বাংলাদেশ আই লাভ ইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহির্বিশ্বে সম্ভাবনাময় সদ্য স্বাধীন বাংলাদেশকে তুলে ধরতে তৈরি হবে একটি তথ্যচিত্র। এই তথ্যচিত্রে উপস্থাপক হিসেবে এমন একজনকে চাই, যিনি সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্য। ঠিক হলো বিশ্বখ্যাত মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর নাম। কীভাবে যুক্ত হলেন তিনি, তৈরি হলো তথ্যচিত্র—বিস্তারিত লিখেছেন মুহাম্মদ লুৎফুল হক।

প্রথমা প্রকাশন থেকে প্রকাশিতব্য মোহাম্মদ আলীর বাংলাদেশ জয় বইয়ের অংশবিশেষ

মোহাম্মদ আলী ও ভেরোনিকা আলী। সিলেট, ১৯ ফেব্রুয়ারি, ১৯৭৮
মোহাম্মদ আলী ও ভেরোনিকা আলী। সিলেট, ১৯ ফেব্রুয়ারি, ১৯৭৮

স্বাধীনতার পরে নানা কারণে বাংলাদেশের ভাবমূর্তি খুব একটা উজ্জ্বল হতে পারেনি। বিভিন্ন নেতিবাচক প্রচারণার জন্য বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে মানুষের ধারণা খুব একটা উন্নত ছিল না। বিষয়টি দেশবাসীকে যেমন পীড়া দিত, বাংলাদেশকে ভালোবাসেন এমন বিদেশিরাও এতে বিব্রত হতেন। ১৯৭৭ সালের শেষের দিকে বাংলাদেশকে বহির্বিশ্বে ইতিবাচকভাবে উপস্থাপনের জন্য ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রেগিল্যান্ড মেসি একটি রঙিন তথ্যচিত্র তৈরির পরিকল্পনা করেন।
রেগিল্যান্ড দক্ষিণ এশিয়ার ইতিহাস নিয়ে কাজ করতেন। তিনি বিভিন্ন বিষয়ের ওপর তথ্যচিত্র নির্মাণের সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি লন্ডনের সেভেন স্টারস ফিল্মস নামের সিনেমা কোম্পানির চেয়ারম্যান ছিলেন। এই কোম্পানির ব্যবস্থাপনা ও অর্থনৈতিক পরিচালক ছিলেন ভারতীয় বংশোদ্ভূত ওমর আহমেদ। তিনিও বাংলাদেশ নিয়ে রেগিল্যান্ডের পরিকল্পনাকে সমর্থন করেন। ওমর আহমেদ তথ্যচিত্রটি নির্মাণের বিষয়ে তাঁর বাংলাদেশি বন্ধু গিয়াস উদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেন। লন্ডনে রেগিল্যান্ড, ওমর ও গিয়াস উদ্দিনের মধ্যে আলোচনা হয়। গিয়াস উদ্দিন বাংলাদেশ নিয়ে তথ্যচিত্রের ধারণাটিকে সমর্থন করেন। তিনি মনে করেন যে এই তথ্যচিত্রটি পশ্চিমা বিশ্বে সত্যিকার বাংলাদেশকে তুলে ধরতে এবং বীর শহীদদের মর্যাদাকে সমুন্নত রাখতে সহায়তা করবে। সেভেন স্টারস ফিল্মসের পক্ষ থেকে তাঁকে বাংলাদেশি অংশীদার হিসেবে প্রস্তাব করলে গিয়াস উদ্দিন তা গ্রহণ করেন। গিয়াস উদ্দিন কক্সবাজারের অধিবাসী ছিলেন। তিনি ঢাকায় ব্যবসা করতেন এবং তাঁর প্রতিষ্ঠানের নাম ছিল সেতু করপোরেশন। উভয় পক্ষের আলোচনা শেষে তথ্যচিত্রটি লন্ডনের সেভেন স্টারস ফিল্মস এবং বাংলাদেশের সেতু করপোরেশনের যৌথ উদ্যোগে নির্মাণের সিদ্ধান্ত হয়। এরপর তাঁরা কয়েক দফা বাংলাদেশ সফর করেন। তথ্যচিত্রের শিরোনাম নির্ধারিত হয় ‘বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি’। তথ্যচিত্রটি ১৯৭৮ সালের শেষের দিকে প্রদর্শনের জন্য সারা বিশ্বে মুক্তি দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়।
রেগিল্যান্ড ও অন্যরা সিদ্ধান্ত নেন যে ছবির উপস্থাপক হিসেবে এমন একজন ব্যক্তিকে নির্বাচন করতে হবে, যিনি সারা বিশ্ব, বিশেষ করে পশ্চিমা বিশ্বের কাছে গ্রহণযোগ্য। মোহাম্মদ আলী ছিলেন এ সময়ের শ্রেষ্ঠ মুষ্টিযোদ্ধা। শুধু বক্সিং রিংয়ে নয়, এর বাইরেও তাঁর মানবিক গুণাবলির জন্য তিনি ছিলেন আলোচনার শীর্ষে। তিনি বহু গুণে গুণান্বিত ছিলেন। তখন তাঁকে বৈশ্বিক আইকন বলা হতো। তিনি ছিলেন সে সময়ের সবচেয়ে বিখ্যাত এবং সুপরিচিত মুখ। বিশেষ করে ভিয়েতনাম যুদ্ধের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়ে তিনি তুমুল আলোড়ন তোলেন। জায়ার, ফিলিপাইনসহ সে সময়ে বিভিন্ন অনুন্নত দেশে তিনি কয়েকটি বাউটে অংশ নিয়ে তৃতীয় বিশ্বের সঙ্গে মুষ্টিযুদ্ধকে সম্পৃক্ত করেছিলেন। এরপর কী হলো তা শুনুন রেগিল্যান্ডের ভাষায়, ‘অনেক আলোচনার পর আমরা সিদ্ধান্ত নিই যে বাংলাদেশকে সফলভাবে তুলে ধরার জন্য যোগ্যতম ব্যক্তি হচ্ছেন কালো মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী (দ্য গ্রেটেস্ট), যিনি বিশ্বজুড়ে ভালোবাসা ও শ্রদ্ধার পাত্র। সত্যি বলতে কি আলীর প্রতি আমেরিকার প্রেসিডেন্ট জিমি কার্টার ও তাঁর মায়েরও খুব মমত্ব ছিল। সমস্যা ছিল আলীর সঙ্গে যোগাযোগ করব কীভাবে। লস অ্যাঞ্জেলেসে কয়েকবার আলীর সঙ্গে দেখা করলাম এবং শেষে আলী বাংলাদেশকে বিশ্বদরবারে উপস্থাপনে রাজি হলেন।’

