বাংলাদেশ ম্যাচে আফ্রিদি কি খেলবেন?

সকালে ইডেন গার্ডেনে যখন পাকিস্তান দল অনুশীলন করতে এল, অনেকেই খেয়াল করলেন ব্যাপারটা। দলের অধিনায়ক শহীদ আফ্রিদিকে দেখা যাচ্ছে না কোথাও! পরে জানা গেছে, জ্বরে ভুগছেন আফ্রিদি। সে জন্য আজ অনুশীলনও করতে পারেননি।
আগামীকাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান। তার আগে সুস্থ হয়ে উঠতে পারবেন আফ্রিদি? সংবাদ সম্মেলনে পাকিস্তানের কোচ ওয়াকার ইউনিসের কণ্ঠে যেন একটু অনিশ্চয়তার সুর, ‘আফ্রিদি আজকে অসুস্থ। এ জন্য সে অনুশীলনও করেনি। আশা করি কাল তাকে আমরা মাঠে পাব।’
সময়টা এমনিতেই অবশ্য ভালো যাচ্ছে না পাকিস্তান অধিনায়কের। ‘পাকিস্তানের চেয়ে ভারতেই বেশি ভালোবাসা পান’— বলে নিজ দেশে তুমুল জনরোষের মুখে আফ্রিদি। ওয়াকার ইউনিসের সংবাদ সম্মেলনে সেটা নিয়েও কথা উঠল। পাকিস্তান কোচ আফ্রিদির পাশেই দাঁড়ালেন, ‘আমি ওর কথায় বিতর্কিত কিছু খুঁজে পাইনি। এসব আমাদের ভুলে যেতে হবে। এখানে আমরা ক্রিকেট খেলতে এসেছি।’
আফ্রিদি অবশ্য ফর্মেও নেই। এশিয়া কাপে বাংলাদেশ ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন। কাল প্রস্তুতি ম্যাচেও করলেন শূন্য।