বাংলাদেশ দলে সানি
ওয়ানডে সিরিজের ১৪ সদস্যের বাংলাদেশ দল আজ বৃহস্পতিবার হঠাৎ করেই হয়ে গেল ১৫ জনের। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, বাঁহাতি স্পিনার ইলিয়াস সানির দলভুক্ত হওয়ার খবর।চোট-আঘাতের কারণে সিরিজের মাঝখানে পরিবর্ত খেলোয়াড় আনা যায়। নিজেদের দেশে সিরিজের মাঝখানে দলের খেলোয়াড়সংখ্যা বাড়ানো অন্যায় কিছু না হলেও ব্যতিক্রম তো বটেই। নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাশার দিলেন এর ব্যাখ্যা, ‘তৃতীয় ওয়ানডের পর টিম ম্যানেজমেন্টের মনে হয়েছে, এই উইকেটে দলে একজন বাড়তি স্পিনার থাকলে ভালো হবে। সে কারণেই সানিকে আনা। সাকিব থাকলে সাধারণত এটার দরকার হয় না। ও ব্যাটিংয়ের পাশাপাশি স্পিনারের কাজটাও দারুণভাবে করে দেয়।’হাবিবুল অবশ্য বলেছেন, স্কোয়াডে আসা মানে এই নয় যে সানি কাল খেলছেন। উইকেট দেখে সে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্টই। তবে দলের একটি সূত্র জানিয়েছে, পেসার রুবেল হোসেনের বদলে কাল শুক্রবার ইলিয়াস সানির খেলার যথেষ্টই সম্ভাবনা আছে।