বাংলাদেশ রুপা অন্তত জিতছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচ ফুটবলে নিজেদের প্রথম টুর্নামেন্টেই রুপা নিশ্চিত করেছে বাংলাদেশ। আগের দিন মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ দল অভিষেক ম্যাচটায় জিতেছিল ৮-৩ গোলে। তাতেই প্রথম দক্ষিণ এশীয় বিচ গেমসে অন্তত একটা পদক নিশ্চিত হয়ে যায়। কিন্তু পরদিন অর্থাৎ গতকাল আসল পরীক্ষায় আটকে গেছে বিপ্লব ভট্টাচার্যের দল। কাল সকালে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে লাল-সবুজের হার ছিল ১২-৪ গোলে। বিকেলে অবশ্য ঘুরে দাঁড়িয়ে নেপালকে ৫-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফাইনাল। বিচ ফুটবলে প্রতিটি ম্যাচ ৩৬ মিনিটের। ১২ মিনিট পর পর বিরতি। নেপালের বিপক্ষে প্রথম ১২ মিনিটে গোল পায়নি বাংলাদেশ। খেয়েছে একটি। দ্বিতীয় ১২ মিনিটে বাংলাদেশ করেছে ৫ গোল। আরিফ দুটি, রবিন, এনামুল ও কোমল করেছেন বাকি তিনটি গোল। শ্রীলঙ্কা প্রথম ১২ মিনিটে এগিয়ে ছিল ৬-১ গোলে। বাংলাদেশের গোলটি করেন এনামুল। দ্বিতীয় ১২ মিনিটে ১-১। বাংলাদেশের গোলটি কোমলের। তৃতীয় ১২ মিনিটে ৫-২। বাংলাদেশের গোল দুটি কোমল ও সবুজের। দিনের অন্য খেলায় নেপাল ৫-৩ গোলে হারিয়েছে মালদ্বীপকে। ওদিকে মেয়েদের বিচ কাবাডিতে বাংলাদেশ ২৭-৫৭ পয়েন্টে হেরেছে ভারতের কাছে।