বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তরের ড্র
বাংলাদেশ চ্যাম্পিয়নস লিগ নাম নিয়ে পেশাদার লিগের দ্বিতীয় স্তর মাঠে গড়াচ্ছে ৬ ফেব্রুয়ারি। ৭ দলের এই লিগের খেলা হচ্ছে দুটি ভেন্যুতে—ঢাকার কমলাপুর আর কক্সবাজার। প্রথম দিনে উত্তর বারিধারা-বিয়ানীবাজার উদ্বোধনী ম্যাচ বঙ্গবন্ধু স্টেডিয়ামে, শুরু বিকেল চারটায়। প্রথম পর্ব হবে ঢাকায়। ফিরতি লিগ কক্সবাজারে। প্রতি দলের ১২টা করে ম্যাচ। চ্যাম্পিয়ন দল উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে। অবনমিত দুটি দল ঢাকার বাইরের হলে তারা স্থানীয় লিগে চলে যাবে। তবে বাফুফে ডাকলে সুযোগ পেতে পারে। ঢাকার দল অবনমিত হলে তারা খেলবে ঢাকার প্রথম বিভাগে। ঢাকা প্রথম বিভাগ থেকে একটি দল যাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে। এখনো অনেক সমস্যা রয়ে গেছে। আছে কিছু গোঁজামিলও। তবে দ্বিতীয় স্তর শুরু হওয়াটাকে ইতিবাচক চোখে দেখা যায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের চেয়ে ঢাকার বাইরের প্রতিনিধিত্ব এখানে বেশি বলে। প্রিমিয়ার বিভাগে ১১ দলের মাত্র একটি ঢাকার বাইরের (ফেনী সকার)। এখানে বিয়ানীবাজার, চট্টগ্রাম আবাহনী ও কক্সসিটি। ঢাকার প্রতিনিধিত্ব করছে ওয়ারী, অগ্রণী ব্যাংক, ভিক্টোরিয়া ও বারিধারা। দ্বিতীয় স্তর শুরু হতে যেমন চারটি বাংলাদেশ লিগ শেষ হয়েছে, কাল বাফুফে ভবনে ড্র অনুষ্ঠানটাও সেটার সঙ্গে সামঞ্জস্য রেখে এক ঘণ্টার বেশি দেরিতে শুরু হয়েছে। পৃষ্ঠপোষক প্রিমিয়ার ব্যাংকের কর্মকর্তাকে সঙ্গে নিয়ে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন লোগো উন্মোচন করেন।