টেস্টটা তো বটেই, সিরিজটাই ভারত দারুণভাবে শেষ করল বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে। সকালে প্রথম ১০০ মিনিট অবশ্য ‘নৈশপ্রহরী’ শাহাদাত হোসেন ও মোহাম্মদ আশরাফুল নাছোড় একটা প্রতিরোধের চেষ্টা চালিয়েছিল। কিন্তু এর পরের গল্পটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অতিপরিচিত। ভালো একটা শুরুর পর বাংলাদেশ কতবার নাকানিচুবানি খেয়েছে সেটা ক্রিকেট মহলের ভালোই জানা আছে। আর তাই তামিম ইকবালের দুর্দান্ত ইনিংস, জুনায়েদ সিদ্দিকের সঙ্গে তার জুটি, এর পর আশরাফুল ও শাহাদাতের হাল ধরে রাখা—এত কিছুর মধ্যেও এই শঙ্কাটা ছিল, যেকোনো মুহূর্তে নামতে পারে ধস!ইনিংস পরাজয় ওরা এড়াতে পেরেছে। ওদের জন্য এটা একটা ক্ষুদ্র সান্ত্বনা হতে পারে। কিন্তু যতক্ষণ না আরও বেশি খেলোয়াড় দৃঢ়সংকল্প দেখাবে, পরিণতি এই হবে। বাংলাদেশ তাদের দেশের বিশাল সমর্থকদের তো বটেই, দেশের বাইরেও যারা বিশ্বাস করে, এই দলটার মধ্যে সম্ভাবনা আছে—তাদেরও হতাশ করেই যাবে।তামিমের ব্যাটিং ও জুনায়েদ সিদ্দিকের দৃঢ়তা প্রমাণ করে, তাদের মধ্যে দক্ষতা আর প্রয়োগক্ষমতা আছে। যদিও মুশফিকুর ও মাহমুদউল্লাহর কাছ থেকে আমরা একই দৃষ্টিভঙ্গি আর প্রত্যয় দেখতে পাইনি। কিন্তু দায়িত্ব নিতে হবে সিনিয়রদেরই। প্রথম ইনিংসে ভয়াবহ শট খেলার দোষে যদি অপরাধী হয়ে থাকে আশরাফুল, দ্বিতীয় ইনিংসে অধিনায়ক সাকিবও দেখিয়েছে অহেতুক তাড়াহুড়া। এই দুজনের মধ্যে ভালো খেলার সেই ক্ষমতা আছে। কিন্তু যত দিন না এরা তাদের শট খেলা আর ধৈর্যের মধ্যে ভারসাম্য আনতে পারবে, এরা তত দিন এমন অধারাবাহিক থেকে যাবে, দলেও প্রয়োজনীয় অবদান রাখতে পারবে না। অধিকাংশ সময়েই বাংলাদেশের এই আত্মঘাতী প্রবণতার কথা ভারত জানত বলেই তারা ধৈর্য দেখিয়েছে। বড় কোনো জুটি হওয়ার পর বাকিরা এমনভাবে ব্যাট করে, যেন তারা এরই মধ্যে সেঞ্চুরির চেয়েও বেশি কিছু করে ফেলেছে। এবং এভাবেই তাদের শেষ হয়।তামিম ও জুনায়েদের মধ্যে যখন বড় জুটি গড়ে উঠছিল, তখনই জহির তিনটি উইকেট তুলে নেয়। জহিরের ধারাবাহিকভাবে বোলিংয়ে বৈচিত্র্য আনা, অ্যাঙ্গেলের পরিবর্তনই বাংলাদেশকে ঝামেলায় ফেলে দেয়। প্রথমে জুনায়েদকে একটা অসতর্ক শট খেলার টোপ ফেলেছিল। এর পর ব্যাটের বাইরের কানায় বল লাগিয়ে ফিরিয়েছে সেঞ্চুরি করা তামিমকে, ভারতীয়দের জয়ের রাস্তা করেছে প্রশস্ত। শাহাদাত-আশরাফুল জুটি অনিবার্য পরিণতিটাকে বিলম্বিত করেছে মাত্র। ওঝার দারুণ একটা বল ফেরত পাঠিয়েছে আশরাফুলকে। এর পর জহির আবার এসে গুটিয়ে দিয়েছে বাকিদের। ৩ উইকেটে ২৯০ থেকে ৩১২ রানে অলআউটই বলে দেয়, কতটা ভালো বোলিং করেছে সে। ম্যাচ আর সিরিজ-সেরার পুরস্কার ওর হাতেই ভালো মানায়। ভারতের যা করার দরকার ছিল, তারা সেটাই করেছে। সামনে বড় লড়াই অপেক্ষা করছে ওদের জন্য। ২-০-তে সিরিজ জিতে ওরা সেটারই যেন ভালো প্রস্তুতি নিয়ে রাখল।