বাংলাদেশ পাকিস্তানে যায়নি পাঞ্জাবের জন্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঞ্জাব প্রদেশের সরকারের কারণেই পাকিস্তান সফরে যায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই অভিযোগ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ।আশরাফের অভিযোগ, পাঞ্জাবের রাজধানী লাহোরে বাংলাদেশের সঙ্গে সিরিজ আয়োজনের সব প্রস্তুতিই নেওয়া হয়েছিল। কিন্তু ‘বাংলাদেশ সফর সম্পর্কে কিছু জানা নেই’—পাঞ্জাব সরকারের এমন বক্তব্যের কারণে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা আয়োজন নিয়ে প্রশ্ন ওঠে। এরই ধারাবাহিকতায় পাকিস্তান সফরে যায়নি বাংলাদেশ দল।একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাত্কারে জাকা আশরাফ বলেন, পাঞ্জাব সরকার যখন নিজেই বলে সফর নিয়ে কিছু জানা নেই, তখন ক্রিকেটারদের নিরাপত্তা আয়োজন নিয়ে প্রশ্ন উঠাই স্বাভাবিক।পিসিবির প্রধান বলেন, ‘পাঞ্জাব সরকারের বক্তব্যের কারণে ক্রিকেটবিশ্ব ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ভুল বার্তা যায়। বিশ্বাস করুন, সিরিজ আয়োজনের সব ব্যবস্থাই নেওয়া হয়েছিল। ম্যাচের টিকিট ছাপানোর কাজও শুরু করেছিলাম আমরা।’২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের সন্ত্রাসী হামলার পর থেকে থেকে এখন পর্যন্ত নিরাপত্তাহীনতার কারণে পাকিস্তান সফরে যায়নি টেস্ট-খেলুড়ে কোনো দেশ। গত এপ্রিলে পাকিস্তান সফর করার কথা ছিল বাংলাদেশ দলের। ১৫ এপ্রিল আইসিসির সভা শেষে বিসিবি ও পিসিবি এক যৌথ বিবৃতিতে জানিয়েছিল, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তান দল ২৯ এপ্রিল একটি ওয়ানডে এবং ৩০ এপ্রিল একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। তবে গত ১৯ এপ্রিল বাংলাদেশের আদালতের নিষেধাজ্ঞায় পাকিস্তান সফর স্থগিত ঘোষণা করে বিসিবি।‘অনিরাপদ’ পাকিস্তান সফরের বৈধতা চ্যালেঞ্জ করে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ দলকে পাকিস্তানে পাঠানোর ওপর চার সপ্তাহের নিষেধাজ্ঞা দেন বাংলাদেশের হাইকোর্ট। আদালতের নিষেধাজ্ঞার পরপরই সেটা পিসিবি ও আইসিসিকে জানিয়ে দেয় বিসিবি। বাংলাদেশ দলের পক্ষে সম্প্রতি নির্ধারিত সূচি (২৮ এপ্রিল থেকে ১ মে) মেনে পাকিস্তানে যাওয়া সম্ভব নয়, জানানো হয় সেটাও। সূত্র: পিটিআই