শেষ পর্যন্ত কোন দল জিতত, জানার কোনো উপায় নেই। তবে সিডনির পরিত্যক্ত ওয়ানডে একটা ব্যাপার নিশ্চিত করে দিয়েছে—অস্ট্রেলিয়া আর এই সিরিজ জিততে পারছে না। পরিবর্তন বলতে এটুকুই। আজ সিরিজের শেষ ম্যাচের আগে আবহ অনেকটা আগের ম্যাচের মতোই। ব্যাটিং নিয়ে অস্ট্রেলিয়ার দুশ্চিন্তা আর সুইং বোলিংয়ে উজ্জীবিত শ্রীলঙ্কা। আগের ম্যাচের মতো আজ বেলেরিভ ওভালেও লঙ্কানরা মাঠে নামবে সিরিজ জয়ের জন্য। জিতলেই যে সিরিজ জয়!অস্ট্রেলিয়া বড়জোর পারে সিরিজ ড্র করতে। কিন্তু মান বাঁচানোর লড়াইয়ে আজ অধিনায়ককে পাওয়া নিয়েই শঙ্কা। কাল অনুশীলনে অ্যাঙ্কল মচকে গেছে মাইকেল ক্লার্কের। আজ মাঠে না নামার সম্ভাবনাই প্রবল। সে ক্ষেত্রে আজ আবার টস করতে নামবেন জর্জ বেইলি, যাঁর নেতৃত্বে সিরিজের একমাত্র জয়টি পেয়েছিল অস্ট্রেলিয়া। সেটিও প্রথম ম্যাচে। তবে না খেললে অধিনায়কের চেয়েও অস্ট্রেলিয়া বেশি অভাব বোধ করবে ব্যাটসম্যান ক্লার্কের। এই সিরিজে ব্যাটিংয়ের যা দুর্দশা, দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যানকে হারানো অস্ট্রেলিয়ার জন্য হবে বড় এক আঘাত।অস্ট্রেলিয়ার ‘বি’ দলের কাছে হেরে সিরিজ শুরু করা লঙ্কানরা দ্রুতই পাল্টে দিয়েছেন দৃশ্যপট। অভাবনীয় বদলের শুরুটা পেসারদের হাত ধরে। বৃত্তের বাইরে চার ফিল্ডার রাখার আইনের প্রতিবাদে সবচেয়ে বেশি উচ্চকিত কণ্ঠ ছিল সম্ভবত জয়াবর্ধনের। যৌক্তিক কারণেই, যুগ যুগ ধরে স্পিনাররাই তো লঙ্কান বোলিং আক্রমণের শক্তি। কিন্তু এই সিরিজে শ্রীলঙ্কা চমকে দিয়েছে সুইং বোলিংয়ে। কুলাসেকেরা-মালিঙ্গা-ম্যাথুসদের সুইং বোলিংয়ে জবাবই যেন জানা নেই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের। আজ বেলেরিভ ওভালেও এমন কিছুর প্রত্যাশায় থাকবেন জয়াবর্ধনে। তাহলেই তাঁর ওয়ানডে অধিনায়কত্বের শেষটা হয়ে থাকবে স্মরণীয়! ওয়েবসাইট।