বাঁহাতি স্পিনার অলরাউন্ডার অধিনায়ক—তাঁরা দুজন
একজন কদিন আগে ৩১ পেরোলেন। আরেকজন ২৩ ছুঁইছুঁই।একজনের ক্যারিয়ার ১৩ বছরের, ৯৭টি টেস্ট ও ২৪৯টি ওয়ানডের অভিজ্ঞতা। আরেকজনের আন্তর্জাতিক ক্রিকেটে চার বছরও হয়নি, খেলেছেন ১৬টি টেস্ট ও ৮০টি ওয়ানডে।একজনের টেস্টে ৩১৩ উইকেট ও ৩৭৭৯ রান। অন্যজনের উইকেট ৫৭, রান ৭৯০।এসব অমিল। এবারের মিলের কথা বলি—দুজনই বাঁহাতি স্পিনার। পুরোদস্তুর অলরাউন্ডারও। সবচেয়ে বড় মিল—তাঁরা দুজন দলের অধিনায়ক। ড্যানিয়েল ভেট্টোরি ও সাকিব আল হাসান।যুযুধান দুই দলের নেতা। অথচ কথা শুনলে মনে হতেই পারে, আসলে তাঁরা পরস্পরের ফ্যান—ভেট্টোরিকে নিয়ে সাকিব: খুবই ভালো বোলার। ব্যাটসম্যান হিসেবে বলতে পারি, ক্যারিয়ারে যত বাঁহাতি স্পিনারকে খেলেছি, ওকেই সবচেয়ে কঠিন লেগেছে। বোলিংয়ে অনেক বৈচিত্র্য, ছয়টা বল ছয় রকম করতে পারে। মুরালিরও এত ভ্যারিয়েশন নেই। এর সঙ্গে অসাধারণ নিয়ন্ত্রণ। ওর ফ্লাইটেও কত বৈচিত্র্য, বাইরে থেকে দেখে তা বোঝার উপায় নেই।সাকিবকে নিয়ে ভেট্টোরি: গত দেড়-দুই বছর ওর পারফরম্যান্স অসাধারণ। ভালো বোলার, ভালো ব্যাটসম্যান, ফিল্ডার হিসেবেও ভালো। ভালো অধিনায়কও। ওর রেকর্ডই ওর হয়ে কথা বলে। এখনো ও ওয়ানডেতে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। এটাকে গুরুত্ব দিতেই হবে। ও যখনই উইকেটে আসে, আমরা ভাবি কিছু হয়ে যেতে পারে।একে অন্যকে লম্বা-চওড়া সার্টিফিকেট। তা না হয় দিলেন, কিন্তু দুজনই যেখানে একই ধরনের খেলোয়াড়, একটা লড়াই-ও কি নেই তাঁদের মধ্যে? সবাই যে বাঁহাতি স্পিনার বলতেই ভেট্টোরিতে গদগদ, সাকিব কি একটা চ্যালেঞ্জ অনুভব করেন না তাতে? সাকিবকে র্যাঙ্কিংয়ের এক নম্বরে দেখে কি বাড়তি একটা জেদ ছুঁয়ে যায় না ভেট্টোরিকে?‘র্যাঙ্কিং-ফ্যাঙ্কিং ফালতু ব্যাপার, সেদিনের ছোকরা সাকিবের সঙ্গে আমার আবার কীসের লড়াই’ বলে উড়িয়ে দিতে পারতেন ভেট্টোরি। দিচ্ছেন তো না-ই, বরং মেনে নিচ্ছেন বাংলাদেশ-নিউজিল্যান্ড যুদ্ধে এই খণ্ডযুদ্ধটাও আছে, ‘হ্যাঁ, একটা প্রতিদ্বন্দ্বিতা তো অনুভব করিই। আমরা দুজন একই ধরনের খেলোয়াড়। দুজনই জানি, বলে-ব্যাটে নেতৃত্ব দিতে পারলে আমাদের দলের জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যায়।’ভেট্টোরির সব প্রমাণ করা হয়ে গেছে, তাঁর মাত্র শুরু—এটা মেনে নিয়েও সাকিবও একটা চ্যালেঞ্জ টের পান, ‘১৩-১৪ বছর ধরে ও পারফর্ম করে যাচ্ছে। অভিজ্ঞতায় কোনো তুলনা চলে না। তবে একটা লড়াই তো আছেই। গত সিরিজেই যেমন ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছিল—হয় ও না হয় আমি। শেষ পর্যন্ত ও জিতেছে বলেই আমরা পারিনি।’