অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ১৯ আগস্ট ব্রিসবেনের এনডোভার পার্ক-২-এ ম্যাচটি অনুষ্ঠিত হবে। কোয়ার্টার ফাইনালের অন্য দলগুলো হলো দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। শেষ আটের লড়াইয়ে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের দিনই টনি আয়ারল্যান্ড স্টেডিয়ামে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে। অন্য দুটি কোয়ার্টার ফাইনাল হবে পরের দিন ২০ আগস্ট। ওই দিন টনি আয়ারল্যান্ড মাঠে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান এবং এনডোভার পার্ক-১-এ ওয়েস্ট ইন্ডিজ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশ গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও নামিবিয়াকে হারালেও বড় ব্যবধানে হেরে যায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অস্ট্রেলিয়া কোয়ার্টার ফাইনালের পথে পেছনে ফেলেছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও নেপালকে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারলেও গ্রুপের অন্য দুই দল নেপাল ও আয়ারল্যান্ডকে হারিয়ে ইংল্যান্ড খুব সহজেই নিশ্চিত করে নিজেদের শেষ আট। ভারত প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেলেও পরের দুই ম্যাচে জিম্বাবুয়ে ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে শেষ আট নিশ্চিত করে। পাকিস্তান নিজেদের গ্রুপের তিনটি ম্যাচেই জয় পেয়েছে নিউজিল্যান্ড, আফগানিস্তান ও স্কটল্যান্ডের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজ গ্রুপের সব ম্যাচেই জিতে কোয়ার্টার ফাইনালে। সব ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে যাওয়া আরেক দল দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ড পাকিস্তানের কাছে হারলেও আফগানিস্তান ও স্কটল্যান্ডকে হারিয়ে পৌঁছে যায় কোয়ার্টার ফাইনালে। টেস্ট খেলুড়ে দেশ হিসেবে কোয়ার্টার ফাইনালে পৌঁছতে পারেনি শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে।