বাঁহাতি ঘূর্ণিজাল
এই সেদিনও সিনিয়র এনামুল হক দুঃখ করে বলছিলেন, ‘শুধু সেকেলে ধারণার কারণে রফিকের সঙ্গে খুব বেশি খেলতে পারিনি। অথচ এখন দেখেন, বাংলাদেশে তিনজন বাঁহাতি স্পিনার নিয়মিতই খেলছে।’নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় জয়টা মাঠে বসে দেখতে পারেননি আন্তর্জাতিক আম্পায়ার হয়ে যাওয়া এনামুল। দেখলে আফসোসটা তাঁর আরও বাড়ত। আবার যে তিন বাঁহাতি স্পিনারে কুপোকাত প্রতিপক্ষ!এবার বাঁহাতি স্পিনত্রয়ীতে নতুন সংযোজন মোহাম্মদ সোহরাওয়ার্দী। সোহরাওয়ার্দী ওয়ানডে আগেও খেলেছেন, আগেও স্পিনত্রয়ীর অংশ হয়েছেন। কিন্তু এই প্রথম আবার ‘বাঘ’ হয়ে ওঠা স্পিনত্রয়ীর অংশ হলেন; বলা ভালো, অন্তত একটা ম্যাচে আক্রমণের নেতৃত্বই দিলেন। বাংলাদেশের ১০ নম্বর বাঁহাতি স্পিনার হিসেবে আন্তর্জাতিক ওয়ানডে খেলা শুরু সোহরাওয়ার্দীর। তাঁর সৌজন্যেই আবার আলোচনায় এল বাংলাদেশের বাঁহাতি স্পিনার প্রসঙ্গ।নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা হলে এমনিতেই প্রসঙ্গটা আলোচনায় আসে। ওদিকে ভেট্টোরি, এদিকে সাকিব। ওয়ানডে বোলার র্যাঙ্কিংয়ের এক-দুইয়ে থাকা দুজনই বাঁহাতি স্পিনার। নিউজিল্যান্ড-বাংলাদেশ ম্যাচ মানেই দুই বাঁহাতি স্পিনারের লড়াই। ভেট্টোরি অবশ্য বলতে পারেন, তাঁর সঙ্গে একদল বাঁহাতি স্পিনারের লড়াই!বাংলাদেশে বাঁহাতি স্পিনারদের যুগ শুরু এনামুল হক ও মোহাম্মদ রফিকদের হাত ধরে; সেই নব্বইয়ের দশকে। অনেকেই মনে করেন, এঁদের জন্য, বিশেষত রফিকের ঈর্ষণীয় সাফল্যই বাংলাদেশে বাঁহাতি স্পিনারদের বিস্ফোরণ ঘটিয়েছে। যেমনটা বলছিলেন বাঁহাতি স্পিনারদের ‘স্বর্ণযুগে’র অধিনায়ক হাবিবুল বাশার, ‘বাঁহাতি ইচ্ছে করে হওয়া কঠিন। তবে বাঁহাতি খেলোয়াড়দের পেস বোলিং ছেড়ে স্পিনে আসার একটা বড় কারণ রফিক। ওকে পরের প্রজন্মের রোলমডেল বলতে পারেন।’২০০৫ সালের ৩১ জানুয়ারি তারিখটি বাংলাদেশের বাঁহাতি স্পিন ইতিহাসে নতুন এক অধ্যায় সংযোজন করেছিল। সেদিন জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিন বাঁহাতি স্পিনার—মোহাম্মদ রফিক, মানজারুল ইসলাম ও এনামুল হক জুনিয়র। সেই শুরু।বাংলাদেশের বাঁহাতি স্পিনত্রয়ী সবচেয়ে বেশি আলোচনায় চলে আসে ২০০৭ বিশ্বকাপ এবং এর আগে-পরের সময়টাতে। সে সময় এই দলের তিন সদস্য ছিলেন রফিক, রাজ্জাক ও সাকিব। এর আগে-পরে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশই শুধু তিন বাঁহাতি স্পিনার খেলানোর কথা ভাবতে পেরেছে।তিনজন বাঁহাতি স্পিনার নিয়মিত খেলাতে পারার কারণটা ভালো ব্যাখ্যা করেছেন ড্যানিয়েল ভেট্টোরি। যেটির মূল কথা, বাঁহাতি স্পিনারদের একজন সাকিবের মতো ব্যাটসম্যান হলে আরও দু জনকে তো খেলিয়ে দেওয়াই যায়। ঠিক কথা। রফিক, মানজারুল, সোহরাওয়ার্দীর মতো ‘ব্যাটিংও পারে’ ধরনের খেলোয়াড়ের কারণেই বাংলাদেশ নিশ্চিন্তে তিন বাঁহাতি স্পিনার খেলাতে পেরেছে।তাতে সাফল্যও এসেছে। অনিয়মিত বোলারদেরও ধরে ওয়ানডেতে বাংলাদেশের ৫৩ জন বোলার মোট ১২৫৩টি উইকেট নিয়েছেন। এর মধ্যে ১০ জন বাঁহাতি স্পিনারই নিয়েছেন ৪৪৬টি উইকেট, যা মোট উইকেটের ৩৫.৫৯ শতাংশ!কিন্তু সারা পৃথিবীতে যখন ফুরোতে বসেছে, তখন বাংলাদেশ কেন বাঁহাতি স্পিনারের উর্বর ভূমি হয়ে উঠল? এ কি শুধুই প্রকৃতির রহস্য? হঠাৎ একই সময়ে প্রতিভাবান একগাদা বাঁহাতি স্পিনারের জন্ম হওয়া! নাকি অন্য কিছু?রফিক বা রাজ্জাকের কাছে মনে হয়, এটা সাফল্যের ধারাবাহিকতা। আর সবচেয়ে সুন্দর ব্যাখ্যাটা দিলেন রফিকের উত্তরসূরি হিসেবে মঞ্চে আবির্ভূত হওয়া মোশাররফ হোসেন, ‘বাংলাদেশে বাঁহাতি স্পিনার হলে ক্লাব ক্যারিয়ার অন্তত নিশ্চিত। কন্ডিশনের কারণে এবং দেশে ডানহাতি ব্যাটসম্যান বেশি হওয়ায় ক্লাবগুলোতে বাঁহাতি স্পিনারদের খুব কদর। মোটামুটি লাইন-লেন্থ ঠিক রেখে বল করতে পারলেই বাঁহাতি স্পিনাররা অন্তত রান আটকে রাখতে পারে। ফলে বাঁহাতি যেসব ছেলে খেলতে আসে, কোচরা শুরুতেই তাদের স্পিনার হতে পরামর্শ দেন।’ভালো যুক্তি। কিন্তু যুক্তি যা-ই হোক, আখেরে লাভ বাংলাদেশের।