বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের টিকিটও শেষ!
বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট শেষ হয়ে গেছে আগেই। কাল জানা গেল আর কোনো টিকিট অবশিষ্ট নেই ৪ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচেরও! আর সে কারণেই হয়তো বিশ্বকাপের টিকিটের প্রতি আগ্রহও কমে গেছে মানুষের। আগের দুই দিনের তুলনায় কাল অনেকটাই শান্তিপূর্ণভাবে চলেছে টিকিট বিক্রির কাজ।সিটি ব্যাংক সূত্রে জানা গেছে, টিকিটিং এজেন্সি কায়াজুঙ্গাই বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের টিকিট শেষ হয়ে যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে তাদের। কাল এই ব্যাংকের ৫০টি বুথ থেকে টিকিট বিক্রি হয়েছে মোট ১৮ হাজারের মতো। তবে এসব তথ্যের কোনোটাই আপাতত বিসিবি বা বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির (এলওসি) কাছ থেকে জানার উপায় নেই। টিকিট বিক্রি সম্পর্কে তাদের একটাই কথা—সব টিকিট বিক্রি হলেই কেবল এ সম্পর্কে তথ্য জানানো হবে।শুধু তা-ই নয়, বিশ্বকাপের টিকিট বিক্রির ক্ষেত্রে দেখা যাচ্ছে মুখপাত্র সংকটেও পড়ে গেছে বিসিবি-এলওসি! বিসিবির অনেকেরই দাবি, কায়াজুঙ্গার সঙ্গে যোগাযোগ রাখার দায়িত্ব বোর্ডের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আনামের। কাজেই এ-সংক্রান্ত যাবতীয় তথ্য তিনিই জানাবেন। কিন্তু মাহবুবুল আনামের কাছে গেলে তিনি বলছেন, ‘আমি কেন বলব? আমি তো মুখপাত্র না!’কাল বিসিবি-এলওসির কাছ থেকে এটাও স্পষ্ট করে জানা গেল না যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর টিকিট বিক্রির কাউন্টার আদৌ বাড়ছে কি না। এলওসির আহ্বায়ক দেওয়ান শফিউল আরেফীন অবশ্য জানিয়েছেন, কাল থেকেই সিটি ব্যাংক দুটি ও অগ্রণী ব্যাংক ৩০টি কাউন্টার বাড়িয়েছে। কিন্তু সিটি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাশরুর আরেফীন বলেছেন অন্য কথা, ‘আমরা টিকিট কাউন্টার বাড়ানোর ব্যাপারে চিন্তাভাবনা করছি। এ নিয়ে বিসিবি ও কায়াজুঙ্গার সঙ্গে আলোচনা চলছে।’ জানা গেছে, টিকিট বিক্রির জন্য ব্যাংকের শাখা না বাড়লেও যেসব শাখায় টিকিট বিক্রি হচ্ছে, সেসব শাখায়ই বাড়তে পারে টিকিট বিক্রির বুথ।