বাংলাদেশ-জিম্বাবুয়ের জন্য এই সিদ্ধান্ত!
আয়ারল্যান্ডের ওয়েস্ট ইন্ডিয়ান কোচ ফিল সিমন্স তীব্র সমালোচনা করেছেন আইসিসির। তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান রডি স্মিথ। তাঁর কাছে আইসিসির আগামী বিশ্বকাপটা ১০ দলের করার সিদ্ধান্ত বাংলাদেশ ও জিম্বাবুয়েকে বাঁচানোর জন্যই!‘পর্দার অন্তরালে অনেক কিছু আছে। বাণিজ্যিক ব্যাপার, টিভি-স্বত্ব। তবে মূল কারণ বাংলাদেশ ও জিম্বাবুয়েকে বাঁচানো। এরা আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, কেনিয়া ও আফগানিস্তানের চেয়ে খুব বেশি ভালো নয়’—বলেছেন স্মিথ। ওয়েস্ট ইন্ডিজের সাবেক টেস্ট খেলোয়াড় এবং বর্তমানে আয়ারল্যান্ডের কোচ সিমন্স অবশ্য এত খোলামেলাভাবে বলেননি। তবে তিনি যা বলেছেন তার সারমর্মও দাঁড়ায় এটাই। জিম্বাবুয়ে বর্তমানে র্যাঙ্কিংয়ে আয়ারল্যান্ডের নিচে আছে। আইরিশরা আছে দশম স্থানে, জিম্বাবুয়ে ১১-তে। এই প্রসঙ্গটি টেনে আয়ারল্যান্ড কোচ বলেছেন, ‘এই সিদ্ধান্ত নেওয়ায় ক্রিকেটীয় কোনো কারণ ছিল না।’স্কটল্যান্ড ক্রিকেটের প্রধান স্মিথ বলেছেন, যে ১০টি দেশ আগামী বিশ্বকাপে খেলবে তারা ছাড়া সবাই একসঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেবে এর বিরোধিতা কীভাবে করা যায়। স্মিথ টেস্ট খেলুড়ে ১০টি দলকে আলাদা করে দিলেও তারা পাশে পাচ্ছে হয়তো অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের কথা ‘দুর্নীতিগ্রস্ত’ জিম্বাবুয়েকে বিশ্বকাপে রেখে ‘দুর্দান্ত’ আয়ারল্যান্ডকে বাইরে রাখাটা অন্যায়! অস্ট্রেলিয়ার একটি পত্রিকা লিখেছে, ‘অস্ট্রেলিয়া একটি লজ্জাজনক টুর্নামেন্টের আয়োজক হলো!’ ওয়েবসাইট।