বাঁচা-মরার লড়াই
কেউ বলছে ‘ফাইনাল’ ম্যাচ। কেউ বলছে ‘অবশ্যই জিততে হবে’। ক্যামেরুন-ডেনমার্ক ম্যাচটির আগে দুই দলের কথাবার্তার ধরন এ রকমই। এককথায় ম্যাচটিকে বাঁচা-মরার লড়াই-ই বলে দেওয়া যায়।ক্যামেরুন তাদের প্রথম ম্যাচে জাপানের কাছে ০-১ গোলে হেরেছে, হল্যান্ডের কাছে ডেনমার্ক হেরেছে ০-২ গোলে। প্রথম ম্যাচে দুই দলের পরাজয়ই তাদের এনে দাঁড় করিয়েছে বাঁচা-মরার লড়াইয়ের সামনে। আজ যে দল হারবে, সেই দলের ২০১০ বিশ্বকাপ প্রায় শেষ।ক্যামেরুনের মিডফিল্ডার এনো ইয়ং তো বলেই দিয়েছেন, ‘এটা আমাদের ফাইনাল ম্যাচ। বলতে পারেন বাঁচা-মরার লড়াইও।’ ডেনমার্কের তারকা গোলরক্ষক টমাস সোরেনসেনের কথায়ও প্রায় একই প্রতিধ্বনি, ‘অবশ্যই জিততে হবে—দুই দলের জন্যই ম্যাচটি এ রকম। যারা হেরে যাবে তারাই বিপদে পড়বে।’ম্যাচ জিততে ক্যামেরুনের সবচেয়ে বড় তারকা স্যামুয়েল ইতোর কণ্ঠে ভুল শোধরানোর আহ্বান, ‘গত ম্যাচেও আমরা ভালো খেলেছি। তবে জাপান সুযোগ কাজে লাগিয়েছে, আমরা পারিনি। ভুল শুধরে নিয়ে এ ম্যাচটা জিতেই মাঠ ছাড়তে চাই।’ চোয়ালবদ্ধ পণ ডেনমার্ক দলেও—জয় চায় তারা। ‘আমাদের দলের টিম স্পিরিট খুব ভালো। এটাই আমাদের এগিয়ে নিয়ে যাবে। একটা পরাজয়ই সবার মন ভেঙে দিতে পারে না!’—বলেছেন ড্যানিশ গোলরক্ষক সোরেনসেন। আত্মবিশ্বাসের সঙ্গে একটা পরিসংখ্যানও ড্যানিশদের পক্ষে। বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো আফ্রিকান দলের কাছে হারেনি ডেনমার্ক। এর আগে আফ্রিকার দেশগুলোর বিপক্ষে তিন ম্যাচের দুটিতে জিতেছে ডেনমার্ক, একটি করেছে ড্র।ক্যামেরুনের পক্ষে প্রেরণাদায়ী এমন কোনো পরিসংখ্যান নেই। উল্টো টানা ৮ ম্যাচে পরাজয়ের দুঃস্বপ্ন নিয়েই মাঠে নামতে হচ্ছে তাদের। এর ওপর আছে কোচ পল লে গুয়েনের দল নির্বাচন নিয়ে বিতর্ক। ক্যামেরুনের ইন্টার মিলান স্ট্রাইকার ইতো অবশ্য বলেছেন, সব বিতর্ক ভুলেই মাঠে নামবেন তাঁরা, ‘আমাদের সব ভাবনা শুধুই জয় নিয়ে। আমরা কোচের কাছে আবেদন জানিয়েছি, অন্তত এ ম্যাচটির জন্য কোচ যেন লাইনআপটা নিয়ে নতুন করে ভাবেন।’ক্যামেরুন-ডেনমার্কপিয়েরে ওয়েবোক্যামেরুনের আক্রমণভাগে স্যামুয়েল ইতোকে সঙ্গ দেবেন পিয়েরে ওয়েবো। স্ট্রাইকিং জুটির মতো বিখ্যাত না হলেও ওয়েবো দেশের হয়ে করেছেন অনেক গুরুত্বপূর্ণ গোল। বরাবরের মতো আজও প্রতিপক্ষের নজর বেশি থাকবে ইতোর দিকে, এই সুযোগে ওয়েবো হয়ে উঠতে পারেন জয়ের নায়ক।নিকলাস বেন্টনারডেনমার্কের সব বয়সভিত্তিক দলে খেলেছেন, জাতীয় দলে খেলছেন বছর চারেক ধরে। একসময়ের প্রতিশ্রুতিশীল ফুটবলার এখন দলের মূল স্ট্রাইকার। বাছাইপর্বের পারফরম্যান্সে গত বছর নির্বাচিত হয়েছেন ডেনমার্কের বর্ষসেরা ফুটবলার। ডেনমার্ককে টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজ জ্বলে উঠতে হবে এই আর্সেনাল স্ট্রাইকারকে।