১৮ ফেব্রুয়ারি, ১৯৭৮ সকাল ১০টা ২০ মিনিট মোহাম্মদ আলী বিমান থেকে নামছেন। তেজগাঁও বিমানবন্দর
১৮ ফেব্রুয়ারি, ১৯৭৮ সকাল ১০টা ২০ মিনিট মোহাম্মদ আলী বিমান থেকে নামছেন। তেজগাঁও বিমানবন্দর

এরপর আলীর বাংলাদেশ সফরের প্রস্তুতি শুরু হয়। আলী তথ্যচিত্রে উপস্থাপকের ভূমিকা পালন করেন। তিনি এই তথ্যচিত্রটি প্রধান প্রধান মার্কিন নেটওয়ার্কে প্রদর্শনের জন্য তাঁর প্রভাব খাটাতেও প্রতিশ্রুতি দিয়েছিলেন।
মোহাম্মদ আলীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে এই তথ্যচিত্রটির চিত্রনাট্য তৈরি করা হয়। অর্থাৎ, আলী সফরে যেখানে যেখানে যাবেন এবং যা যা করবেন, তার মাধ্যমে বাংলাদেশ ও তার জনগণকে তুলে ধরা হবে। চিত্রনাট্যের প্রয়োজনে বাংলাদেশে আলীর সফর ও বিভিন্ন অনুষ্ঠান সরাসরি চিত্রিত করা হয়। চিত্রনাট্য অনুযায়ী আলী সব জায়গায় বা অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। যেমন তিনি সুন্দরবন যাননি বা তথ্যচিত্রে প্রদর্শিত বিয়ের অনুষ্ঠানেও অংশ নেননি। এ বিষয়গুলোকে আলাদাভাবে চিত্রিত করে তথ্যচিত্রে যুক্ত করা হয়। তথ্যচিত্রটি আলীর সফরের আগে-পিছে তিন মাস ধরে বাংলাদেশের বিভিন্ন স্থানে শুটিং করা হয়।
চিত্রনাট্যে রেগিল্যান্ড মুসলিম বিয়ের পুরো অনুষ্ঠান ধারণ করেন। বিদায়ের দৃশ্য চিত্রায়নের সময় বাবার বুক খালি করে মেয়ের চলে যাওয়ার কথা মনে হলে রেগিল্যান্ডের চোখ এখনো সজল হয়ে ওঠে বলে সাম্প্রতিক সাক্ষাৎকারে উল্লেখ করেছেন।

১৮ ফেব্রুয়ারি, ১৯৭৮। বিমানবন্দর থেকে অতিথি ভবন পদ্মার দিকে যাচ্ছেন।
১৮ ফেব্রুয়ারি, ১৯৭৮। বিমানবন্দর থেকে অতিথি ভবন পদ্মার দিকে যাচ্ছেন।

