বাংলাদেশ সফরে পাকিস্তানের 'বাড়তি সমস্যা'

আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠেয় এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে নানা কথা হচ্ছে সাম্প্রতিক সময়ে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবার ব্যাখ্যা দিয়েছে কেন অংশগ্রহণ নিয়ে তারা চিন্তিত। সফর অনিশ্চয়তার ক্ষেত্রে জামায়াতের নেতা কাদের মোল্লার ফাঁসি কোনো প্রভাব ফেলেছে কি না, সে প্রসঙ্গও এসেছে এখানে। কিন্তু পিসিবির অন্তর্বর্তী প্রধান নজম শেঠি এ ব্যাপারে সরাসরি না বললেও তেমনই ইঙ্গিত দিয়েছেন।
পাকিস্তানি দৈনিক ‘এক্সপ্রেস ট্রিবিউন’ লিখেছে, কাদের মোল্লার ফাঁসির পর পাকিস্তান ও বাংলাদেশের কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়েছে পাকিস্তানের বাংলাদেশ সফরের ওপর। সরাসরি এ ব্যাপারে মন্তব্য না করলেও পরোক্ষভাবে নজম শেঠিও বুঝিয়ে দিয়েছেন, পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষের ক্ষুব্ধ মনোভাবের কারণে বাংলাদেশ সফর তাঁদের জন্য ‘বাড়তি সমস্যা’ এনে দেবে, ‘অন্য দলের জন্য বাংলাদেশে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের বাড়তি কিছু সমস্যা মোকাবিলা করতে হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের বাড়তি নিরাপত্তা দিতে হবে। আমাদের অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশের পরিস্থিতি ভালোভাবে পরখ করতে হবে।’
আগামী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলে বিষয়টি তুলবেন শেঠি। এ ব্যাপারে তিনি বলেন, ‘আগামী মাসের ৪ তারিখে অনুষ্ঠেয় সভায় যোগ দিতে যাব। সেখানে বিষয়টি ওঠানো হবে। যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে।’ সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন।