আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশ খেলতে যাচ্ছে সতর্কতার সঙ্গে। কারণ ২০০৭-এ প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে এরা বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলে বসে। সে হিসেবে বাংলাল্যান্ডের সঙ্গে আয়ারদেশের বিশ্বকাপ মর্যাদা সমান সমান। একটি করে কোয়ার্টার ফাইনাল। কিন্তু বাংলাদেশ বড় ঘরানার দল, আয়ারল্যান্ড তা নয়। এ জন্য চাপটা বাংলাদেশের ওপর। তার ওপর স্বাগতিক দেশ। আমরাও মাঠের বাইরে সবাই একটা পেট ফাঁপা অবস্থায় আছি। বাংলাদেশের নার্ভাস অবস্থা বুঝতে পেরে আইরিশ তাঁবু থেকে গলাবাজির রাজনীতির কৌশল নেওয়া হয়েছে। কেভিন ও’ব্রায়েনের ভাই উইকেটকিপার নেইল ও’ব্রায়েন রসের গুরু। বলেছেন, বাংলাদেশের রাঁধা ভাতে ছাই ঢেলে দেব। আরও সরল বাংলায় হয়, বাপের নাম ভুলিয়ে দেব। তো এই ব্রায়েনকে এক সাংবাদিক জিজ্ঞেস করলেন, তোমার ভাই কেভিনের সঙ্গে তোমার কেমন সম্পর্ক। চটপট জবাব: ভয়াবহ। কথাটা সত্য। আইরিশরা জাতি হিসেবে খুব মতবাদ নিয়ে চলে। আইরিশ লেখক লিয়াম ও’ফ্ল্যাহার্টির ‘দ্য স্নাইপার’ নামক একটি মারাত্মক ছোটগল্প আছে আইরিশ গৃহযুদ্ধের ওপর। আপন দুই ভাই দুই প্রতিপক্ষ দলের হয়ে যুদ্ধে নামে। পরে এক ভাই নিজের অজান্তে আরেক ভাইকে গুলি করে হত্যা করে। আমাদের যেমন পরাধীন থাকার অভিজ্ঞতা আছে, প্রতিরোধ করার অভিজ্ঞতা আছে, সে রকম আইরিশদেরও আছে। তাদের আইআরএ একটি বিখ্যাত প্রতিরোধকারী বিপ্লবী সংগঠন। দ্য উইন্ড দ্যাট শেইকস দ্য বার্লি নামক একটি সাদা-কালো আইরিশ ছবি দেখেছিলাম ভিডিওতে। ইংরেজ দখলদার বাহিনীর বিরুদ্ধে আইরিশদের স্বাধীনতাসংগ্রামের রক্তাক্ত ইতিহাস।বস্তুত যে ইংরেজরা বিশ্বকে ক্রিকেট খেলা উপহার দিয়েছে, সে ইংরেজরা তাদের সাম্রাজ্যবাদী অভিযান শুরু করে প্রথমে আয়ারল্যান্ড দখল করে। আয়ারল্যান্ডে তাদের উপনিবেশবাদে হাতেখড়ি। এ হাতেখড়ির একটি বিস্তৃত বয়ান হচ্ছে ইংরেজ কবি এডমান্ড স্পেনসারের মহাকাব্য দ্য ফেয়ারি কুইন। সুন্দরী রানিটি হলেন এলিজাবেথ, যাঁর অমাত্য লর্ড গ্রের অধীনে সচিবের চাকরি নিয়ে স্পেনসার গিয়েছিলেন ১৫৮০ সালে আয়ারল্যান্ডে, যেটা ছিল তখন ইংরেজদের চোখে সুখের বাগিচা। মহাকাব্যটির বর্ণনা হচ্ছে কীভাবে এ সুখের বাগিচাকে ধ্বংস করে ইংরেজরা তাদের কর্তৃত্ব আরোপ করে। অন্যতম আইরিশ কবি ইয়েটস তাই স্পেনসারের মূল্যায়নে