বাংলাদেশ লিগে প্রথম দিনেই আবাহনী-শেখ জামাল
আবাহনী ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। শেখ জামাল ধানমন্ডি ক্লাব বাংলাদেশ লিগে এবারই প্রথম। তবে নবাগত হয়েও শেখ জামাল শিরোপার অন্যতম দাবিদার। সেই হিসাবে বাংলাদেশ লিগের নতুন মৌসুমটা শুরু হচ্ছে বড় ম্যাচ দিয়েই। কাল ঘোষিত ফিকশ্চার অনুযায়ী ২৭ ডিসেম্বর বীরশ্রেষ্ঠ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে চ্যাম্পিয়ন আর নবাগতরা। এবারের বাংলাদেশ লিগে নতুন হোম ভেন্যু চাইছে চট্টগ্রাম আবাহনী ও চট্টগ্রাম মোহামেডান। চট্টগ্রাম আবাহনী তাদের নিজেদের মাঠ হিসেবে চাইছে কক্সবাজার জেলা স্টেডিয়ামকে। আর চট্টগ্রাম মোহামেডানের চাওয়া বান্দরবান স্টেডিয়াম।ক্লাবগুলোর একটা দাবি অবশ্য এর মধ্যেই মেনে নিয়েছে বাফুফে। ক্লাবগুলোর দাবি ছিল, লিগ শুরুর আগেই পূর্ণাঙ্গ সূচি দিয়ে দিতে হবে। এবার একসঙ্গে পুরো ১১ রাউন্ডের সূচিই দিয়ে দিয়েছে বাফুফে।বাংলাদেশ লিগে ক্লাবগুলো যেন আনফিট বিদেশি খেলোয়াড় খেলাতে না পারে, সেই ব্যবস্থাও নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বিএফএফ)। দেশি কিংবা বিদেশি, খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষা ক্লাবেরই নেওয়ার কথা। ক্লাবগুলো তা নিচ্ছে না বলে বাফুফেকেই উপযাজক হয়ে করতে হচ্ছে কাজটি। এরই মধ্যে বেশ কিছু বিদেশি খেলোয়াড়ের ফিটনেস পরীক্ষা নেওয়া হয়েছে। সেই পরীক্ষায় কিছু খেলোয়াড় আনফিটও প্রমাণিত হয়েছেন। তবে আগামী শুক্রবার চূড়ান্ত ফিটনেস পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন সবাই।হেরেছে আবাহনী: প্রাকমৌসুম অনুশীলন ম্যাচ খেলতে ব্যাংকক যাওয়া আবাহনী দ্বিতীয় ও শেষ ম্যাচটিতে হেরে গেছে। ব্যাংককের প্রথম বিভাগের শীর্ষ দল হারবেকের কাছে বাংলাদেশ লিগ চ্যাম্পিয়নদের হার ৩-২ গোলে। আবাহনীর গোল দুটি করেছেন আউডু ইব্রাহিম ও পারভেজ।