বাংলাদেশ লিগের ভেন্যু হচ্ছে সাতটি
নতুন ডাচ কোচ নিয়োগ দিচ্ছে বাফুফে। লক্ষ্য ২০২২ বিশ্বকাপে খেলা। যদিও অনেকের কাছে এটি আকাশকুসুম কল্পনা। তবে শুরুটা তো করতে হবে। সেই লক্ষ্যে ঘরোয়া ফুটবল কাঠামো ঢেলে সাজানোর কথা বলছেন কাজী সালাউদ্দিন। বাফুফের সভাপতি পেশাদার ফুটবল লিগ নিয়ে বেশ কিছু নতুন পরিকল্পনা নিয়েছেন। আগামী মৌসুমে পেশাদার লিগের ভেন্যু তিনটি থেকে বাড়িয়ে সাতটি করা হবে। বর্তমানে ঢাকা, ফেনী ও গোপালগঞ্জে খেলা হচ্ছে। ‘এ মৌসুমে তো আর সম্ভব নয়। আগামী মৌসুম বাংলাদেশ লিগে সাতটি ভেন্যু করে খেলাটা আমরা ছড়িয়ে দেব। ঢাকার বাইরে বিপুলসংখ্যক দর্শক হয় ফুটবল ম্যাচে। এই সুযোগটা কাজে লাগাতে চাই’—কাল বলেছেন সালাউদ্দিন। একটি সূত্র জানিয়েছে, শেখ জামালকে ফরিদপুর (প্রয়াত শেখ জামালের নামে ফরিদপুর স্টেডিয়ামের নামকরণের প্রক্রিয়া চলছে), শেখ রাসেলকে সিলেট, বিজেএমসিকে খুলনা ভেন্যু দেওয়ার আলোচনা চলছে। চট্টগ্রামের কোনো দল বর্তমানে বাংলাদেশ লিগে নেই। তবু চট্টগ্রামে আবার ভেন্যু করা যায় কি না, সেটি নিয়েও চিন্তাভাবনা আছে। চট্টগ্রাম না হলে অন্য কোথায়ও আরেকটি ভেন্যু করা হবে। এদিকে বাংলাদেশ লিগ কমিটি ঢেলে সাজানো হয়েছে। আগে কেবল বাফুফে মনোনীত ব্যক্তিরাই ছিলেন কমিটিতে। এখন বাংলাদেশ লিগের নয়টি দলেরই প্রতিনিধিত্ব থাকছে কমিটিতে। সব বড় বড় কর্মকর্তাই নিজ ক্লাবের প্রতিনিধি হয়েছেন। যেমন মোহামেডানের লোকমান হোসেন ভুঁইয়া, শেখ জামালের সভাপতি মনজুর কাদের, শেখ রাসেলের সভাপতি নুরুল আলম চৌধুরী, আবাহনীর কাজী নাবিল আহমেদ। নবগঠিত কমিটির প্রথম সভায় ঠিক হয়েছে ফেব্রুয়ারির শেষ দিকে পেশাদার লিগে নয় দলের অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্ট হবে। তবে সালাউদ্দিনের পরিকল্পনা আরও অনেক বিস্তৃত। বাংলাদেশ লিগ পরিচালনার দায়িত্ব ক্লাবগুলোর হাতে ছেড়ে দিতে চান বাফুফে সভাপতি। ইংলিশ প্রিমিয়ার লিগসহ ইউরোপের বড় বড় সব লিগই পরিচালনা করে ফেডারেশনের বাইরের আলাদা একটা কমিটি। ফেডারেশনের নিয়ন্ত্রণ থাকে না লিগের ওপর। ‘আমরাও সেই পথে যাচ্ছি। লিগ পরিচালনার দায়িত্ব দেব ক্লাবকেই। তারাই লিগের ভালোমন্দ ঠিক করবে’—বলেছেন সালাউদ্দিন।