বলেন, জীবন ও কাব্যে স্পেনসার তাঁর পরিচিতি খুঁজেছিলেন রাজ-ক্ষমতার মধ্যে এবং পরে ঔপনিবেশিকবাদী ক্ষমতার মধ্যে। এ জন্য বলছিলাম, ক্রিকেটে প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি হলেও দুই দেশের মধ্যে রাজনৈতিক সমানুপাতিকতা আছে। ১৫ এপ্রিল ২০০৭-এ কেনসিংটন ওভাল, বারবাডোজে বাংলাদেশ ৭৪ রানে আচমকা হেরে যায় আয়ারল্যান্ডের কাছে। এটা ছিল স্রোতের বিপরীতে। কারণ ঠিক এক সপ্তাহ আগে তারা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আশরাফুলের ঐন্দ্রজালিক ৮৭ রানের নিমিত্তে এক মহাবিজয় পেয়েছিল। যা হোক, আয়ারদেশের বিরুদ্ধে সেবার বাংলাদেশের ফিল্ডিং হয়েছিল, ইংরেজিতে যাকে বলে, লিস্টলেস। উদাসীন। বেশ কয়েকটা সহজ ক্যাচ মাটিতে পড়ে যায়। এখনকার ক্যাপ্টেন পোর্টারফিল্ড ১৩৬ বলে ৮৫ করেছিলেন দুই দুইবার জীবন পেয়ে। প্রথমবারেরটা যদিও একটি নো বল ছিল। পিচ ছিল সুয়িং পিচ। তার পরও টসে জিতে আইরিশ অধিনায়ক ট্রেন্ট জনস্টন ব্যাটিং করার বাজি নিলেন। বীরের প্রতি সৌভাগ্যদেবীর চিরদিনের পক্ষপাত। আইরিশরা ২০০ পার হয়ে করেছিল ২৪৭। বড় নিশানা। বাংলাদেশ হয়তো পারত। কিন্তু ভীষণ তাড়াহুড়ো করল তারা। ২১ ওভারে করে ফেলল ১০০ রান। আশরাফুল ৩৬ বলে করলেন ৩৫, পাঁচ ৪, এক ৬ সহযোগে। আশরাফুলের বীণা সে বিশ্বকাপে কোন সুরে বেজেছিল জানি না, কিন্তু সে সুরটা যদি শুক্রবারে তিনি খেলার সুযোগ পান, আর পেলে খুঁজে পান, তা হলে বাংলাদেশ নিশ্চিত হয়। খাতাপত্রে এবং খেলায় বাংলাদেশ অবশ্য এখন অনেক উন্নত। আয়ারল্যান্ড কিছুই নয়। তবুও ভারতের সময় খেলায় লক্ষ করেছিলাম ফিল্ডাররা ঝাঁপ দিয়ে মাটিতে শুয়ে বল ধরছিলেন না। অনেকগুলো রান ওভাবেই বের হয়ে যায়। টিভির সামনে বসে একটা সোজা হিসেবে আমরা ফিল্ডিং অলস হচ্ছে কি হচ্ছে না সেটা বুঝতে পারি। টিভির পর্দায় যখন ব্যাট দিয়ে ঠেলে দেওয়া বলটা অনেকক্ষণ অবধি গড়াতে থাকে, কিন্তু কোনো ছুটন্ত ফিল্ডার স্ক্রিনে ভেসে ওঠে না, তখন বুঝতে পারি যে ফিল্ডিং অলস হচ্ছে।ব্যাটিং-বোলিংয়ে বাংলাদেশ অবশ্যই আয়ারল্যান্ডের চেয়ে অনেক গুণ এগিয়ে, কিন্তু ফিল্ডিংটা খানিকটা ঠিক করতে হয় যে।আজ বাংলাদেশ জিতবে: আজ বাংলাদেশ-আয়ারল্যান্ড খেলা সামনে রেখে কবি নির্মলেন্দু গুণ টেলিফোনে প্রথম আলোকে জানিয়েছেন তাঁর ভবিষ্যদ্বাণী। তা হলো—আজ বাংলাদেশ জয়লাভ করবে, আয়ারল্যান্ড হারবে।