সাকিব যে সিরিজের কথা বলছেন, ২০০৮ সালে নিউজিল্যান্ডের সেই বাংলাদেশ সফর তো আক্ষরিক অর্থেই ভেট্টোরি বনাম সাকিব। চট্টগ্রামে প্রথম টেস্টের দুই ইনিংসে সাকিবের ৯ উইকেট (৭/৩৬+২/৭৯), ভেট্টোরিরও তা-ই (৫/৫৯+৪/৭৪)। ব্যাটিংয়ে সাকিবের ৫ ও ৭১, ভেট্টোরির অপরাজিত ৫৫ ও ৭৬। রানের ওই পার্থক্যটাই ফলাফলে অনূদিত।ঢাকায় বৃষ্টিতে ভেসে যাওয়া টেস্টে যতটুকু খেলা হয়েছে, তাতেও দুজনের সম্মুখসমর। ভেট্টোরির ৫ উইকেট ও ২২ রান। সাকিবের ১ উইকেট ও ৪৯ রান। সাকিবের সামর্থ্যের প্রত্যক্ষদর্শী বলেই তরুণ তুর্কিকে বাংলাদেশের একমাত্র বিশ্বমানের খেলোয়াড় বলে স্বীকৃতি দিতে একটুও দ্বিধা নেই ভেট্টোরির।তুলনাটাও হতেই পারে। ভেট্টোরি অনেক বেশি খেলেছেন বলে রান আর উইকেট-সংখ্যায় কোনো তুলনা হয় না। কিন্তু আর যে সব মানদণ্ড, লড়াইটা সেখানে হাড্ডাহাড্ডিই। টেস্টে ভেট্টোরির বোলিং গড় ৩৩.৬১, সাকিবের ২৮.৯২। ব্যাটিং গড়ে আবার এগিয়ে ভেট্টোরি (৩০.৭২-২৮.২১)। ওয়ানডেতে বোলিং গড়ে ভেট্টোরি একটু এগিয়ে (৩১.৪৭-৩২.০৩), আবার ওয়ানডেতে উইকেটের মতোই গুরুত্বপূর্ণ ওভারপ্রতি রান দেওয়ার বিচারে একটু শ্রেয়তর সাকিব (৪.১০-৪.১৫)। ব্যাটিং গড়ে তো অনেকটাই এগিয়ে—সাকিবের ৩৫.২৯-এর পাশে ভেট্টোরি ১৬.৪৮।বল হাতে নিলেই উইকেট পান বলে বাংলাদেশ যেমন ভেট্টোরির প্রিয় প্রতিপক্ষ, সাকিবের মনেও নিউজিল্যান্ডের আলাদা জায়গা। ক্যারিয়ারের প্রথম তিন টেস্টে বোলিংয়ে শূন্য হাতে ফেরার পর সাকিবের প্রথম টেস্ট উইকেট এক নিউজিল্যান্ডার, টেস্টে সেরা বোলিংও নিউজিল্যান্ডের বিপক্ষেই। বাঁহাতি স্পিনার হিসেবে তাঁর নবজন্মের সাক্ষীও নিউজিল্যান্ড। ২০০৮ সালে চট্টগ্রামে ওই ৩৬ রানে ৭ উইকেটের আগে ৬ টেস্টে মাত্র ৩ উইকেট। অথচ এর পর ৯ টেস্টে ইনিংসে ৫ উইকেট নিয়ে ফেলেছেন আরও ৫ বার।বাংলাদেশের বিপক্ষে টেস্ট মানেই ভেট্টোরির জয়জয়কার। ৮ টেস্টে ৪৬ উইকেট, ইনিংসে ৫ উইকেট ৫ বার। গড়ে প্রতি ৪০ বলে উইকেটের অবিশ্বাস্য স্ট্রাইকরেট। বাঁহাতি স্পিনার হিসেবে নবজন্মের একটা ইতিহাস আছে এখানেও। আগের ৯ টেস্টে মাত্র ১৬ উইকেট যখন ভেট্টোরির দিন শেষ বলে গুঞ্জন তুলে দিয়েছে, ২০০৪-এর বাংলাদেশ সফরে ২ টেস্টে ২০ উইকেট নিয়েই আবার তাঁর স্বমহিমায় প্রত্যাবর্তন। ও হ্যাঁ, ভেট্টোরির সেরা ওয়ানডে বোলিংও (৫/৭) বাংলাদেশের বিপক্ষেই।বাংলাদেশ-নিউজিল্যান্ড কি তাহলে সাকিব বনাম ভেট্টোরিই? এই সিরিজের প্রথম দুটি ম্যাচে দুজনের পারফরম্যান্স দেখুন। ম্যাচের ফলাফলেও তো এরই প্রতিফলন। বরাবরই বাংলাদেশকে দুঃস্বপ্ন উপহার দিয়ে আসা নিউজিল্যান্ড সফরে এবার কিছু পাওয়ার পূর্বশর্ত একটাই। ভেট্টোরির সঙ্গে দ্বৈরথে জিততে হবে সাকিবকে।পারবেন সাকিব?