বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দলে প্যাটিসন
শন টেইট ওয়ানডে থেকে সরে দাঁড়িয়েছেন। ডেভিড হাসি তাঁর প্রথম সন্তানের জন্ম মুহূর্তে স্ত্রীর পাশে থাকার জন্য ছুটি চেয়েছেন। জেসন ক্রেজার বিশ্বকাপ পারফরম্যান্সে সন্তুষ্ট নন অসি নির্বাচকেরা। রিকি পন্টিং অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর নতুন অধিনায়ক মাইকেল ক্লার্কের নেতৃত্বে বিশ্বকাপ স্কোয়াডের এই তিন ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশ সফরে আসছে সদ্যই ‘সিংহাসন হারানো’ অস্ট্রেলিয়া ক্রিকেট দল।আজ বুধবার, বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজের জন্য অস্ট্রেলিয়ার যে দলটি ঘোষিত হয়েছে তা কিন্তু চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে। কারণ এই দলে রয়েছেন ব্রেট লি, রিকি পন্টিং, মাইক হাসি। আরো রয়েছেন, শেন ওয়াটসন ব্র্যাড হাডিন, ক্যামেরন হোয়াইটের মতো তারকারা।অস্ট্রেলিয়া দলে নতুন মুখ বলতে জেমস প্যাটিসন। তিনি এই মুহূর্তে অস্ট্রেলিয়ার অন্যতম আগ্রহ জাগানিয়া ফাস্ট বোলার। শন টেইট ওয়ানডে থেকে অবসর নেওয়ায় প্যাটিসনের জন্য খুলে গেছে আন্তর্জাতিক ক্রিকেটের দরজা।প্যাটিসন সম্পর্কে যথেষ্টই উচ্ছাস ঝড়ে পড়ল অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক অ্যান্ড্রু হিলডিচের কণ্ঠে। তিনি বলেছেন, ‘প্যাটিসন এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট সমীহ জাগিয়েছে। আমরা আশা করি, সে আন্তর্জাতিক ক্রিকেটেও নিজের প্রতিভার দ্যূতি ছড়িয়ে দিতে পারবে।’বিশ্বকাপে অস্ট্রেলিয়ার স্পিন বিভাগ সামলেছেন জেসন ক্রেজা। তবে তাঁর পারফরম্যান্সে যে অস্ট্রেলীয় নির্বাচকেরা খুশি নন, তার প্রমাণ, হাভিয়ের ডোহার্টির প্রত্যাবর্তন। বিশ্বকাপের ঠিক আগ দিয়ে পিঠের ব্যথার কারণে দল থেকে বাদ পড়েছিলেন ডোহার্টি। ইনজুরিমুক্ত হওয়ার কারণে বাংলাদেশের বিপক্ষে দলের স্পিন আক্রমণের নেতৃত্ব তাঁর হাতেই তুলে দিয়েছেন অসি নির্বাচকেরা।অস্ট্রেলিয়া দল আগামী ৩ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে। ৯, ১১ ও ১৩ এপ্রিল ঢাকার শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ।বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়া দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), শেন ওয়াটসন, রিকি পন্টিং, মাইক হাসি, ব্রেট লি, টিম পাইন, কালাম ফার্গুসন, ব্র্যাড হাডিন, জন হাস্টিংস, মিচেল জনসন, স্টিভ স্মিথ, হাভিয়ের ডোহার্টি, ক্যামেরন হোয়াইট, জেমস প্যাটিসন।