বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচও জিবে জল আনতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিক সময়ে জমে উঠল বিশ্বকাপ। ‘বি’ গ্রুপ তো একের পর এক চমকে দেওয়া ফল উপহার দিয়েই যাচ্ছে। মনে হচ্ছে, সামনের দিনগুলোতে আরও অনেক চমক আসবে। কিছু কিছু দল হোঁচট খেয়েছে। কেউ কেউ ধসেই পড়েছে। বোলাররা উজ্জীবিত পারফরম্যান্স করেছে, আবার হতাশাতেও ডুবিয়েছে। রান-উৎসবের এই বিশ্বকাপে ১৭০ রানের মতো স্কোর নিয়েও একটা দল জিতেছে। ওই দলটাই আবার পুঁচকে প্রতিপক্ষের সঙ্গে ৩২৭ রানের পুঁজি নিয়েও পারেনি।ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারতের দুশ্চিন্তার অনেক কারণ আছে। এই গ্রুপটা মোটেও সহজ নয়। যেকোনো দলই আচমকা আক্রান্ত হতে পারে। এই গ্রুপটা এখন গেরিলা আক্রমণ অঞ্চলের মতো হয়ে গেছে, যেখানে প্রতিটি পদক্ষেপেই পেতে রাখা আছে ফাঁদ। এখনো কোয়ার্টার ফাইনাল সব দলের জন্যই অনেক দূরের পথ। অবশ্য তার পরও আমার মনে হয়, ভারত ভালোমতোই কোয়ার্টার ফাইনালের দিকে এগিয়ে গেছে। এর কারণ, গ্রুপে অপ্রত্যাশিত সব ফলাফল।মজার ব্যাপার হলো, এই পরিস্থিতি সৃষ্টি করেছে আর কেউ নয়—আয়ারল্যান্ড। এখন মনে হচ্ছে, ওদের পক্ষে যে কাউকে হারানো সম্ভব। ভারত আসলে গত রোববার ওদের বিপক্ষে প্রথমে ব্যাট করতে দুশ্চিন্তার মধ্যেই ছিল। সেদিন ওই রান আউটটা না হলে ওরা তো ২৫০-এর বেশি স্কোরই করতে যাচ্ছিল। ৯ রানে ২ উইকেট পড়ে যাওয়ার পরও শেষ পর্যন্ত ভারতকে স্বস্তি দেয়নি। কী হতো ভাবুন তো, সেদিন ধোনি যদি আরও আগে আউট হয়ে যেত!ভারতকে এখনো অনেক বিষয় নিয়ে ভাবতে হবে। বোলাররা একদমই ভালো করছে না। পরিস্থিতি এতটাই খারাপ, সুযোগ থাকলে ভারত এখন ভিক্ষা করে, ধার করে, এমনকি চুরি করে হলেও বাইরে থেকে বোলার নিয়ে আসত। কিন্তু বোলার তো আর বাজারে কিনতে পাওয়া যায় না!অঘটনের শিকার ইংল্যান্ড অবশ্য সেদিন নিজেরাই অঘটন ঘটিয়েছে। মাত্র অল্প কটা রান নিয়েও ইংল্যান্ড জিতে গেল। আইরিশদের বিপক্ষে পরাজয়টাও সামলে নিল ইংল্যান্ড। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা এখন কপাল ঠুকছে। ওদের মনে হচ্ছিল এই বিশ্বকাপের সেরা দলগুলোর একটি। পেস আর স্পিন, ব্যাটসম্যান আর অলরাউন্ডার, আক্রমণাত্মক আর রক্ষণশীল খেলোয়াড়ের দারুণ মিশেল আছে দলটায়। কিন্তু ওদের প্রতিপক্ষ যে ইতিহাসও। প্রতিপক্ষ মানসিক একটা ব্যাপারও। সেটাই ওদের জন্য ভয়ানক হয়ে যেতে পারে।এরপর বলব বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের কথা, যারা নিজেদের চিত্রনাট্য নিজেরাই লিখছে। হল্যান্ডও অন্যদের শান্তিতে থাকতে দিতে চায় না। ভারতীয় সমর্থকদের বলব, শুধু ভারতের কথা ভুলে যান। বিশ্বকাপের প্রতিটি ম্যাচই দেখুন। এই বিশ্বকাপ হতে পারে ছোট দলগুলোরও। আর তাই ইংল্যান্ড-বাংলাদেশ ম্যাচটিও হতে পারে জিবে জল আনার মতো!