বাংলাদেশ পড়েছে ‘মৃত্যুকূপে’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল সকাল হনুমান দোকায় সাড়া পড়ে গেল। হনুমান দোকা কাঠমান্ডুর একটা দর্শনীয় স্থান। হনুমান যে দরজায় দিয়ে প্রবেশ করেছিলেন, সেটিই এখন পর্যটকদের অন্যতম প্রিয় স্থান। হাজারো কবুতর খেলা করছে আপন মনে। পর্যটক খাবার নিচ্ছেন, ওরা উড়ে যাচ্ছে দল বেঁধে। আবার এসে বসছে। অভূতপূর্ব দৃশ্য।দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলারদের প্রিয় স্থানও এটি কি হয়ে পড়ল না? যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া আফগান মিডফিল্ডার আরেশ হাতিফিয়া তো জায়গাটা দেখে বললেন, ‘দারুণ, দারুণ। সত্যিই খুব ভালো লাগছে।’ আরও ছয় অধিনায়কও ততক্ষণে এসে গেছেন। প্রাচীন কারুকার্য খচিত এই রাজপ্রাসাদের আঙিনায় কাল সকালে সাফ টুর্নামেন্টের ৭ অধিনায়কের সামনে ট্রফি রেখে ছবি তোলার আনুষ্ঠানিক পর্ব হলো। অনুশীলনে ব্যস্ত থাকায় এলেন না শুধু ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী।বাঁশির সুর তুলে আগন্তুকের দৃষ্টি কাড়তে ফেরিওয়ালার কী প্রাণান্তকর চেষ্টা, সেটি হয়তো মিস করেছেন সুনীল। তবে ফিরে যাওয়ার সময় সাত অধিনায়কের দু-একজন বাঁশি নিয়ে নেড়েচেড়ে দেখলেন ঠিকই। সেটি ক্ষণিকের আনন্দ। আজ থেকে মাঠে ‘বাঁশির সুর’ তোলার কাজেই তো তাঁদের মন। দুপুরে আট দলেরই আবাস হোটেল এভারেস্টে বাজল ‘যুদ্ধের দামামা’। অষ্টম সাফ ফুটবল শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কা, ভুটান বাদে আর সব দলের কোচ অধিনায়কের বক্তব্য মনোযোগ দিয়ে শুনলেন হলভর্তি সাংবাদিকেরা। সবারই ধারণা, এই দুই দল বাদে সাফ জিততে পারে যে কেউ। তাই ফেবারিট দলগুলোর কোনো কোনো কোচ ছড়িয়ে দিলেন সাফ শিরোপা ঘরে তোলার আকুতি, কেউ সাফ জিতে শাপমুক্তি ঘটানোর প্রতিজ্ঞা করলেন। নির্দিষ্ট কোনো দলকে নিয়ে প্রশ্নোত্তর বেশি দূর গড়ায়নি। সবাই এসে নিজেদের প্রস্তুতির কথাই মূলত জানাল। বেশি শোনা গেছে ‘গ্রুপ অব ডেথ’ বাক্যটা। যেটি বিশ্বকাপ বা ইউরোর মতো টুর্নামেন্টগুলোতেই বেশি উচ্চারিত হয়। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নেপালকে নিয়ে গ্রুপটা তো মরণফাঁদই। ভারতই এক নম্বর ফেবারিট সন্দেহ নেই। ঘরের মাঠে নেপাল পাচ্ছে দ্বিতীয় সেরা ফেবারিটের তকমা। তারপর বাংলাদেশ, পাকিস্তান। শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে একই গ্রুপে পড়া মালদ্বীপ ও আফগানিস্তানের জন্য সেমির দরজা মোটামুটি খোলাই।সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে কেমন মনে করছেন, এই প্রশ্ন করলে ভারতের ডাচ কোচ উইন কোভারম্যানের কৌশলী উত্তর, ‘দেখুন, আমরা সাফ শিরোপা ধরে রাখতে এসেছি। কাজেই আমাদের পাঁচটা ম্যাচই জিতবে হবে। কোনো ম্যাচকে আলাদা করে দেখছি না। সবাই আমাদের কাছে সমান প্রতিপক্ষ।’কোচদের একটা সৌজন্যবোধ থাকে। মনের কথা সব সময় খুলে বলেন না। তাই ভারতের কোচ বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে ‘ভালো দল’, শক্তিশালী দল’ বলেই সার্টিফিকেট দিলেন। বাংলাদেশ কোচ লোডভিক ডি ক্রুইফ আবার ভারত, নেপালকে এগিয়ে রেখে নিজেদের ‘আন্ডারডগ’ বলে একটু সতর্ক অবস্থানেই রাখলেন। এভাবে কথার ‘খেলাই’ চলল দীর্ঘক্ষণ। ‘আমরাই সাফ জিতব’ না বলে ‘আমরা জিততে চাই’ বলে গেলেন পাকিস্তানের প্রধান কোচ শেহজাদ আনোয়ার। তবে পাকিস্তানের চেয়ে একটু বেশি আত্মবিশ্বাসী লাগল নেপালের কোচ জ্যাক স্টিফেনস্কিকে। ঘরের মাঠের সুবিধা নিয়ে এবার দেশবাসীকে সাফ উপহার দেওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেওয়া ভদ্রলোক, ‘আমরা এবার হতাশ করতে চাই না নেপালবাসীকে।’মালদ্বীপের হাঙ্গেরিয়ান কোচ ইস্তবান বেলা উরবানির এটা আবার তৃতীয় সাফ। মালদ্বীপ দলকে এবার শিরোপা জেতানোর আকুতি তাঁর কণ্ঠে, ‘২০০৮ সালে মালেতে সাফ জেতার পর আর বড় সাফল্য নেই মালদ্বীপের। এবার সেই অতৃপ্তি দূর করতে চাই।’সংবাদ সম্মেলনে আট অধিনায়কের আসার কথা থাকলেও বাংলাদেশের অধিনায়ক মামুনুল ইসলাম ছিলেন না। আফগানিস্তানের মূল অধিনায়ক আসবেন আজ। সম্ভবত আজ মামুনুলের খেলা অনিশ্চিত বলেই ডি ক্রুইফ নিয়ে যান মিডফিল্ডার সোহেল রানাকে। মালদ্বীপের আলী আশফাক, ভারতের সুনীল ছেত্রী, নেপালের সাগর থাপাদের মুখে ঘুরেফিরে ওই একটা কথারই অনুরণন। সাফ জিতেই কাঠমান্ডু মিশন শেষ করতে চান তাঁরা।যে ছবিটা হনুমান দোকায় তোলা হলো, সেটিতে সাত অধিনায়ক। কিন্তু ১১ সেপ্টেম্বর ফাইনালে ট্রফিটা উঠবে একজনের হাতে। তিনি কি সুনীল ছেত্রী? উত্তরটা হ্যাঁ হওয়ার সম্ভাবনাই বেশি। আটটি সাফের ছয়টিই জেতা ভারত জিতলে সে দেশের মিডিয়া বলবে, এ আর এমন কী! না জিতলে গেল গেল রব উঠবে। তাই এটিকে ‘চাপ’ বলতেও দ্বিধা করেননি ভারতীয় কোচ। তবে গতবারের রানার্সআপ আফগান কোচ ইউসুফ কারসা চাপমুক্ত থেকেই এগিয়ে যেতে চান।শ্রীলঙ্কার ব্রাজিলিয়ান কোচ এসসি রবার্তো ব্রাজিলিয়ান ছন্দের ফুটবল দেখানোর প্রতিশ্রুতি দিলেন। আজ শুরু ‘দক্ষিণ এশীয় বিশ্বকাপ’ সাফে আপনি তাহলে ব্রাজিলিয়ান ফুটবলও দেখবেন!