বাংলাদেশ লিগের ভেন্যু হতে পারে নারায়ণগঞ্জ
বাংলাদেশ লিগে গতবার বিজেএমসি নিজেদের ভেন্যু করেছিল টাঙ্গাইলকে। কিন্তু নানা সমস্যায় তারা ভেন্যুটা বাতিল করেছে। এবার ঢাকাকে ভেন্যু করার পরিকল্পনা নিয়েই এগোচ্ছিল বিজেএমসি। ১৩ নভেম্বর শুরু লিগের সূচিও চূড়ান্ত। কিন্তু শেষ মুহূর্তে এসে নতুন ভেন্যু হিসেবে উঠে এসেছে নারায়ণগঞ্জের নাম। এবার নারায়ণগঞ্জকে ভেন্যু করতে পারে বিজেএমসি। এর আগে বাংলাদেশ লিগে এক মৌসুমে নারায়ণগঞ্জ শুকতারা ক্লাবের হোম ভেন্যু ছিল নারায়ণগঞ্জ স্টেডিয়াম। কাল দুপুরে বিজেএমসির পরিচালক আরিফ খান (জয়) বলছিলেন, ‘নারায়ণগঞ্জকে আমরা ভেন্যু করছি। লিগ কমিটিকে চিঠিও দিয়েছি।’ তবে গতকালই বিকেলে বিজেএমসির একটি প্রতিনিধিদল নারায়ণগঞ্জ স্টেডিয়াম দেখে এসে পুরো খুশি হতে পারেনি। পরে আরিফ খান জানান, ‘স্টেডিয়াম ছোট। অনেক কাজ করতে হবে। ফেডারেশন ও স্থানীয়ভাবে সহায়তা করা হলে আমরা ওটাকেই ভেন্যু করব। সেটা এখনই সম্ভব না হলে লিগের দ্বিতীয় পর্বেও হতে পারে।’লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদীও সেই সম্ভাবনা দেখছেন, ‘ফেডারেশনের একটি প্রতিনিধিদল কাল (আজ) নারায়ণগঞ্জ স্টেডিয়াম দেখতে যাবে। তাদের রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেব। সংস্কার করার প্রয়োজন হলে করব। তবু আমরা চাই, বাড়তি একটি ভেন্যু হোক।’