বাংলাওয়াশের নায়কেরা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিজ জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সিরিজ সেরা মুশফিক। ছবি: শামসুল হক
সিরিজ জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সিরিজ সেরা মুশফিক। ছবি: শামসুল হক

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সেরা পারফরম্যান্স কোনটি? আজ শামসুর রহমানের অনবদ্য ৯৬ রানের ইনিংসটি; দ্বিতীয় ওয়ানডেতে রুবেল হোসেনের হ্যাটট্রিক কীর্তি, নাকি প্রথম ওয়ানডেতে নাঈম-মুশফিকের ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে টেনে তোলা ওই জুটিটি! দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটে-বলে সোহাগ গাজীর জ্বলে ওঠার ওই মুহূর্তটিকেই বা আপনি বাদ দেবেন কীভাবে!

বিন্দু বিন্দু জলকণায় যেমন বিশাল সিন্ধুর উত্পত্তি, ঠিক তেমনি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজজুড়েই অনেকগুলো পারফরম্যান্সের গাঁথা মালাই শেষ পর্যন্ত বিজয়মাল্যে পরিণত বাংলাদেশের জন্য। যে কথাটা বারবার বলা হচ্ছে, কোনো নির্দিষ্ট পারফরমারের পারফরম্যান্স নয়, সবার সম্মিলিত প্রচেষ্টা আর যূথবদ্ধ প্রত্যয়ই নতুন দিনের এই বাংলাদেশের মূল অস্ত্র।

প্রথম ওয়ানডেতে নাঈম-মুশফিকের ওই জুটিটির কথাই ধরা যাক না! মাত্র ২৫ রানে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের যখন চরম বিপর্যয়, ঠিক তখনই জ্বলে উঠলেন নাঈম আর মুশফিক। চতুর্থ উইকেট জুটিতে ১৫৪ রান তুলে সামাল দিলেন অভাবনীয় এক বিপর্যয়। এই জুটিতে ভর করেই স্কোরবোর্ডে বাংলাদেশ তুলল ২৬৬ রান। পুরো সিরিজে প্রেরণাদায়ী কিংবা আত্মবিশ্বাস জোগানোর দৃষ্টিকোণ থেকে ওই জুটিটি তো ছিল অমূল্য।

ওই ম্যাচেই বৃষ্টি এসে যখন বিঘ্ন ঘটাল খেলায়। দেড় ঘণ্টা বন্ধ থাকার পর মাঠে নেমে নিউজিল্যান্ড যখন ম্যাচ জয়ে আত্মবিশ্বাসী, ঠিক তখনই নিজের এক অসাধারণ স্পেলে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে পঞ্চম হ্যাটট্রিক কীর্তিটি গড়ে ফেললেন রুবেল। ২৬ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের পক্ষে সেরা বোলিং কীর্তিটিও গড়লেন রুবেল। মাশরাফি বিন মুর্তজার সঙ্গে ব্র্যাকেটবন্দী হওয়ার ওই মুহূর্তটি সিরিজে নিউজিল্যান্ডের আত্মবিশ্বাস ভেঙে চুরমার করে দিয়েছে বলেই অভিমত সবার। সিরিজে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ সাত উইকেটও এই পেসারেরই দখলে। ইনজুরি থেকে ফেরার পর তাঁর কাছ থেকে এমন কিছুরই তো প্রত্যাশা ছিল বাংলাদেশ দলের।

এই সিরিজে মাশরাফি নিজের মতো করে ফিরেছেন। আজ ফতুল্লায় তৃতীয় ওয়ানডেতে বোলিংটা ভালো না হলেও প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে মাশরাফির নিজেকে উজাড় করে দেওয়া স্পেলগুলোর নেপথ্য অবদান কিন্তু একেবারে কম নয়। বরং একথা জোর দিয়ে বলা যায়, প্রথম দুটি ওয়ানডেতে তাঁর বোলিংয়ের ওপর ভর করেই আত্মবিশ্বাস অর্জন করেছেন বাংলাদেশের বাকি বোলাররা। সেই অর্জিত আত্মবিশ্বাসেই সব ধরনের দর্প চূর্ণবিচূর্ণ হয়ে গেছে কিউই বাহিনীর।

এই সিরিজে ব্যাট-বলে অনন্য অবদান অনেকেরই। সবচেয়ে বেশি রান নাঈম ইসলামের। ৩ ম্যাচে ৫৪.৩৩ গড়ে তাঁর সংগ্রহ ১৬৩। সবচেয়ে বড় কথা সিরিজে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ইনিংস (৮৪ ও ৬৩) খেলে নিজের ফেরাকে স্মরণীয় করেছেন এই অলরাউন্ডার।

অধিনায়ক মুশফিকুর রহিম ব্যাটের রানে নাঈমের পেছনে পড়লেও উইকেটরক্ষক হিসেবে তাঁর অর্জনগুলো তাঁকে সিরিজ-সেরার মর্যাদায় অধিষ্ঠিত করেছে। কিন্তু এই দুজনের পাশাপাশি আপনি যেন ভুলে যাবেন না সোহাগ গাজী, মাহমুদউল্লাহ কিংবা মুমিনুল হককে। গাজী দ্বিতীয় ওয়ানডেতে ৩৪ রানে ৩ উইকেট নিয়ে সিরিজ জয়ে রেখেছেন অসামান্য অবদান। রুবেলের সাত উইকেটের পর দ্বিতীয় সর্বোচ্চ ৫ উইকেটও নিজের ঝুলিতে পুড়েছেন গাজী।

মুমিনুল ব্যাট হাতে হয়তো টেস্ট সিরিজের পারফরম্যান্সের পুনরাবৃত্তি ঘটাতে পারেননি কিন্তু দলের প্রয়োজনে তিনি জ্বলে উঠেছেন নিজের বাঁ-হাতি স্পিন দিয়ে। দ্বিতীয় ওয়ানডেতে তাঁর ১৩ রানে ২ উইকেটের পারফরম্যান্সকে অবহেলা করে, এমন সাধ্যি কার!

মাহমুদউল্লাহও কম যান না। ব্যাট হাতে তিনটি ওয়ানডেতেই গুরুত্বপূর্ণ তিনটি ইনিংস খেলেছেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক। বল হাতে নিজের স্লো অফস্পিনে তাঁর সংগ্রহ তিন ম্যাচে ৩ উইকেট। আজ ফতুল্লায় ৩৬ রানে তাঁর ২ উইকেটের অর্জনের গুরুত্ব নিতান্তই কম নয়।

পুরো সিরিজে নিষ্প্রভ ছিলেন নাসির হোসেন। আজ আসল দিনেই ঝলসে উঠলেন ‘মিস্টার ডিপেন্ডেবল’। আজ তাঁর ৪৪ রানের ইনিংসটি প্রমাণ করেছে তিনি দলের কত গুরুত্বপূর্ণ খেলোয়াড়।

শামসুর রহমানকে কোন অভিধায় অভিহিত করা যায়? অভিষেক ম্যাচেই প্রতিশ্রুতির স্বাক্ষর রেখেছিলেন। নাথান ম্যাককালামের একটি নিরীহ-দর্শন ফুলটসে দৃষ্টিকটুভাবে স্টাম্পড না হয়ে গেলে হয়তো নিজের ইনিংসটিকে আরও বড় করতে পারতেন তিনি। কিন্তু আজ ফতুল্লায় তিনি যা খেলেছেন, তাকে এক কথায় কী বলা যাবে, তা ভেবে বের করতে যথেষ্ট মাথা খাটাতে হবে ভাষাবিদদের।