বাংলাদেশ দলের জন্য বুলেট-বোমারোধী গাড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর কদিন পরই নৃশংস সেই ঘটনার তিন বছর পূর্তি হবে। তিন বছর অনেক লম্বা সময়। স্মৃতিতে ধুলো জমে যাওয়ার জন্য যথেষ্ট। কিন্তু তার পরও ক্রিকেট-বিশ্ব ভুলতে পারে না লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সেই বর্বরতম আক্রমণের কথা। যে আক্রমণে মারা গিয়েছিল আটজন, শ্রীলঙ্কা দলের কেউ বরাতজোরে সেই তালিকায় না থাকলেও তাদেরও সাতজন হয়েছিল আহত।ওই ঘটনার পর ব্রাত্য হয়ে থাকা পাকিস্তানে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফেরার সম্ভাবনা দেখা দিয়েছে। বাংলাদেশই হতে পারে প্রথম সফরকারী বিদেশি দল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশ দলকে সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতি আগেই দিয়েছে। এবার পাকিস্তান সরকারের পক্ষ থেকেও জানানো হলো, বাংলাদেশসহ বিদেশি দলগুলোর জন্য নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা করা হবে। সফরকারী দলগুলোর জন্য বুলেট ও বোমা প্রতিরোধকারী গাড়ির ব্যবস্থা করা হবে।সফরসূচি এখনো ঠিক না হলেও আগামী এপ্রিলে পাকিস্তানে টেস্ট ও ওয়ানডে খেলতে যেতে পারে বাংলাদেশ। আইসিসি সভাপতি পদের জন্য বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেওয়ার বিনিময়ে সেই প্রতিশ্রুতি পিসিবির নতুন প্রধান জাকা আশরাফ আদায় করে নিয়ে গেছেন। গত মাসে আশরাফ এসেছিলেন বাংলাদেশ সফরে।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর পরশু আশরাফ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকের পর সরকারের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানানো হয়েছে সাংবাদিকদের। আশরাফ এই আশা প্রকাশ করেছেন, ‘আমি নিশ্চিত, বাংলাদেশ দলের সফল সফরের পর বাকি দলগুলোকেও আমরা পাকিস্তানে আসার জন্য রাজি করাতে পারব। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে আমরা নিশ্ছিদ্র নিরাপত্তার প্রতিশ্রুতি পেয়েছি।’সরকার কী কী ব্যবস্থা নেবে এর কিছু উদাহরণ দিয়েছেন রেহমান মালিক, ‘আমরা সফরকারী দলগুলোকে বুলেট ও বোমা প্রতিরোধক্ষম গাড়িতে করে আনা-নেওয়া করব। আমরা পিসিবিকে দুটি বুলেট ও বোমা প্রতিরোধক্ষম গাড়ির ব্যবস্থা করার অনুমতি দিয়েছি।’ এ ছাড়া একজন বিশেষ কর্মকর্তাকেও এ ব্যাপারে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি, ‘নিরাপত্তার ব্যবস্থাটি সমন্বয় করতে নিরাপত্তা ব্যবস্থাপক নামে পিসিবিতে একটি নতুন পদ সৃষ্টি করা হচ্ছে। এই কর্মকর্তা প্রাদেশিক সরকার, পুলিশ, পিসিবি ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে নিরাপত্তার বিষয়টি সমন্বয় করবেন।’এ ছাড়াও মন্ত্রণালয় একটি বিশেষ কমিটি করছে, যেখানে স্বরাষ্ট্রসচিব, কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফআইএ) মহাপরিচালক এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সেলের মহাপরিচালক থাকবেন সবকিছু দেখভাল করার জন্য। বিশেষ নিরাপত্তা বাহিনী রেঞ্জার্স ও ফ্রন্টিয়ার কনস্টাবুলারি বাংলাদেশ দলকে নিরাপত্তা দেবে। জাতীয় দলকে পাঠানোর আগে বিসিবির একটি প্রতিনিধিদল গিয়ে এই নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করে আসবে। এএফপি।