বাঁশি হাতে তৈরি হচ্ছেন তাঁরাও
১৯৯০ বিশ্বকাপের পর এডগার্ডো কোডেসালের পোস্টার বিক্রি হুট করেই বেড়ে গিয়েছিল আর্জেন্টিনায়। না, ঘরে টাঙাতে নয়; আর্জেন্টাইনরা এই মেক্সিকান রেফারির পোস্টার কিনেছিল পোড়ানোর জন্য! ওই বিশ্বকাপের পর আর্জেন্টিনার ‘গণশত্রু’তে পরিণত হয়েছিলেন প্রতিবেশী উরুগুয়েতে জন্ম নেওয়া এই রেফারি। তাঁর বিতর্কিত সিদ্ধান্তেই ফাইনালে পেনাল্টি পেয়ে যায় জার্মানি। ৮৫ মিনিটের ওই গোলেই টানা দ্বিতীয় শিরোপা থেকে বঞ্চিত হয় আর্জেন্টিনা।ওই বিশ্বকাপে কোডেসাল যেন ছিলেন ‘পেনাল্টি-সম্রাট’! ফাইনালসহ মোট তিনটি ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ওই তিন ম্যাচেই পেনাল্টি দিয়েছিলেন ৫টি! গ্রুপ পর্বে ইতালি-যুক্তরাষ্ট্র ম্যাচে একটি, কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড-ক্যামেরুন ম্যাচে তিনটি এবং আরেকটি ফাইনালে। শুধু পেনাল্টি দেওয়ার জন্যই নয়, ফাইনালে দুটো পরিষ্কার পেনাল্টি না দেওয়ার জন্যও মুণ্ডুপাত করা হয়েছে তাঁর।১৯৯০ বিশ্বকাপের ফাইনালের পর আর্জেন্টিনার কোচ কার্লোস বিলার্দো কোডেসালকে তাঁর ধাত্রীবিদ্যা নিয়েই মাথা ঘামানোর পরামর্শ দিয়েছিলেন। পরামর্শটা এই রেফারির মনে ধরেছিল কি না কে জানে। তবে ওই বিশ্বকাপের পরপরই অবসর নিয়ে নেন তিনি। যদিও আর্জেন্টাইন সমর্থকদের ক্ষোভের আগুন পরের বিশ্বকাপ পর্যন্ত জ্বলেছিল। ১৯৯৪ বিশ্বকাপে গ্যালারিতে কোডেসালকে নিয়ে ব্যঙ্গ করা বিশাল সব ব্যানার নিয়ে গিয়েছিল ‘আলবিসেলেস্তি’ সমর্থকেরা।২০১০ বিশ্বকাপের পর কার কার কুশপুতুল পুড়বে—সেটা জানতে অপেক্ষা করতেই হচ্ছে। তবে বিশ্বকাপের আগে থেকেই রেফারিদের মধ্যে তুমুল আলোচনায় আছেন মার্টিন হ্যানসন। এই সুইড রেফারিই আয়ারল্যান্ড-ফ্রান্স সেই ম্যাচের দায়িত্বে ছিলেন। যে ম্যাচে থিয়েরি অঁরির সেই হ্যান্ডবল-কাণ্ড।বিশ্বকাপের ৬৪ ম্যাচের জন্য ৩০ জন রেফারির নাম ঘোষণা করেছে ফিফা। তাতে হ্যানসন ছাড়াও আছেন ইংলিশ রেফারি হাওয়ার্ড ওয়েব। ২০০৭ সালে কার্লিং কাপের ফাইনালে ১১ বার কার্ড দেখিয়েছিলেন যিনি। এমনিতে ওয়েবের অবশ্যই সুনাম আছে ম্যাচ পরিচালনায়। ৩০ জনের এই দলে আছেন গত বছরের বর্ষসেরা রেফারি সুইজারল্যান্ডের মাসিমো বুসাক্কা। গত বছর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে দায়িত্ব পালন করা বুসাক্কাকে দেখা যেতে পারে এই বিশ্বকাপের ফাইনালেও। কে কোন ম্যাচে দায়িত্ব পালন করবেন সেটি অবশ্য চূড়ান্ত হয়নি এখনো। সর্বোচ্চ ১০ জন রেফারি থাকছেন ইউরোপের। দক্ষিণ আমেরিকার রেফারি আছেন ছয়জন। এশিয়া, আফ্রিকা আর আর কনক্যাকাফ অঞ্চলের রেফারি আছেন চারজন করে। বাকি দুই রেফারি নিউজিল্যান্ডের। যুক্তরাষ্ট্রের কোনো রেফারি ঠাঁই পাননি ৩০ জনের দলে। যদিও গত অক্টোবরে প্রকাশিত ৩৮ জনের তালিকায় ছিলেন জাইর মারুফো। ওই প্রাথমিক তালিকায় ছিলেন নরওয়ের টম হেনিং ওভরেবো। চ্যাম্পিয়নস লিগের গত সেমিফাইনালে চেলসি খেলোয়াড়দের সঙ্গে তাঁর রক্তচক্ষু বিনিময়ের ওই ঘটনার পর মূল তালিকায় ওভরেবোকে রাখার ঝুঁকি আর নেয়নি ফিফা। বিশ্বকাপের পর্দা উঠতে আর চার মাস বাকি। স্বাগতিকেরা প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুত হচ্ছেন খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, দর্শকেরাও। প্রস্তুতি তো নিতে হচ্ছে ‘হারাধনের এই ৩০টি ছেলেকে’ও!