বাংলাদেশ গেমস সামনে রেখেই বিওএর পথচলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ গেমস হচ্ছে, হবে—এমন কথা শোনা যায় অনেক দিন ধরেই। কিন্তু গেমস আর আলোর মুখ দেখে না। এ যেন কাজির গরু কেতাবে আছে, গোয়ালে নেই! সর্বশেষ বাংলাদেশ গেমস হয়েছিল ২০০২ সালে। এক দশকেরও বেশি সময় পার হয়ে গেল, আরেকটি বাংলাদেশ গেমস হলো না।গত ২৯ নভেম্বর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন হওয়ার পর নতুন নির্বাহী কমিটির প্রথম সভা হলো কাল। ঘণ্টা চারেকের লম্বা সভায় অন্যতম আলোচ্য ছিল বাংলাদেশ গেমসই। কিন্তু গেমস আয়োজনে কোনো নির্দিষ্ট সময় ঘোষণা করা হয়নি। যথারীতি এখানেও ‘হচ্ছে’, ‘হবে’ শব্দের প্রাধান্য। গেমস হলে কবে হবে? বিওএর নতুন মহাসচিব কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ শাহেদ রেজা বললেন, ‘আমরা একটা কমিটি করে দিয়েছি (হারুনুর রশিদ ওই কমিটির প্রধান)। অবশ্যই বাংলাদেশ গেমস হবে।’ সারা দেশের চারটি অঞ্চলে এই গেমস আয়োজনের পরিকল্পনা করেছেন বিওএ মহাসচিব। উপমহাসচিব ইমতিয়াজ খানের দেওয়া তথ্য, ‘মার্চের শেষে অথবা এপ্রিলের প্রথমে বাংলাদেশ গেমস করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।’কর্মকর্তারা যত আশার কথাই শোনান, সবই নির্ভর করছে সরকারি অর্থ বরাদ্দের ওপর। সরকারের কাছে টাকা চেয়ে ফাইল পাঠানো হয়েছে বহু আগে। কিন্তু সেই ফাইল নাকি নড়ে না! এবার নড়বে কি না, সেটাই বড় প্রশ্ন। তবে এবার ফাইল নড়াতে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিওএ।নতুন কমিটির অভিষেক সভা উপলক্ষে কাল গমগম করেছে বিওএ ভবন। এ ভবনটা নির্মিত হয়েছে কুতুবউদ্দিন আহমেদের নেতৃত্বে বিদায়ী কমিটির সময়। ওই কমিটি বিওএর তহবিলে রেখে গেছে ২৬ কোটি টাকা। এ জন্য বিদায়ী কমিটিকে ধন্যবাদ জানিয়েছে নতুন কমিটি।আগের কমিটির সময় আইওসি ১৬ আসনের একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ি দেয় বিওএকে। যেটি কাল ঢাকায় এসে বিওএর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) মহাসচিব রাজা রনধীর সিং।