বাঁচার আকুতি জীবন্মৃত গাজ্জার
দুজনের জন্মই মে মাসে। মাঝখানে অবশ্য আট বছরের ব্যবধান। তবে সেই ব্যবধানটি মনে হয় না-জানি কত অযুত-নিযুত মাইলের। দুজনই মিডফিল্ডার। কিন্তু মিলটা আরও এক জায়গায় হতে পারত। ডেভিড বেকহাম ইংল্যান্ডের সীমানা ছাড়িয়ে যেমন পুরো বিশ্বেই পরিচিতি ছড়িয়েছেন, হয়ে উঠেছেন মহাতারকা; হয়তো কক্ষচ্যুত না হলে ইংল্যান্ড থেকে বেকহামের আগেই সে রকম তারকাখ্যাতি পেতেন পল গ্যাসকোয়েন। এক মদের নেশা বিরাট এক প্রতিভাকেও কীভাবে খুন করে ফেলতে পারে, সেটারই প্রমাণ হয়ে ধুঁকে ধুঁকে বেঁচে আছেন।তবে বেশি দিন আর বেঁচে না-ও থাকতে পারেন! কদিন পরপর ‘গাজ্জা’ নামে পরিচিত এই সাবেক ফুটবলারের মরণাপন্ন অবস্থা নিয়ে খবর হয় বলে হয়তো অনেকের গা-সওয়া হয়ে গেছে। তবে এবার তাঁর এজেন্ট টেরি বাকের বলছেন, গাজ্জার জীবন সত্যিই ভীষণ ঝুঁকির মধ্যে। কাল সানডে মিরর-এ গাজ্জার ছাপা হওয়া একটি ছবি বাকেরের আশঙ্কাকে সত্যিই মনে করাচ্ছে। যেখানে ৪৫ বছর বয়সী গ্যাসকোয়েনকে মনে হচ্ছে সত্তরের বুড়ো। একসময় ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা প্রতিভা বলে বিবেচিত গাজ্জা। ১৯৯০ বিশ্বকাপে ইংল্যান্ডকে সেমিফাইনালে তুলতে তাঁর বড় ভূমিকা। এই সাবেক তারকা গত বৃহস্পতিবার একটি দাতব্য অনুষ্ঠানে এসেছিলেন। নেশার ঘোরে থাকা গাজ্জা মঞ্চে ছিলেন টলায়মান অবস্থায়। সেখানে একপর্যায়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, মদের নেশা তাঁকে শেষ করে ফেলছে। কিন্তু তিনি এই নেশা থেকে মুক্তিও পাচ্ছেন না।তাঁর এজেন্টও কাল বিবিসি রেডিওকে বলেছেন, ‘পলের সঙ্গে আমার এই সন্ধ্যায়ও কথা হয়েছে। আমি যেটা বুঝতে পারছি, ওর সাহায্য দরকার। হয়তো কেউ ওকে বাঁচাতে পারবে না। ও নিজেই যেমন বলে, অ্যালকোহলিক হওয়ায় ওর জীবন সব সময়ই ঝুঁকির মধ্যে।’ গ্যাসকোয়েনের প্রতি সরাসরি আবেদন জানিয়ে তাঁর অনেক দিনের এই সহকারী বলছেন, ‘পল, আমার কথা শোনো। কারণ তুমি ভালো করেই জানো আমি সব সময়ই তোমার ভালো চেয়েছি আকুলভাবে। তোমাকে সেটাই করতে হবে, যেটা তোমার করা দরকার বলে তুমি ভালো করেই জানো।’ এএফপি।