বাঁহাতি স্পিনে নাকাল ‘এ’ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলের একাদশেই থাকেন তিনজন বাঁহাতি স্পিনার। জাতীয় লিগ আর ক্লাব ক্রিকেটে রাশি রাশি বাঁহাতি স্পিনার। বাঁহাতি স্পিনারের খনিসমৃদ্ধ এই বাংলাদেশের ব্যাটসম্যানরাই খেলতে পারেন না বাঁহাতি স্পিন! এই প্রশ্নটা আরেকবার তোলার সুযোগ করে দিলেন বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটসম্যানরা। পেরমল-ওয়ারিক্যানের বাঁহাতি স্পিনে নাকাল হয়ে বাংলাদেশ ‘এ’ দল কাল প্রথম ওয়ানডে হারল ১১ রানে।দুটি চার দিনের ম্যাচেও একাডেমি ও ‘এ’ দলের ব্যাটসম্যানদের যথেষ্ট ভুগিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ হাইপারফরম্যান্স দলের এই দুই বাঁহাতি স্পিনার। দুই ম্যাচে ১২ উইকেট নিয়েছিলেন ভীরাসামি পেরমল, জোমেল ওয়ারিক্যান ৬টি। কালও জয়ের পথে থাকা বাংলাদেশ ‘এ’ দল হেরেছে এই দুজনের স্পিনে। দুজন মিলে নিয়েছেন ৬ উইকেট। আলাদা করে বলা যায় দুই অধিনায়কের পারফরম্যান্সও। ‘এ’ দলের অধিনায়ক রকিবুল হাসান আউট প্রথম বলেই। ক্যারিবিয়ান অধিনায়ক কার্লোস ব্রাফেট করেছেন ম্যাচের সর্বোচ্চ রান (৬৪)। এরপর বল হাতে নিজের প্রথম ওভারে নিয়েছেন বাংলাদেশের প্রথম ২ উইকেট! ২২৬ রান তাড়া করতে নেমে ইমরুল কায়েস ও এনামুল হক শুরুটা খারাপ করেননি। ৩১ উঠে গিয়েছিল ষষ্ঠ ওভারেই। তখনই ব্রাফেটের আঘাত। তিন বলের মধ্যে ফিরিয়ে দেন এনামুল হক ও শাহরিয়ার নাফীসকে। পরের ওভারে উইকেটের পেছনে ক্যাচ দিলেন রকিবুল। বিনা উইকেটে ৩১ থেকে বাংলাদেশ ‘এ’ ৩ উইকেটে ৩২! শামসুর রহমানকে নিয়ে সেই ধাক্কা অবশ্য সামলে উঠেছিলেন ইমরুল। চতুর্থ উইকেটে দুজন গড়েন ৯০ রানের জুটি। এর পরই দৃশ্যপটে দুই বাঁহাতি। ৮২ বলে ৩৮ করা শামসুরকে ফেরালেন ওয়ারিক্যান, ৮৩ বলে ৭ চার ও ২ ছয়ে ৬১ করা ইমরুলকে পেরমল। তারপরও আশা হয়ে টিকে ছিলেন নাঈম (৬৭ বলে ৫২)। কিন্তু পেরমল তাঁকেও রান আউট করে দেওয়াতেই আশার সমাধি।১০৩ রানে ৪ উইকেট হারানোর পর নেমে ক্যারিবিয়ানদের ইনিংস টেনে নিয়ে গেছেন অধিনায়ক ব্রাফেট (৭৮ বলে ৬৪)। দুর্দান্ত ফর্মে থাকা কাইল হোপ যথারীতি পেয়েছেন রান। অপ্রত্যাশিতভাবে নায়ক হিসেবে উঠে এসেছিলেন মার্শাল আয়ুব, ৪ উইকেট নিয়ে ২২৫ রানে বেঁধে ফেলেছিলেন ক্যারিবীয়দের। কিন্তু এই মাঝারি লক্ষ্যটাও শেষে টপকাতে পারল না বাংলাদেশ ‘এ।’সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ এইচপি: ৪৮.২ ওভারে ২২৫ (ব্রাফেট ৬৪, হোপ ৪৪, ব্ল্যাকউড ৩০, পেরমল ১৭; মার্শাল ৪/২১, তাসকিন ২/৩৭, নাঈম ১/২৯, এনামুল জুনিয়র ১/৪০, শাহাদাত ১/৪৩, নাজমুল অপু ১/৫২); বাংলাদেশ ‘এ’: ৪৮.৫ ওভারে ২১৪ (ইমরুল ৬১, এনামুল হক ১২, শাহরিয়ার ০, রকিবুল ০, শামসুর ৩৮, নাঈম ৫২, মার্শাল ১৮, শাহাদাত ১, তাসকিন ০, এনামুল জুনিয়র ২, নাজমুল অপু ১৫*; পেরমল ৪/২৯, ওয়ারিক্যান ২/২৪, ব্রাফেট ২/৪২, ডয়েস ১/৫৬)। ফল: ওয়েস্ট ইন্ডিজ এইচপি ১১ রানে জয়ী।