বাংলাদেশ সফর নিয়ে অন্য কিছু ভাবেনি পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নজম শেঠি
নজম শেঠি

যখন কোনো দলই পাকিস্তান সফরে রাজি হচ্ছিল না, সেই সময় বাংলাদেশকে কোনো মতে রাজি করিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু শেষ মুহূর্তে বাংলাদেশও সেই সফরটি বাতিল করে। এখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশটির সংবাদমাধ্যমে গুঞ্জন চলছে আসছে এশিয়া কাপ এবং এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান বাংলাদেশ সফরে যাবে কি না। কিন্তু পিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, এখনো এ ব্যাপারে অন্য কিছু ভাবেনি পাকিস্তান।

২৪ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ বাংলাদেশে এশিয়া কাপের আসর বসার কথা। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নেবে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। মার্চ-এপ্রিলে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পিসিবির ভারপ্রাপ্ত প্রধান নজম শেঠি বলেছেন, ‘দুটো আয়োজনই বহুজাতিক টুর্নামেন্ট। এর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের, যারা এই টুর্নামেন্ট দুটোর আয়োজক।’

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের দেওয়া এ খবর বলা হয়েছে, বাংলাদেশের চলমান সহিংসতা ও নিরাপত্তা ঝুঁকির কারণে দেশটি থেকে এই দুটো টুর্নামেন্ট সরিয়ে নেওয়ার আশঙ্কাও আছে। খবরটিতে বাংলাদেশ সফর বাতিল করে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব ১৯ দলের দেশে ফিরে যাওয়ার ঘটনাও উল্লেখ করা হয়। যেখানে বলা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলের হোটেলের সামনে ‘বোমা’ বিস্ফোরিত হয়েছে।

শেঠি বলেছেন, প্রয়োজন দেখা দিলে চারটি দেশের ক্রিকেট বোর্ডই একসঙ্গে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেবে কী করা উচিত। তবে এখন পর্যন্ত বাংলাদেশেই এশিয়া কাপ হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাপারে আইসিসি পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে অংশগ্রহণকারী দলগুলোকে নিয়মিত সর্বশেষ অবস্থা জানাচ্ছে বলেও তিনি জানান, ‘আইসিসি যে সিদ্ধান্তই নিক, আমরা তা মেনে নেব। তবে পিসিবিও পরিস্থিতির দিকে নজর রাখবে।’

পিটিআইয়ের খবরটিতে মনে করিয়ে দেওয়া হয়েছে, ‘এ ধরনের পরিস্থিতির কারণেই পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফি ও বিশ্বকাপের আয়োজনের অধিকার হারিয়েছিল।’