বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ আজ কুয়ালালামপুরে
২৪ নভেম্বর ব্যাংককে শুরু হচ্ছে সুজুকি কাপ ফুটবলের চূড়ান্ত পর্ব। দক্ষিণ-পূর্ব এশিয়ার মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে থাইল্যান্ডের পাশাপাশি অংশ নিচ্ছে মালয়েশিয়াও। ওটারই প্রস্তুতি হিসেবে দুই দিন আগে বাংলাদেশের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ খেলেছে থাইল্যান্ড। তাতে থাইল্যান্ডের কাছে ৫-০ গোলে উড়ে গেছে বাংলাদেশ।মালয়েশিয়াও ওই টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে আজ প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশের। কুয়ালালামপুরে বুকিত জলিল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬-৪৫ মিনিটে।দুই দলের এ পর্যন্ত আটবারের সাক্ষাতে বাংলাদেশের জয় মাত্র একটি। তবে ফিফা স্বীকৃত দুটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। পনেরো বছর আগে ওই দুটি ম্যাচই ১৯৯৮ বিশ্বকাপ বাছাইপর্বের, হয়েছিল জেদ্দা ও কুয়ালালামপুরে। এছাড়া ১৯৭৫ সালে মারদেকা কাপ, ১৯৭৬ সালে কিংস কাপ, ১৯৭৮ এশিয়ান গেমস, ১৯৮৩ সালে প্রীতি ম্যাচ ও মারদেকা কাপে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের একমাত্র জয়টি ১৯৮২ এশিয়ান গেমসে, ২-১ গোলে।ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৭১) চেয়ে আট ধাপ এগিয়ে (১৬৩) মালয়েশিয়া। তবে মালয়েশিয়ার সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভালো নয়। সর্বশেষ তিনটি প্রীতি ফুটবল ম্যাচের দুটিতে হেরেছে। ড্র করেছে একটিতে। বাংলাদেশও সর্বশেষ তিনটি প্রীতি ম্যাচের দুটিতে হেরেছে। বাকিটা হয়েছে ড্র। কাল ব্যাংককের বেকহাম ফুটবল একাডেমিতে ঘণ্টা দেড়েক অনুশীলন করে বাংলাদেশ দল রাতেই পৌঁছে গেছে কুয়ালালামপুরে। দলের ভারপ্রাপ্ত কোচ সাইফুল বারী অতীত ভুলে নতুন করে স্বপ্ন দেখছেন, ‘প্রতিপক্ষ দল টেকনিক্যালি ও ট্যাকটিক্যালি আমাদের চেয়ে শক্তিশালী। কিন্তু আমরা শেষ ম্যাচের কথা ভুলে যেতে চাইবো। আমাদের কাছে এটা নতুন ম্যাচ, নতুন দল। ছেলেরা মালয়েশিয়ার সঙ্গে খেলার জন্য মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত।’