বাংলাদেশ-দ. আফ্রিকা ম্যাচে যত রেকর্ড
২০৬ রানের পরাজয়টি রানের হিসাবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পরাজয়। সবচেয়ে বড় পরাজয় ২৩৩ রানের, পাকিস্তানের বিপক্ষে ২০০০ সালে এশিয়া কাপে। বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় পরাজয় এটি। এর আগে ২০০৭ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ১৯৮ রানে হেরেছিল বাংলাদেশ। এটি দক্ষিণ আফ্রিকার সপ্তম বৃহত্তম ওয়ানডে ও বংলাদেশের বিপক্ষে বৃহত্তম জয়। ৭৮ রান বাংলাদেশের ওয়ানডেতে ষষ্ঠ, বিশ্বকাপে দ্বিতীয় ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বনিম্ন ইনিংস। ওয়ানডেতে এ নিয়ে ১২ বার এক শর নিচে অলআউট হলো বাংলাদেশ। বিশ্বকাপে কানাডা, নামিবিয়া ও আয়ারল্যান্ডের সঙ্গী হলো বাংলাদেশ। সবাই বিশ্বকাপে দুবার করে এক শর নিচে অলআউট। গতকাল ব্যাটিং পাওয়ার প্লেতে এই বিশ্বকাপের সর্বনিম্ন ৭ রান করেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ২৮৪ রান বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরিবিহীন সর্বোচ্চ স্কোর। আগের সর্বোচ্চ ২০০৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডের ২৪৩। ৪/১২, রবিন পিটারসনের ওয়ানডে সেরা বোলিং। পিটারসনের সেরা ৩টি ওয়ানডে বোলিংও এই বিশ্বকাপে। তামিম ইকবালের ৩২৯ ছাড়িয়ে বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব আল হাসান (৩৪৪ রান)। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার পক্ষে সবচেয়ে বেশি রান এখন জ্যাক ক্যালিসের। কাল তিনি ছাড়িয়েছেন হার্শেল গিবসের ১০৬৭ রানকে। ওয়ানডেতে তৃতীয়বার ম্যাচসেরা লনওয়াবো সতসোবে।গ্রন্থনা: মোহাম্মদ সোলায়মান