বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ
প্রতিযোগিতায় তখন টিকে আছেন তিনজন। যেই শট নিচ্ছেন, করতালিতে মুখরিত হচ্ছে চারপাশ। কারণটা পরিষ্কার হয়ে গেল পাশের স্কোরবোর্ডের দিকে তাকিয়েই, তিন প্রতিযোগীর নামের পাশেই বাংলাদেশের পতাকা! একটু পর তিনজনই উঠলেন বিজয়মঞ্চে। সোনা-রুপা-ব্রোঞ্জজয়ী প্রতিযোগীদের দেশের পতাকা উত্তোলন করা হলো, তিনটি পতাকাই বাংলাদেশের। কী অভাবনীয় দৃশ্য!কুর্মিটোলা গলফ ক্লাবে উত্সবের শুরু অবশ্য এরও অনেক আগেই। শেষ শটটি খেলে দুলাল হোসেন সোনা নিশ্চিত করার সঙ্গে সঙ্গেই চারপাশ থেকে জোয়ারের বেগে ছুটল দর্শক। মুহূর্তের মধ্যেই দুলাল নিজেকে আবিষ্কার করলেন শূন্যে, তাঁকে কাঁধে তুলে নিয়েছে কোনো এক উত্ফুল্ল দর্শক। হঠাত্ করে হয়তো কারও কারও মনে পড়ে গেল, আরে এই ইভেন্টের রুপা ও ব্রোঞ্জও তো জিতেছে বাংলাদেশ! রুপাজয়ী জামাল হোসেন এবং ব্রোঞ্জজয়ী মো. জাকিরুজ্জামানের শূন্যে ভাসা তাই একটু পরে। দিন তিনেক আগে জেতা দলীয় সোনার পর কাল ব্যক্তিগত তিনটি পদকই জয়—এসএ গেমসে এখনো পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে পয়মন্ত ইভেন্টের নাম গলফ। অথচ গেমসে গলফ ঢোকানো নিয়ে কম জল ঘোলা হয়নি। আগে কখানোই কোনো গেমসে না থাকা গলফ নিয়ে প্রশ্ন উঠেছিল বাংলাদেশেই। সেই গলফই দুই হাত ভরে দিল বাংলাদেশকে। বাংলাদেশ যে তিনটি পদকই পাচ্ছে, নিশ্চিত হয়ে গিয়েছিল বেশ খানিকটা আগেই। শেষ দিকে প্রতিযোগিতা তাই সীমাবদ্ধ থাকল শুধু বাংলাদেশের মধ্যে, কে পাচ্ছেন সোনা, আর কে রুপা।তৃতীয় রাউন্ড পর্যন্তও ২০৮ গ্রস স্কোর নিয়ে সবার চেয়ে এগিয়ে ছিলেন জামাল। ২১১ নিয়ে দুলাল এবং জাকির যৌথভাবে ছিলেন দুইয়ে। দুলাল বাজিমাত করেন চতুর্থ রাউন্ডে, জামাল এবং জাকির যেখানে স্কোর করেন ৭২ করে, সেখানে দুলাল ৬৬। দুলাল পরে জানালেন, এটাই তাঁর ক্যারিয়ার-সেরা স্কোর, এত ভালো আগে কখনো করেননি। ৭২ হোলের ম্যাচে দুলালের চূড়ান্ত স্কোর মাইনাস ১১, জামালের মাইনাস ৮, আর জাকিরের মাইনাস ৫। বাংলাদেশের আরেকজন প্রতিযোগীও ছিলেন, বাবার মৃত্যুশোককে শক্তিতে পরিণত করে দুই দিন আগেই যিনি দলীয় সোনা জিতেছেন সেই সাখাওয়াত। ব্যক্তিগত ইভেন্টে কোনো পদক পাননি, কিন্তু দেশের জন্য নিজের মনের সঙ্গে যুদ্ধ করে ২৮ জন প্রতিযোগীর মধ্যে হয়েছেন ষষ্ঠ, এটাই বা কম কি!কোনো ইভেন্টের তিনটি পদকই একটি পতাকার নিচে যাওয়া নতুন কিছু নয়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তো আর এটা সচরাচর ঘটে না। দেশকে বিরল সম্মান যাঁরা এনে দিলেন, তাঁদের কেমন লাগছে? তিনজনের মধ্যে সবার পেছনে যিনি সেই জাকিরই কথা বললেন সবার আগে, ‘সোনার আশা ছিল সবারই, কিন্তু কে কী পেল, এটা ব্যাপার না। সবচেয়ে বড় কথা হলো দেশ জিতেছে।’ তিন দিন এগিয়ে থেকেও সোনা না পেয়ে একটু হতাশ, তবে সতীর্থদের কৃতিত্বে খুশি জামালও। আর দুলাল? ‘গত এক বছর আমরা অনেক কষ্ট করেছি। প্রতিদান পেয়ে ভালো লাগছে।’তিনজনকে ঘিরে যখন চলছে আনন্দের বন্যা, চলছে একের পর এক ফটোসেশন, দেশি-বিদেশি গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানানো, পাশে দাঁড়িয়ে সব দেখছিলেন কোচ বাবু আহমেদ। সাফল্যের নেপথ্য নায়ক ঘোরাফেরা করছেন শান্ত ভঙ্গিতে, কিন্তু চোখমুখ থেকে ঠিকরে পড়ছিল আনন্দ। শিষ্যদের কীর্তিতে গর্বিত কোচের কণ্ঠে তাই তৃপ্তি, ‘গেমসে গলফের অন্তর্ভুক্তি নিয়ে অনেক কথা হয়েছে। অলিম্পিক অ্যাসোসিয়েশন আমাদের কাছে সোনা চেয়েছিল, কিন্তু আমাদের প্রতিজ্ঞা ছিল সব কটি পদকই জিতে আমরা সবাইকে দেখিয়ে দেব। সেটা করতে পেরে খুবই ভালো লাগছে।’প্রতিযোগিতা শেষ হওয়ার অনেকক্ষণ পরও মাটির ছোঁয়া পাচ্ছিলেন না দুলালেরা। ঘুরছিলেন সবার কাঁধে কাঁধেই। সবার অগোচরে, নিভৃতে, নিজেদের মতো প্রতিদিন অনুশীলন চালিয়ে যাওয়া ছেলেগুলোই দেশকে করলেন গর্বিত, তাঁদের তো সবার ওপরেই থাকার কথা!