বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর চার দিন পরই বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। ৫ ম্যাচের এই ওয়ানডে সিরিজের দলও ঘোষণা করেছে সফরকারীরা। দলে নতুন মুখ রায়ান বাটারওর্থ। ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলার পুরস্কার হিসেবেই প্রথমবারের মতো জাতীয় দলে। মূলত ব্যাটসম্যান হলেও নর্থ ল্যাঙ্কাশায়ার লিগে হোয়াইটহ্যাভেনের হয়ে ১ হাজারের বেশি রান করেছেন, পাশাপাশি বল হাতে নিয়েছেন ৪০ উইকেট। জিম্বাবুয়ের ফার্স্ট ক্লাস ক্রিকেটেও ভালো খেলেছেন। দলে ফিরেছেন পেসার কিগান মেথ ও স্পিনার রেমন্ড প্রাইস। ২২ বছর বয়সী মেথের অভিষেক হয়েছিল চার বছর আগে। পাঁচটি ওয়ানডে খেললেও দলে জায়গা করে নিতে পারেননি। চার বছর পর দলে ডাক পড়ল তাঁর। প্রাইস দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটায় খেলেননি অসুস্থ বাবার পাশে থাকার কারণে। সপ্তাহ তিনেক আগে অবশ্য তাঁর বাবা টিম মারা গেছে। পিতৃবিয়োগের শোক নিয়েই বাংলাদেশে আসছেন এই স্পিনার।জিম্বাবুয়ে দলে নাম নেই গ্রান্ট ফ্লাওয়ারের। ছয় বছর পর দলে ডাক পেয়েছিলেন ফ্লাওয়ার ভাইদের ছোটজন। দক্ষিণ আফ্রিকা সিরিজে দুই ম্যাচে তেমন কিছু করে দেখাতে পারেননি (১৩ ও ২২)। বোঝাই যাচ্ছে, জিম্বাবুয়ের বিশ্বকাপ ভাবনা থেকে ছিটকে গেছেন ফ্লাওয়ার।বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সফরে আসছে জিম্বাবুয়ে। সিরিজের প্রথম ম্যাচ ১ ডিসেম্বর, মিরপুরে। এর আগে ২৯ নভেম্বর একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলবে তারা। জিম্বাবুয়ে দল: এলটন চিগুম্বুরা (অধিনায়ক), টাটেন্ডা টাইবু, ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস, হ্যামিল্টন মাসাকাদজা, শিঙ্গিরাই মাসাকাদজা, চামু চিবাবা, রেমন্ড প্রাইস, রায়ান বাটারওর্থ, ক্রেইগ আরভিন, প্রসপার উতসেয়া, কিথ দেবেংওয়া, ক্রিস্টোফার পোফু, কিগান মেথ।