বাংলাদেশ আগেই চ্যাম্পিয়ন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিহিন লঙ্কার পেট ফুঁড়ে কলম্বোর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখতেই চোখ কপালে ওঠার জোগাড়, হাসিমুখে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাচ্ছেন মাহেলা জয়াবর্ধনে! ঠিক পেছনেই মুত্তিয়া মুরালিধরন। শহীদ আফ্রিদি, শেন ওয়াটসনরাও আছেন। সিঁড়ি বেয়ে নিচে নামতেই লাসিথ মালিঙ্গা, দুহাত বাড়িয়ে যেন জড়িয়ে ধরার অপেক্ষায়। আসলে তারকা ক্রিকেটারদের বিশাল আকৃতির কাট আউটগুলোই জানান দিচ্ছিল, ‘এসে গেছ বিশ্বকাপের আরেক দেশে!’শ্রীলঙ্কার একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর, অথচ লোকের ভিড় বলতে গেলে নেই-ই। চারপাশ কেমন আশ্চর্য রকম শান্ত। দূর থেকে ইমিগ্রেশন কর্মকর্তাদের দেখে মনে হচ্ছিল সবাই ঘুমিয়ে আছেন, ভরদুপুরে কাজ না থাকলে যা হয় আর কি! প্রকৃতি আর প্রযুক্তি মিলিয়ে বিমানবন্দর থেকে মূল রাস্তা পর্যন্ত যাওয়ার ছোট্ট পথটুকুু চমৎকার। বাইরে বেরিয়েও চোখে পড়ল বিশ্বকাপের নগরে আহ্বান জানিয়ে তারকা ক্রিকেটারদের বিলবোর্ড, ব্যানার-বিজ্ঞাপন।খটকাটা লাগতে শুরু করল একটু পর থেকেই, ট্যাক্সি যখন ছুটতে শুরু করল কলম্বো শহরের দিকে। ট্যাক্সিও আবার অদ্ভুত, আলাদা কোনো রং নেই। সামনে-পেছনে, ডানে-বাঁয়ে-ওপরে কোথাও ট্যাক্সি-জাতীয় কিছু লেখা নেই। আদতে এটা প্রাইভেট কার, কিন্তু ট্যাক্সি হিসেবে ব্যবহার করা হয়। এখানে নাকি এটা রীতি!যা হোক, বিমানবন্দর থেকে কলম্বো শহর পর্যন্ত ৩৫ কিলোমিটার পথে বিশ্বকাপ নগরের রেশ পাওয়া গেল সামান্যই। মাঝেমধ্যে দু-একটা বিলবোর্ড, চৌরাস্তা বা তিন রাস্তার মাঝের সড়কদ্বীপে তারকা ক্রিকেটারদের কাট আউট ছাড়া তেমন কিছু নেই। একটি মোবাইল কোম্পানির বিলবোর্ড অবশ্য দেখা গেল অনেক, যেটির থিম ‘আই অ্যাম শ্রীলঙ্কা’, মানে দেশের প্রতিটি মানুষকে দলের পেছনে থাকার আহ্বান।ট্যাক্সিচালক নিহাল আশ্বস্ত করলেন, কলম্বো শহরে ঢুকলে নাকি অনেকটাই বোঝা যাবে। মনে একটা ভয়ও ঢুকিয়ে দিলেন একই সঙ্গে, ট্যাক্সি কলম্বোতে ঢুকবে পাঁচটার দিকে। অফিস ছুটির সময়, কলম্বোর রাস্তায় নাকি তীব্র যানজট থাকবে। কেমন সেই যানজট? তিন-চারটে সিগন্যালে থামতে হলো, কিন্তু কোথাও মিনিট তিন-চারের বেশি নয়। এটাই নাকি ভয়াবহ যানজট! কলম্বোতে ঢুকেও বিশেষ কিছু চোখে পড়ল না। স্রেফ বিলবোর্ড-বিজ্ঞাপনের সংখ্যা একটু বেশি, এই! বিশ্বকাপ যদি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বা দক্ষিণ আফ্রিকায় হতো, তাতেও তো বিশ্বকাপের সময় এর চেয়ে বেশি হওয়ার কথা! ক্রিকেট-পাগল দেশে এই অবস্থা? এবার বিস্মিত নিহাল, ‘এর বেশি আর কী হবে? লঙ্কানরা ক্রিকেট-পাগল, এত বেশি উচ্ছ্বাস নেই। বিশ্বকাপ হচ্ছে নিজ দেশে, সবাই খুশি। মজা করে খেলা-টেলা দেখবে। আর কী হবে?’আর কী হবে? সেটা দেখতে হলে তো বাংলাদেশে আসতে হবে! গতকাল শ্রীলঙ্কার অনুশীলন দেখতে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে গিয়েও আলাদা কিছু চোখে পড়েনি। এই মাঠে হয়তো কোনো ম্যাচ নেই, কিন্তু অনুশীলন ভেন্যু তো, বিশ্বকাপের ছাপ থাকবে না! কিচ্ছু নেই। গত দেড় দিনে নানা শ্রেণীর আরও অনেকের সঙ্গে কথা বলে নিহালের কথাগুলোই সত্যি বলে মনে হয়েছে। সবার কথা প্রায় একই রকম। সবচেয়ে যেটি অবাক লেগেছে, উন্মাদনা দূরের ব্যাপার, উত্তেজনাই তেমন নেই। বাংলাদেশের প্রতিটি কোণে এখন সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ ক্রিকেট। চারদিক তাকাতে হবে না, ঢাকার বাতাসে শ্বাস নিলেও যে কেউ বুঝে যাবে কিছু একটা হচ্ছে এই শহরে। অথচ এখানে ক্রিকেট সবাই পছন্দ করে, কিন্তু মাতামাতি নয়!বিস্ময়ের পাশাপাশি অন্য রকম এক ভালোলাগাতেও মন ভরে গেল। মহেন্দ্র সিং ধোনি যতই দাবি করুন বাংলাদেশ ও ভারতে ক্রিকেট-উন্মাদনা সমান, মাইক আথারটন কিন্তু ঘোষণা করেই দিয়েছেন, ‘বিশ্বকাপে শ্রীলঙ্কায় যাওয়া হয়নি, তবে নিশ্চিত করে বলতে পারি, ভারতের চেয়ে বাংলাদেশে উন্মাদনা বেশি।’ শুধু সাবেক ইংলিশ অধিনায়কই নন, এই রায় আরও অনেকেরই। আর শ্রীলঙ্কারটা তো নিজ চোখে দেখাই হলো। একটা কথা তাই বুক ফুলিয়ে বলা যায়, শিরোপা শেষ পর্যন্ত যে দেশেই যাক, ক্রিকেটপ্রেমে এখন বাংলাদেশই বিশ্ব চ্যাম্পিয়ন!