বাংলাদেশ সফরের কিউই দলে দুই নতুন

টেস্ট দলে দুই নতুন খেলোয়াড়কে নিয়ে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। দুই নতুন মুখ লেগ স্পিনার ইশ সোধি ও ব্যাটিং অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনসহ ১৫ সদস্যের টেস্ট দলের নাম ঘোষণা করেছে কাল নিউজিল্যান্ড। আগামী মাসে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও সম্ভাব্য একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড।
তবে নিউজিল্যান্ড আসছে অভিজ্ঞ তিন ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টোরি, মার্টিন গাপটিল ও টিম সাউদিকে দেশে রেখেই। চোটই তাঁদের ছিটকে দিয়েছে। অ্যাঙ্কেলে অস্ত্রোপচার হওয়া এই ত্রয়ীর অন্যতম সাউদি অবশ্য সফরের শেষ দিকে দলে যোগ দিতে পারেন। তবে গোড়ালির চোটে জেরবার সাবেক অধিনায়ক ভেট্টোরি এই সফর তো বটেই, খেলতে পারবেন না পুরো আগামী মৌসুমটাই। গাপটিল ভুগছেন অ্যাঙ্কেলের সমস্যায়। সর্বশেষ ইংল্যান্ড সফরের দল থেকে কাউকেই বাদ দেওয়া হয়নি।
ভারতীয় বংশোদ্ভূত সোধি ও অ্যান্ডারসন দুজনই ঘরোয়া ক্রিকেট খেলেন নর্দার্ন ডিস্ট্রিক্টসের হয়ে। ২০ বছর বয়সী সোধি এ পর্যন্ত ১২টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ৪৮.৪০ গড়ে উইকেট পেয়েছেন ২২টি। নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে সাম্প্রতিক ভারত সফরে অবশ্য ভালো করতে পারেননি এই লেগ স্পিনার—১৬৯ রান দিয়ে নিয়েছেন মাত্র ২টি উইকেট। তবে নির্বাচকেরা তাঁর ধারাবাহিকতা ও বাংলাদেশের স্পিনসহায়ক কন্ডিশনের কথাটা বিবেচনা করেছেন। কোচ মাইক হেসন মনে করছেন মূল স্পিনার ব্রুস মার্টিনের সঙ্গে সোধির জুটিটা কার্যকরই হবে, ‘বাংলাদেশ সফরটা প্রতিশ্রুতিশীল এক স্পিনারকে পরিচয় করিয়ে দেওয়ার দারুণ এক সুযোগ।

দলে দুই বিশেষজ্ঞ স্পিনার থাকায় উইকেট কাজে লাগানোর সুযোগ থাকবে। উইকেটে বল ঘোরারই কথা।’
সোধির মতো অ্যান্ডারসন অবশ্য নিউজিল্যান্ড দলে আনকোরা নন। ২২ বছর বয়সী এই ক্রিকেটার এরই মধ্যে নিউজিল্যান্ডের হয়ে একটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলেছেন। নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে সাম্প্রতিক ভারত সফরে একটি সেঞ্চুরি করেছেন বাঁহাতি অলরাউন্ডার।
বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার লক্ষ্যে ২২ সেপ্টেম্বর থেকে শ্রীলঙ্কায় প্রশিক্ষণ শিবির করবে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কা থেকেই বাংলাদেশে এসে চট্টগ্রাম (৯-১৩ অক্টোবর) ও ঢাকায় (২১-২৫ অক্টোবর) দুটি টেস্ট খেলবে দলটি। এএফপি, ক্রিকইনফো।
নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর
৪-৬ অক্টোবর ৩ দিনের প্রস্তুতি ম্যাচ চট্টগ্রাম
৯-১৩ অক্টোবর ১ম টেস্ট চট্টগ্রাম
২১-২৫ অক্টোবর ২য় টেস্ট মিরপুর
২৯ অক্টোবর ১ম ওয়ানডে মিরপুর
১ নভেম্বর ২য় ওয়ানডে মিরপুর
৪ নভেম্বর ৩য় ওয়ানডে ফতুল্লা
৬ নভেম্বর একমাত্র টি-টোয়েন্টি সিলেট