বাংলাদেশ জিতছে তো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উৎপল শুভ্র
উৎপল শুভ্র

বাংলাদেশ আগে ব্যাটিং করল না স্কটল্যান্ড? ম্যাচের গতিপ্রকৃতি কী আভাস দিচ্ছে? বাংলাদেশ জিতছে তো?
প্রশ্নগুলো আপনাকে করার কারণ, এই লেখা যখন পড়ছেন উত্তর আপনার জানা হয়ে গেছে। ও হ্যাঁ, অনলাইনে পড়লে ভিন্ন কথা। সে ক্ষেত্রে বাংলাদেশ সময় ভোর চারটায় ম্যাচ শুরুর আগেও আপনি এই লেখা পড়তে শুরু করে থাকতে পারেন। তবে পত্রিকা পাঠকের হাতে যেতে যেতে স্যাক্সটন ওভালে প্রথম ইনিংস তো হয় শেষ হয়ে গেছে অথবা শেষের পথে।
নিয়ম মেনে কাল ম্যাচের আগের দিন দুপুরে দুই দলের অধিনায়কের সংবাদ সম্মেলন হলো মাঠে। যথারীতি বাংলাদেশ থেকে আসা সাংবাদিককুলই সেখানে সংখ্যাগরিষ্ঠ। টেলিভিশন সাংবাদিকদেরই বেশি আগ্রহ। পত্রিকা থেকে যাঁরা এসেছেন, শুধু নিয়মরক্ষার জন্যই যেন তাঁদের থাকা। ম্যাচ নিয়ে দুই অধিনায়কের কথাবার্তার কী মূল্য আছে, পাঠকের পাতে তা দিতে পারার আগেই যদি ম্যাচের ফলাফলও প্রায় জানা হয়ে যায়।
তার পরও সংবাদ সম্মেলনে কিছু কথা তো হয়ই, পরদিনের ম্যাচ ছাপিয়ে যা বিস্তৃত পরিসরে ছড়িয়ে যায়। মাশরাফির সঙ্গে প্রশ্নোত্তর পর্বে যেমন বাংলাদেশের ‘আসল’ ম্যাচ নিয়ে অংশটা। স্কটল্যান্ডের সঙ্গে যা-ই হোক না কেন, আসল ম্যাচ তো আগামী সোমবার অ্যাডিলেডে। সেটিতে প্রতিপক্ষ ইংল্যান্ড এই বিশ্বকাপে যা খেলছে, তা বিস্তর হাসি-তামাশার খোরাক জোগাচ্ছে। সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন যে টুইট করেছেন, বিশ্বকাপ জিততে ইংল্যান্ডকে আর ৫টি ম্যাচ জিতলেই হবে, কথাটা সত্যি হওয়ার পরও সবাই যেমন এটিকে রসিকতাই ধরে নিচ্ছেন। অ্যালিস্টার কুকও বোধ হয় মুচকি হাসছেন, ‘কী, আমাকে সরিয়ে দিলেই নাকি ইংল্যান্ডের ওয়ানডে-ভাগ্য বদলে যাবে...তা কী হচ্ছে এখন!’
ইংল্যান্ড ম্যাচটা নিয়ে প্রশ্নটা করলেন এক স্কটিশ সাংবাদিক। যেটির মর্মার্থ হলো, এ মুহূর্তে স্কটল্যান্ড আর ইংল্যান্ড তো একই! কিন্তু আসলেই কি তা-ই? স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যেমন অবিসংবাদিত ফেবারিট ছিল, ইংল্যান্ডের বিতিকিচ্ছিরি অবস্থার পরও অ্যাডিলেডে কি তা-ই থাকবে নাকি! মাশরাফি তাই মনে করিয়ে দিলেন, ইংল্যান্ড স্কটল্যান্ডের চেয়ে অনেক ভালো দল এবং বাংলাদেশের মতো ইংল্যান্ডেরও ভালো সুযোগ আছে। ‘ইংল্যান্ডের কথা পরে হবে, আগে স্কটল্যান্ডটা যাক’ বলে প্রসঙ্গটার ইতিও টেনে দিলেন।
বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচে বাড়তি একটা মুচমুচে ব্যাপার যোগ করেছে স্কটল্যান্ড শিবিরে শেন জার্গেনসেনের উপস্থিতি। বছরও ঘোরেনি বাংলাদেশ দলের কোচ ছিলেন। জার্গেনসেনের হঠাৎ শত্রুশিবিরে আগমন ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে থাকল। সেই আলোচনার ধরনও অনুমিত। এতে এমন কী আসে-যাচ্ছে বলে বাংলাদেশ এটিকে পাত্তাই দিতে চাইল না। আর স্কটল্যান্ডের এমন ভাব, জার্গেনসেন বাংলাদেশের খেলোয়াড়দের সব গুমর এমন ফাঁস করে দিয়েছেন যে, তাদের আর ঠেকায় কে!
