়ে যাবে গ্রুপ চ্যাম্পিয়ন আর দ্বিতীয় স্থান নির্ধারণী।
ম্যাচের আগে দুই দলের ভাবনা অবশ্য একটা জায়গায় মিলে যাচ্ছে—ব্যাটিং ভালো করতে হবে। চিন্তাটা লঙ্কানদেরই বেশি। এ পর্যন্ত দুই ম্যাচে এক তিলকরত্নে দিলশান ছাড়া আর কোনো ব্যাটসম্যানই ৪০ পেরোনো ইনিংস খেলতে পারেননি। এর প্রভাব পড়ছে লঙ্কানদের ফর্মে—দুই ম্যাচে একমাত্র জয় আফগানিস্তানের বিপক্ষে, ওয়েস্ট ইন্ডিজের কাছে তো করেছে আত্মসমর্পণ। শ্রীলঙ্কার ভাবনাজুড়ে আছে ফিল্ডিংও। লাসিথ মালিঙ্গার চোটের কারণে টুর্নামেন্টে শ্রীলঙ্কার অধিনায়কত্ব পাওয়া অ্যাঞ্জেলো ম্যাথুসও সর্বশেষ ম্যাচের পর বলেছেন, ‘টপ অর্ডারই আমাদের ভুগিয়েছে। ফিল্ডিং নিয়েও কঠোর পরিশ্রম করতে হবে। অনেক এলোমেলো ছিল আজ।’
ইংল্যান্ডকেও ভাবাচ্ছে সর্বশেষ ম্যাচের পারফরম্যান্স। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও ব্যাটিং নিয়ে কোনো প্রশ্ন ছিল না, পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার ২২৯ রানও কম পড়ে গেল ইংলিশদের বিস্ফোরক ব্যাটিংয়ের সামনে। সেই রুট-মরগানদেরই কেমন বিবর্ণ দেখাল আফগানিস্তানের বিপক্ষে, মঈন আলী ‘ব্যাটসম্যান’ বনে যাওয়ায় সেদিন বেঁচে গেছে ইংল্যান্ড।
ইংলিশদের জন্য সুখবর, চোট কাটিয়ে আজ দলে ফিরতে পারেন অ্যালেক্স হেলস। ২৭ বছর বয়সী উদ্বোধনী ব্যাটসম্যানের ৬৪ বলে ১১৬ রানের ঝড়েই তো ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়েছিল ইংল্যান্ড। আজও তেমন কিছু হলে শ্রীলঙ্কার বিশ্বকাপ-স্বপ্নের এপিটাফ লেখা হয়ে যেতে পারে। ক্রিকইনফো।
মুখোমুখি
মুখোমুখি ইংল্যান্ড শ্রীলঙ্কা
সর্বমোট ৬ ২ ৪
বিশ্বকাপে ৩ ২ ১