বাংলাদেশ আত্মতৃপ্ত নয়: সিডন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে শ্বাসরুদ্ধকর জয়। ঘোর অনিশ্চয়তা কাটিয়ে কিছুটা হলেও খুলে গেছে বাংলাদেশের বিশ্বকাপ দুয়ার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের পর ক্ষোভে ফেটে পড়া সমর্থকেরাও প্রাণ ফিরে পেয়েছে। তবে ইংল্যান্ডের বিপক্ষে জয়ে বাংলাদেশ মোটেও আত্মতৃপ্ত নয় বলে জানিয়েছেন কোচ জেমি সিডন্স।‘প্রতিটি ম্যাচেই আমরা জয়ের চেষ্টা করি। এখানে আত্মতৃপ্তিতে ভোগার কোনো সুযোগ নেই। ওই ম্যাচটা ভুলে গেছি আমরা। নতুন খেলোয়াড়, নতুন পরিকল্পনা, সম্ভবত নতুন একটা দল নিয়ে সামনে এগিয়ে যাব আমরা।’ হল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের মনোভাব প্রশ্নে জেমি সিডন্স।বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে ওঠার নানা সমীকরণ নিয়েও কথা বলেছেন সিডন্স, ‘ইংল্যান্ড পরবর্তী ম্যাচে যদি জেতে, দক্ষিণ আফ্রিকাকে হারাতে না পারলে আমাদের যাওয়া হবে না। এটা অবশ্যই কঠিন। আমার ধারণা, বাংলাদেশ হল্যান্ডকে হারাবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা জিতব, এমন নিশ্চয়তা দিতে পারব না। পরবর্তী দুটি ম্যাচে আমাদের জয় প্রয়োজন। ইংল্যান্ড যদি ওদের ম্যাচে জেতে, আর আমরা শেষ ম্যাচে জিততে না পারলে কোনো লাভ হবে না। আমাদের রান রেট খুবই দুর্বল।’