বাংলাদেশ কোহলির 'পয়া' মাটি

বাংলাদেশের মাটি বিরাট কোহলির জন্য দারুণ পয়া। এই মাটিতে ধারাবাহিকভাবে ভালো খেলার সুখস্মৃতি নিয়েই তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামবেন। আজ শনিবার হোটেল সোনারগাঁওয়ে সংবাদমাধ্যমের সঙ্গে এক উন্মুক্ত আলাপচারিতায় ভারতীয় ক্রিকেটে হালের সেনসেশনের এমন মনোভাবই উঠে এসেছে।
বাংলাদেশের মাটিতে একদিনের ক্রিকেটে একাধিক শতক আছে কোহলির। সবচেয়ে টাটকা স্মৃতি এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচজয়ী ইনিংসটি। তবে টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাপারটা ‘সম্মিলিত উদ্যোগ’ হিসেবেই দেখতে চান তিনি, ‘আমি ঢাকায় বেশ কয়েকটি ভালো ইনিংস খেলেছি। সম্প্রতি বাংলাদেশের বিপক্ষেও একটা শতক পেয়েছি। তবে টি-টোয়েন্টি হচ্ছে সম্মিলিত উদ্যোগের খেলা। এখানে সবাইকে ভালো করতে হবে।’
ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটের বিশ্ব আসরে ভারত কখনোই পাকিস্তানের কাছে হারেনি। ব্যাপারটি এবার পাকিস্তানের বিপক্ষে খেলতে নামার আগে ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হবে কি না, এমন প্রশ্নের জবাবে কোহলি সরাসরি কিছু বলেননি। তবে কণ্ঠে ঝরেছে নিজেদের ভালো প্রস্তুতির কথাই, ‘আমরা রেকর্ড নিয়ে ভাবছি না। আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হচ্ছি। আমাদের ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে।’
নিজে এশিয়া কাপে ভারতীয় দলের অধিনায়কত্ব করতে পেরে দারুণ খুশি হয়েছেন। ব্যাপারটি তাঁর জন্য যথেষ্ট অনুপ্রেরণাদায়ী। আইপিএলে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা থেকে তাঁর অভিমত, টি-টোয়েন্টি আন্তর্জাতিকেও অভিজ্ঞতাটা একই রকম। তবে আপাতত নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অধীনেই অন্য সবার সঙ্গে এককাট্টা কোহলি, ‘অধিনায়ক হিসেবে আমার অভিজ্ঞতাটা ভালো। দলের সবাই কিছু করতে চেয়েছে। কেউই তাত্ক্ষণিক ফলের আকাঙ্ক্ষায় করণীয়টা ভুলে যায়নি।’
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের খুব গুরুত্বপূর্ণ দুটি খেলা আছে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের সঙ্গে। এ দুটি খেলার দিকে তাকিয়ে আছেন কোহলি, ‘অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দুটি নিঃসন্দেহে মহারণ। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ সব সময়ই ভালো ক্রিকেট খেলার জন্য দারুণ একটা প্ল্যাটফর্ম আমাদের কাছে।’