বাংলাদেশ বলেই বেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে দুই ইনিংসেই রান পেয়েছিলেন, কাল তো করলেন ১৩৮। তার পরও দিন দুয়েক পর ইংল্যান্ডের বিমানে ওঠার সময় ইয়ান বেলের মন খারাপ হতেই পারে। বড় রান পেয়েছেন, কিন্তু আউটও যে হয়েছেন!এই সিরিজের আগে ইংল্যান্ডের এই দলের একমাত্র বেলেরই বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলার অভিজ্ঞতা ছিল। সেটিও আবার কেমন? বাংলাদেশের বিপক্ষে তাঁর কোনো গড়ই ছিল না! দুটো টেস্ট খেলেছিলেন, বাংলাদেশের ব্যাটসম্যানদের সৌজন্যে ব্যাটিং করতে পেরেছিলেন মাত্র দুবার। লর্ডসে করেছিলেন ৬৫, চেস্টার-লি-স্ট্রিটে ১৬২ এবং দুবারই অপরাজিত। চট্টগ্রামে প্রথম ইনিংসে ৮৪ করার পর জানলেন বাংলাদেশের বিপক্ষে আউট হওয়ার স্বাদ কেমন। তার পরও খুব একটা খারাপ লাগার কথা নয়, বিশাল একটা গড় তো পাওয়া গেল (৩১১.০০)। পরের ইনিংসে যথারীতি অপরাজিত (৩৯ রানে), গড় বেড়ে দাঁড়াল ৩৫০। কাল ১৩৮ করলেন কিন্তু আউট হওয়ায় গড়টা নেমে গেল ২৪৪-এ। মন খারাপ হবে না?বাংলাদেশকে পেলেই বেল যে অতিমানব হয়ে যান, এটা বোঝাতেই এমনটা বলা। বাস্তবে বেল নিজের পারফরম্যান্সে ভীষণই সন্তুষ্ট। বিশেষ করে কালকের সেঞ্চুরিটা অন্য রকম এক আত্মবিশ্বাস এনে দিচ্ছে তাঁকে, ‘দক্ষিণ আফ্রিকা সফরটা আমার জন্য ছিল দুর্দান্ত অভিজ্ঞতা। ওখানে খেলে আসার পর এখানে স্পিনারদের সাফল্যের সঙ্গে খেলা ব্যাটসম্যান হিসেবে এগিয়ে যেতে আমাকে প্রচুর আত্মবিশ্বাস জোগাবে।’ ইংল্যান্ডের সর্বশেষ সিরিজে দক্ষিণ আফ্রিকার বাউন্সি উইকেটে সেঞ্চুরি-হাফ সেঞ্চুরি করে এসেছেন, রান পেলেন বাংলাদেশের মন্থর-নিচু বাউন্সের উইকেটেও। এতে যেকোনো ব্যাটসম্যানের আত্মবিশ্বাসই তো উত্তুঙ্গ হওয়ার কথা! প্রথম টেস্ট সেঞ্চুরিটা পেয়েছিলেন বাংলাদেশের বিপক্ষেই, তার পরও বিরুদ্ধ পরিবেশ বলে এগিয়ে রাখছেন কালকেরটিকেই। কালকের দিনটি বেলের ব্যাটসম্যানশিপের জন্যও ছিল বড় এক পরীক্ষা। সমালোচকদের অভিযোগ, মানসিকভাবে তিনি খুব একটা শক্ত নন, তখনই রান পান যখন রান করেন আরও অনেকেই। আগের নয়টি সেঞ্চুরিই করেছিলেন এমন সময়, যখন সতীর্থ কারও না কারও সেঞ্চুরি ছিল। সাতসকালেই জোনাথন ট্রট আউট হয়ে যাওয়ার পর মূল ব্যাটসম্যানদের একমাত্র প্রতিনিধি ছিলেন তিনিই। এই চাপ, সঙ্গে প্রচণ্ড গরম, বাংলাদেশের স্পিনারদের আঁটোসাঁটো বোলিং, এই অবস্থায় সেঞ্চুরি করে পরীক্ষায় শুধু সফল হননি, ব্যাটসম্যান হিসেবেও নিজেকে এগিয়ে নিয়ে গেছেন এক ধাপ। ক্যারিয়ারের দশম সেঞ্চুরিটা তাঁর দলের পক্ষে প্রথম একমাত্র সেঞ্চুরি (ব্রেসনান সেঞ্চুরি করে ফেললে গৌরবটা আর থাকবে না)। চট্টগ্রাম টেস্টে দশম সেঞ্চুরির পর কলিংউড বলেছিলেন এটা বিশাল এক অর্জন। বেল এই ‘অর্জনে’ই সন্তুষ্ট নন, সাফল্যের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে চান আরও, ‘দু অঙ্ক ছোঁয়াটা দারুণ অনুভূতি। তবে আমি এখানেই থামতে চাই না, আরও অনেক পরিশ্রম করতে চাই, আরও উন্নতি করতে চাই।’বাংলাদেশকে পেলেই রানের বন্যা বইয়ে দেন, তবে এই টেস্টের বাংলাদেশ কিন্তু মুগ্ধ করেছে বেলকেও, ‘বাংলাদেশ দুর্দান্ত ব্যাটিং করেছে। উইকেট অনুযায়ী বোলিংও ভালো করেছে। সকালে খেলা শুরুর সময় আমরা জানতাম খুব ভালো খেলতে হবে। হ্যাটস অব টু বাংলাদেশ, দারুণ একটা টেস্ট ম্যাচ হচ্ছে, কঠিন কন্ডিশনে ভালো খেলেই আমাদের ভালো অবস্থানে আসতে হয়েছে।’মুখে যথেষ্টই সমীহ করেছেন, ব্যাট হাতেও এমন সমীহ দেখালে কতই না ভালো লাগত সাকিবদের!