বাংলা সিনেমার মতোই তাঁর জীবনের গল্প

এক পা, দুই পা করে স্বপ্ন পূরণে এগোচ্ছেন সেইবার ডেভিড আভিলা। রিও অলিম্পিকে বক্সিংয়ে ছেলেদের ফ্লাইওয়েটের শেষ আটে উঠেছেন কলম্বিয়ার এই বক্সার। বৃহস্পতিবার রাশিয়ার আলোইয়ান মিশাকে হারাতে পারলে নিশ্চিত হবে সেমিফাইনাল। স্বপ্নযাত্রায় কতটা এগোতে পারবেন আভিলা, সময়ই বলে দেবে। তবে যতটা এসেছেন, সেটিও কি কম গৌরবের!
আভিলার জন্ম কলম্বিয়ার বন্দরনগরী টারবোয়। পানামার সীমান্তবর্তী এই শহরে বেশি দিন থাকা হয়নি তাঁর। আভিলার বয়স যখন পাঁচ, কলম্বিয়ার আধাসামরিক বাহিনীর প্রধান সালভাতোরে মানকুসো, যুক্তরাষ্ট্র যাকে কলম্বিয়ার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী বলে, হানা দেয় তাঁদের বাড়িতে। মেরে ফেলে তাঁর চাচাকে। প্রাণভয়ে ভিটে-বাড়ি ছেড়ে আভিলার পরিবার চলে যায় কলম্বিয়ার রাজধানী বোগোতায়। দুঃসহ সেই স্মৃতি তাঁর চোখে যেন আজও ভাসে, ‘ওই মানকুসো ছিল খুব খারাপ। তারা আমার চাচাকে খুন করলে মা বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয়।’
হঠাৎই বাস্তুচ্যুত হয়ে শূন্য থেকে শুরু করতে হয় আভিলাদের। এর চার বছর পর আশার আলো খুঁজে পান তিনি। এ পর্যন্ত যেন বাংলা সিনেমারই গল্প। শুধু পার্থক্য, বাংলা সিনেমায় নায়ক পুলিশ হয়ে প্রতিশোধ নেয়, আভিলা হয়েছেন বক্সার। কে জানে, শৈশবের সেই রাগ-ক্ষোভ রিংয়ে প্রতিপক্ষের ওপরই ঝাড়েন কি না। হয়তো কল্পনায় প্রতিপক্ষকে বানিয়ে দেন ভিলেনের শিষ্য!
কৌতুক সরিয়ে রেখেও বলা যায়, বক্সিং সত্যিই আভিলাকে দিয়েছে নতুন জীবনের খোঁজ। মায়ের উৎসাহে মূলত বক্সিংয়ে আসা তাঁর। জীবনের নানা ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময় পেরিয়ে তিনি এখন রিওতে, কলম্বিয়ার পতাকা হাতে। দেশকে সোনা এনে দেওয়ার লক্ষ্য তো আছেই। আভিলা চান মায়ের মুখেও হাসি ফোটাতে, তাঁকে কিনে দিতে চান নতুন বাড়ি। শিশু-কিশোরদের খেলার সুযোগ করে দেওয়ারও ইচ্ছে আছে আভিলার, ‘বাচ্চাদের খেলার সুযোগ-সুবিধা থাকবে, এমন কিছু তৈরি করতে চাই।’
সত্যিকারের ভিলেনকে মেরে প্রতিশোধ হয়তো নেওয়া হবে না। তবে মানকুসোদের ফাঁদে পড়ে কোনো কিশোর যেন অন্ধকার পথে পা না বাড়ায়, তাদের বরং মুষ্টিযুদ্ধ খেলা দিয়েই আলোর পথে রাখা যায়, এ তো অনেক বড় জয়। সেটাই স্বপ্ন আভিলার। সূত্র : এএফপি।