বাংলাদেশ লিগ শুরু ২৭ ডিসেম্বর
পেশাদার ফুটবল লিগের চতুর্থ আসর শুরু হচ্ছে আগামী ২৭ ডিসেম্বর। গতকাল রাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটির সভা শেষে সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী জানিয়েছেন, মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে বাংলাদেশ লিগের প্রথম পর্যায়। এরপর লিগ চলার মাঝখানের অন্তর্বর্তীকালীন দলবদল, চ্যালেঞ্জ কাপ, অলিম্পিক বাছাই ও সুপার কাপের প্রস্তুতির কারণে বন্ধ থাকবে লিগ। আগামী ৫ এপ্রিল শুরু সুপার কাপ। এটি শেষ হওয়ার পর শুরু হবে লিগের দ্বিতীয় পর্যায়। কোটি টাকার সুপার কাপ প্রথম হয়েছিল গত বছরের মার্চে। এ বছর সেটি না হওয়ার মূল কারণ হিসেবে বলা হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের কারণে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম না পাওয়া। কমলাপুর স্টেডিয়ামে সুপার কাপ আয়োজনের ব্যাপারে আপত্তি ছিল স্পনসর প্রতিষ্ঠানের। কালকের সভায় বাংলাদেশ লিগ ও সুপার কাপের স্পনসর চূড়ান্ত হলেও সেটি জানানো হয়নি।