বাংলাদেশ সফরে নেই কেমার রোচ
বাংলাদেশ সফরে আসা হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার কেমার রোচের। তিন সপ্তাহ আগে বারবাডোজে এ ক্লাব ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন তিনি। সেই ইনজুরি শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়াল গত এক বছরে সবচেয়ে সফল এই ক্যারিবীয় বোলারের বাংলাদেশ সফরে।বাংলাদেশ সফরের ঘোষিত দলে ছিলেন রোচ। হাঁটুর ইনজুরি থেকে সেরে উঠতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলেন তিনি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ দলের ফিজিও সিজে ক্লার্ক জানিয়েছেন, বাংলাদেশ সফরে যাওয়ার মতো ফিটনেস রোচ এখনো অর্জন করতে পারেননি। ৩ নভেম্বর বাংলাদেশের উদ্দেশে ক্যারিবীয় ত্যাগ করবে ওয়েস্ট ইন্ডিজ দল।বাংলাদেশ সফরে কেমার রোচের পরিবর্তে দলে ঢুকছেন আরেক ফাস্ট বোলার ফিদেল অ্যাডওয়ার্ডস। রোচকে হারানো দলের জন্য দুঃসংবাদ হিসেবেই আখ্যায়িত করেছেন ওয়েস্ট ইন্ডিজ দলের কোচ ওটিস গিবসন। তিনি বলেছেন, ‘ইনজুরির কারণে আমরা আমাদের সবচেয়ে সফল উইকেটশিকারিকে বাংলাদেশ সফরে পাচ্ছি না।’ রোচ গত এক বছরের মাত্র সাতটি টেস্ট খেলে ২২.২৫ গড়ে ৩৯টি উইকেট দখল করেছেন।বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবে। ১৩ নভেম্বর ঢাকায় ও ২১ নভেম্বর খুলনায় শুরু হবে টেস্ট দুটি। টেস্ট সিরিজের পরপরই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। রয়টার্স।