আলী তাঁর বাংলাদেশ সফরকালে অনেকবারই এই তথ্যচিত্রটির কথা উল্লেখ করেছিলেন। ঢাকার নাগরিক সংবর্ধনায় তিনি তাঁর বাংলাদেশ সফরের পটভূমির কথা ব্যাখ্যা করেন এবং ওমর আহমেদকে মঞ্চে এনে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। আলী তথ্যচিত্রে অভিনয় ও ধারাভাষ্যের জন্য নিজে থেকে কোনো পারিশ্রমিক দাবি করেননি, তবে রেগিল্যান্ডের ভাষ্য অনুযায়ী আলীকে অল্প কিছু সম্মানী দেওয়া হয়েছিল, যা আলীর মানদণ্ডে খুবই নগণ্য ছিল। আলীর অভিনয় প্রতিভা সম্পর্কে রেগিল্যান্ড বলেন, ‘আমি আমার চলচ্চিত্র কর্মীদের নিয়ে আলীর চিত্র ধারণ করি আর দেশের সৌন্দর্য উপভোগ করি। তিনি ছিলেন প্রতিভাবান, বিশেষ করে যখন তিনি ক্যামেরার দিকে তাকিয়ে সরাসরি কথা বলতেন। আলী ছিলেন একজন স্বভাবজাত উপস্থাপক।’
ছবিটি সম্পাদনা করতে তিন মাস সময় লেগেছিল। সম্পাদনের সময় রেগিল্যান্ড আলীর সফরকে ব্যবহার করে সদ্য স্বাধীন সত্তরের দশকের বাংলাদেশকে তুলে ধরেন। রেগিল্যান্ড তথ্যচিত্রে বাংলা লোকসংগীত ও যন্ত্রসংগীত ব্যবহার করেন।

২২ ফেব্রুয়ারি, ১৯৭৮। বিদায়লগ্নে মোহাম্মদ আলী
২২ ফেব্রুয়ারি, ১৯৭৮। বিদায়লগ্নে মোহাম্মদ আলী

তথ্যচিত্রটি নির্মাণে বাংলাদেশি ছাড়াও ব্রিটিশ, স্কটিশ, আমেরিকান ও নিউজিল্যান্ডের চলচ্চিত্রকর্মীরাও সম্পৃক্ত হন। রেগিল্যান্ডকে যাঁরা কারিগরি ও অন্যান্য সহযোগিতা করেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন ধারা বর্ণনায় নিউজিল্যান্ডের লেখক ও সাংবাদিক মার্ক আলেক্সান্ডার, চিত্রগ্রহণে স্কটল্যান্ডের লুইস রোরি ম্যাকলয়েড, চিত্রগ্রহণে সহকারী ছিলেন এম এ মবিন ও সাইফুল হক, শব্দগ্রহণে এরিক চোহান, শব্দগ্রহণে সহকারী ছিলেন ফজলুর রহমান আর সম্পাদনায় জেফ।
তথ্যচিত্রটি মুক্তি দেওয়ার আগে এটির নাম পরিবর্তন করা হয়। নতুন নামকরণ করা হয় ‘মোহাম্মদ আলী গোজ ইস্ট: বাংলাদেশ, আই লাভ ইউ’। তথ্যচিত্রটি লন্ডনের আইটিসি নামের একটি কোম্পানি পরিবেশনার দায়িত্ব নেয় এবং এটি চ্যানেল ফোর-এ প্রদর্শিত হয়। রেগিল্যান্ডের দেওয়া তথ্যে জানা যায়, আলী তথ্যচিত্রটি জিমি কার্টারকে তাঁর ওভাল অফিসে দেখিয়েছিন, প্রেসিডেন্ট এটির প্রশংসাও করেছিলেন। রেগিল্যান্ড লেখককে জানিয়েছেন যে তথ্যচিত্রটি দেখার পর কার্টার বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার অনুদান দিয়েছিলেন।
প্রদর্শনের পর তথ্যচিত্রটি সবার মনোযোগের বাইরে চলে যায়। কিছুদিন পর রেগিল্যান্ডও তথ্যচিত্রটি সম্পর্কে বিস্মৃত হন। ২০১০ সালে মাসুদ আহমেদ নামের একজন লন্ডনপ্রবাসী বাংলাদেশি তথ্যচিত্রটির সন্ধান পান। মাসুদ আহমেদ একজন স্বাধীন তথ্যচিত্র নির্মাতা ছিলেন। তিনি আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে বিভিন্ন বিষয়ে তথ্যচিত্র নির্মাণ করেছিলেন। আহমেদুল্লাহ নামে মাসুদের এক বন্ধুর সংগ্রহে এই তথ্যচিত্রটি ছিল। আহমেদুল্লাহ একজন শৌখিন ফিল্ম সংগ্রাহক ছিলেন। তাঁর কাছে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের ফিল্মের একটা বড় সংগ্রহ ছিল। আহমেদুল্লাহর কাছে থাকা তথ্যচিত্রের টেপটি ভিএইচএস ফরম্যাটে রেকর্ড করা হয়েছিল। মাসুদ আহমেদুল্লাহর কাছ থেকে নিয়ে এটিকে ডিভিডি ফরম্যাটে রূপান্তর করেন। এরপর লন্ডনস্থ বাংলাদেশিদের সংগঠন ‘ব্রুকলেন সার্কেল’ এটি ২০১২ সালের ৬ অক্টোবর লন্ডনের দ্য রিচ মিক্স সেন্টারে প্রদর্শন করে। ছবির পরিচালক রেগিল্যান্ডও সেই প্রদর্শনীতে ছিলেন এবং তথ্যচিত্র নির্মাণ বিষয়ে তিনি সেদিন বিস্তারিত বলেছিলেন।