গত পরশুই সাকিব আল হাসান তাচ্ছিল্যভরে বলে দিয়েছিলেন, আন্তর্জাতিক ক্রিকেটে এখন এত বেশি খেলা হয় যে, সবাই সবার সবকিছু জানে। জার্গেনসেন নতুন আর কী জানাবেন? কাল স্কটল্যান্ড অধিনায়ক প্রেস্টন মমসেনের কথায় মনে হলো, তার পরও কিছু জানানোর থাকে। মাঠে বা টেলিভিশনে খেলা দেখে কোনো খেলোয়াড়ের টেকনিক্যাল শক্তি-দুর্বলতা যে কেউই খুঁজে বের করতে পারে, তবে কিছু ব্যাপার শুধু ঘরের লোকেরই জানা থাকে। মমসেন জার্গেনসেনের অবদান সম্পর্কে টেকনিক্যাল প্রসঙ্গেই গেলেন না। জার্গেনসেনের কাছ থেকে সবচেয়ে কাজের যা জেনেছেন, তা হলো বাংলাদেশের কোন খেলোয়াড় মাঠে কী পছন্দ করে, কী করে না। মাঠে স্কটিশরা নিশ্চয়ই মাশরাফিদের অপছন্দের কাজগুলোই করে যাচ্ছে। তাতে কি কোনো ফল হলো?
মাঠে যা-ই হোক, মাঠের বাইরে স্কটল্যান্ড তো কোন ছার, এই বিশ্বকাপে একটা জায়গায় বাংলাদেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে শুধু ভারতের। খেলা কাভার করতে আসা সাংবাদিকের সংখ্যায়। প্রায় ত্রিশ ছুঁয়েছে সংখ্যাটা। গত সপ্তাহ খানেকের হিসাবে বোধ হয় বাংলাদেশই জয়ী। কারণ ভারতের অনেক সাংবাদিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর দেশে ফিরে গেছেন। গ্রুপে পরের চারটি ম্যাচ সংযুক্ত আরব আমিরাত, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে। এসব কাভার করে কী হবে, ভারতের আসল খেলা তো আবার কোয়ার্টার ফাইনালে। তখনই আবার ফিরবেন তাঁরা। বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনা যতটুকু, না-খেলার সম্ভাবনাও তা-ই। এ দেশের সাংবাদিকদের তাই এই বিলাসিতার সুযোগ নেই। বাংলাদেশ থেকে আসা বিশাল সাংবাদিক বহর বিশ্বকাপে অন্য দেশের সাংবাদিকদের কাছেও কৌতূহলের বিষয়। ক্রিকেট বাংলাদেশে কেমন এক উন্মাদনায় পরিণত, সেটির প্রমাণও পেয়ে যাচ্ছেন তাঁরা এতেই।
ক্রিকেট জনপ্রিয় বলে সংবাদমাধ্যমের এই আগ্রহ নাকি সংবাদমাধ্যমের বাড়তি আগ্রহের কারণেই বাংলাদেশে ক্রিকেট এমন জনপ্রিয়—এটা ‘মুরগি আগে না ডিম আগে’র মতো প্রশ্ন। মাশরাফি বিন মুর্তজা যে প্রশ্নের মীমাংসায় মোটেই আগ্রহী নন। সংবাদমাধ্যমের আগ্রহ এবং দেশের মানুষের বিপুল সমর্থন দুটিকেই তিনি মাথায় করে রাখেন। নিজেদের ভাগ্যবানও মনে করেন, ‘অস্ট্রেলিয়া চারবার বিশ্বকাপ জিতেছে। অথচ সেখানে ক্রিকেট এক নম্বর খেলা নয়। আমরা কিছুই করিনি, তার পরও বাংলাদেশের মানুষ এই খেলাটিকে তাদের হৃদয়ে স্থান দিয়েছে। টানা দু-তিনটি ম্যাচ বাজেভাবে হারলেও মানুষ আমাদের সমর্থন করে। কেউ এটাকে চাপ বলতে পারে, তবে আমি এটিকে অনুপ্রেরণা বলেই মনে করি। এমন সমর্থন না পেলে আমরা খেলে এত মজা পেতাম না।’
ক্রিকেট নিয়ে বাংলাদেশের মানুষের যে আবেগ, বাংলাদেশ দল সেটির যোগ্য প্রতিদান দিতে পেরেছে কি না, এই প্রশ্নটা ইদানীং খুব তুলছেন বিদেশি সাংবাদিকেরা। যৌক্তিক প্রশ্নই। তবে একটা জায়গায় যে বাংলাদেশ এই বিশ্বকাপে বাকি সব দেশকে টেক্কা দিচ্ছে, সেটাও তো কম নয়। সেটির হিসাব পয়েন্ট টেবিলে না থাকলেই বা কি!