বাংলাদেশ গেমসে ইতি টানছেন সাবরিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্যুটিং ক্যারিয়ার আর লম্বা করছেন না সাবরিনা সুলতানা। বাংলাদেশ গেমসেই ইতি টানছেন। শ্যুটিংয়ে আগমন ১৯৮৫ সালে। তবে জাতীয় প্রতিযোগিতায় প্রথম খেলেছেন ’৯২ সালের বাংলাদেশ গেমসে। অর্জনের খাতাটা বেশ ভারী, দক্ষিণ এশিয়ান গেমস, সাফ শ্যুটিং, কমনওয়েলথ শ্যুটিংয়ে সোনা জিতেছেন। ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে ৩০টির বেশি সোনা জেতা সাবরিনাকে একসময় ‘স্বর্ণকন্যা’ বলে ডাকতেন অনেকে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শ্যুটিংকে পরিচিত করতে সাবরিনা রেখেছেন বড় অবদান। অবসরের সিদ্ধান্ত নিয়ে কাল বলছিলেন, ‘অনেক তো হলো। এবার খেলা ছাড়ার সময়। অবসর নেব নেব করছিলাম। এই বাংলাদেশ গেমসের পর আর খেলছি না এটা নিশ্চিত। তবে খেলা ছাড়লেও কোচ হিসেবে শ্যুটিংয়েই থাকব।’ এটি হবে সাবরিনার চতুর্থ বাংলাদেশ গেমস। এবার ইভেন্ট করবেন তিনটি, ১০ মিটার এয়ার রাইফেল, ৫০ মিটার প্রোন ও ৫০ মিটার থ্রি পজিশন। খেলা চলবে ২৩-২৫ এপ্রিল। শেষ দিনে থ্রি পজিশন ইভেন্টই তাঁর শেষ প্রতিযোগিতামূলক ইভেন্ট।